পাকিস্তানকে যা ফিরিয়ে দেওয়া যায়
রাজাকার
রাজাকাররা পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পদ। যে কারণে এ দেশে রাজাকারদের বিচার হলে তারা রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে অভিযোগ তোলে। তারা যেন আর অভিযোগ তুলতে না পারে, সে জন্য অতি শিগগির রাজাকারদের ফিরিয়ে দেওয়া উচিত।
পাকিস্তানভক্ত
স্টেডিয়ামে ‘ম্যারি মি আফ্রিদি’ বলে যারা গলা ফাটায় কিংবা বাংলাদেশের বিপক্ষে খেলার সময় পাকিস্তানকে যারা সমর্থন করে, তারাও পাকিস্তানের ‘মানবসম্পদ’। এই সম্পদদের ফিরিয়ে দিলে বাংলাদেশেরও লাভ।
বাঁশের কেল্লা পেজের অ্যাডমিন
বাঁশের কেল্লা নামক ফেসবুক পেজটি পাকিস্তানের জন্য বারবার আঘাত সহ্য করছে। পেজটি আজ ব্যান করলে পরদিনই নতুন উদ্যমে আবার শুরু করে তাদের ‘সাইবার লড়াই’। বাংলাদেশে বসেই পাকিস্তানের গুণগান গাইতে গাইতে খরচ হয়ে যায় তাদের ‘অফুরন্ত’ মেগাবাইট। এত কষ্ট না করে বাঁশের কেল্লার অ্যাডমিনদের পাকিস্তানে পাঠিয়ে দিলেই হয়ে যায়।
স্মৃতিকাতর আদমি
আড্ডায় কেউ একজন বলল, ‘জিনিসপত্রের কী দাম রে ভাই!’ পাশ থেকে কেউ যদি বলে ওঠেন, ‘এই দেশে মানুষ থাকে! পাকিস্তান আমলে কত ভালো ছিলাম! পুকুরে এক ফুট সাইজের ইলিশ-বোয়াল পাওয়া যাইত, ভেজাল বলে কিছু ছিল না।’ তখনই ধরে নেবেন এই ‘আদমি’ বড় স্মৃতিকাতর। স্বাধীন বাংলাদেশে বাস করলেও তার দিলটা পড়ে থাকে পাকিস্তানে। দিল থাকবে পাকিস্তানে, শরীর থাকবে বাংলাদেশে, এটা কেমন করে হয়! অতএব, তাদেরও পাকিস্তানের টিকিট ধরিয়ে দেওয়া যায় নিঃসন্দেহে।