পাকিস্তানি সেনাবাহিনীর নতুন কৌশল
সন্দেহের তীরটা আগেই তাক করা ছিল। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গী হওয়ার পর থেকেই পাকিস্তান সেনাবাহিনীর একাংশের বিরুদ্ধে ধর্মীয় উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠতে থাকে। গত মে মাসে ওসামা বিন লাদেন খোদ অ্যাবোটাবাদের অভিজাত সেনা গ্যারিসন চৌহদ্দির কাছেই মার্কিন কমান্ডোদের হাতে নিহত হলে পাকিস্তান সেনা কর্তৃপক্ষের আর মুখ লুকানোর জায়গা ছিল না।পেন্টাগনের বিশ্বাস, বিশেষ করে পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মধ্যকার লাদেন সমর্থকেরাই তাঁকে বাঁচিয়ে এসেছেন। এই প্রেক্ষাপটে জেনারেল আশফাক কায়ানির সেনাবাহিনী এখন নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে ব্যস্ত। নিজেদের জনসংযোগ বিভাগের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে তারা। তালেবান অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত সোয়াতে সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী একটি নতুন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। এখানে তারা বিভিন্ন অভিযানে আটক ধর্মীয় উগ্রবাদীদের প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে উদার পথে নিয়ে আসার চেষ্টা করছে। ৩৫ বছর বয়সী সাবেক তালেবান সদস্য আনোয়ার শাহ এসব সংশোধিত উগ্রবাদীর একজন। সম্প্রতি ধরা পড়ার পর থেকে তিনি রয়েছেন সেনাবাহিনী পরিচালিত একটি পুনর্বাসন ক্যাম্পে। সেখানে আনোয়ার ইতিমধ্যেই পার করেছেন ১১টি ব্যস্ত সপ্তাহ। কম্পিউটার প্রশিক্ষণ থেকে শুরু করে, ধর্মীয় শিক্ষা এমনকি শিল্প-সাহিত্য নিয়েও জ্ঞান অর্জন করছেন। ‘সেনা সদস্যরা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। বিভিন্ন কাজের ওপর প্রশিক্ষণ দিয়ে তারা আমাদের উপকার করেছেন। এতে করে কারাবাস শেষে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব’—আনোয়ার শাহর কণ্ঠে পাক সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতাই ঝরে পড়ল। আটক জঙ্গিদের প্রশিক্ষণের পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনী আরও বিভিন্ন দিকে নিজেদের জনসংযোগের উদ্যোগ প্রসারিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর অব্যাহত হস্তক্ষেপের ঘোর বিরোধী ও কট্টর সমালোচকদের এসব সেমিনারে অতিথি হিসেবে আমন্ত্রণ করছে সেনাবাহিনী। সম্প্রতি মিঙ্গোরাতে এমনই একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। এতে অন্যতম অতিথি ছিলেন রাজনৈতিক বিশ্লেষক রসুল বকস রাহী। রসুল বকস বরাবরই পাকিস্তান সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলানো ও নিজেদের রাজনৈতিক শক্তির প্রতি হুমকি হিসেবে জাহির করার সমালোচক ছিলেন। তিনি এই সেমিনারে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বিতর্কে অংশ নেন। পুরো ব্যাপারটির চেহারা ছিল বেশ গণতান্ত্রিক, যা পাকিস্তান সেনাবাহিনীর এত দিনের চেহারার সঙ্গে ঠিক মেলে না।রসুল বকস বলেন, এ সেমিনারে অংশ নিয়েছেন বিদেশের অনেক বিদগ্ধ রাজনৈতিক ও সমাজ বিশ্লেষক। পাকিস্তান সেনাবাহিনী জানে, বিদেশি অতিথিরা এ সেমিনার থেকে একটা ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে যাবেন। রাজনৈতিক হস্তক্ষেপ ও জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার যে ভাবমূর্তি পাকিস্তান সেনাবাহিনীর গড়ে উঠেছে, তাদের মাধ্যমে এ ভাবমূর্তি থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। মিঙ্গোরার সেমিনারে যোগ দেওয়া আরেক বিশিষ্টজন হাসান আসকারি রিজভীর মতে, ‘এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী নিজেদের একটা গণতান্ত্রিক আবহ ও জবাবদিহির মধ্যে আনতে চাচ্ছে। নিজেদের একটা নতুন ভাবমূর্তি তৈরি করতে চাচ্ছে তারা। এতে এক ঢিলে দুই পাখি মারা হবে। পশ্চিমা বিশ্ব জানবে, পাকিস্তানি সেনাবাহিনী এখন নিজেদের পরিবর্তন করছে। তারা আর তালেবানের পৃষ্ঠপোষক নয়। অন্যদিকে দেশের মানুষও মনে করবে, চিরদিন পাশ্চাত্যের ধামাধরাগিরি করা সেনাবাহিনী অবশেষে স্বকীয় অবস্থান তৈরিতে সচেষ্ট হয়েছে।’ বিবিসি অবলম্বনে, নাইর ইকবাল