পাকিস্তানের ঘরের শত্রু
উগ্রপন্থার বিরোধিতা করায় প্রাণ দিলেন পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের গভর্নর সালমান তাসির। এ ঘটনার একটি লক্ষ্যণীয় দিক হচ্ছে, গভর্নর নিহত হয়েছেন তাঁর দেহরক্ষীর গুলিতে। কিন্তু এর চেয়েও হয়তো বেশি ধাক্কা দেওয়া তথ্যটি হলো সালমান তাসিরের হত্যাকারী হিসেবে অভিযুক্ত মালিক মুমতাজ কাদরি (২৬) ‘এলিট পুলিশ’ বাহিনীর সদস্য। এই বিশেষ পুলিশ বাহিনী থেকেই গভর্নরের দেহরক্ষীদল মোতায়েন করা হয়েছিল। মুমতাজ কাদরির ধর্মীয় দৃষ্টিভঙ্গি বেশ কট্টরপন্থী ছিল বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। বিতর্কিত ব্লাসফেমি (ধর্মদ্রোহিতা) আইন নিয়ে পাঞ্জাবের গভর্নর তাসিরের সম্পূর্ণ বিপরীত মনোভাব ছিল কাদরির। দৃষ্টিভঙ্গির দিক থেকে গভর্নরের ঠিক বিপরীত মেরুতে অবস্থানকারী একজনকেও দেহরক্ষীর দায়িত্ব পালন করতে দেওয়া পাকিস্তানের সামরিক বাহিনী ও পুলিশের মধ্যে ইসলামী চরমপন্থা কতটা ডালপালা মেলেছে তারই প্রমাণ।১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এলিট পুলিশ পাঞ্জাবের পুলিশ বাহিনীর একটি শাখা। ওই প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এই বাহিনী প্রতিষ্ঠা করেন। শাহবাজের পরিবারই এখন পাকিস্তানে ক্ষমতাসীন পিপলস পার্টির বিরোধী পক্ষের কেন্দ্রীয় অংশ। ওই পরিবারেরই সদস্য তাসির।‘এলিট পুলিশের’ দায়িত্ব মূলত সন্ত্রাসবাদ ঠেকানো ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে শাহবাজ শরিফের পরিবারের শাসনামলে মূলত ক্ষমতাসীনদের স্বার্থরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বেই নিয়োজিত থেকেছে এই বাহিনী। ২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কার ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর বাহিনীটির দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। ওই হামলায় শ্রীলঙ্কার ক্রিকেট দলের ছয় সদস্য আহত এবং তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্য নিহত হন।এই বিশেষ বাহিনীর জন্য নির্বাচিত পুলিশ সদস্যরা পাঞ্জাবের রাজধানী লাহোরে একটি আলাদা একাডেমিতে প্রশিক্ষণ নেন। এমনকী এলিট ফোর্সের জন্য আলাদা মহাপরিদর্শক (আইজি) রয়েছেন। তিনি প্রাদেশিক পুলিশ মহাপরিদর্শকের কাছে জবাবদিহি করেন। তাসিরের দেহরক্ষী কাদরি ২০০২ সালে নিয়মিত পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০০৭ সালে তাঁকে এলিট পুলিশের সদস্য হিসেবে পদোন্নতি দেওয়া হয়। হত্যাকাণ্ডের আগে সাত মাস তাসিরের দেহরক্ষী দলের সদস্য ছিলেন কাদরি।১৯৮৫ সালে রাওয়ালপিন্ডিতে জন্ম কাদরির। তাঁর বাবা ছিলেন সবজি বিক্রেতা। দাওয়াত-ই-ইসলাম নামের অরাজনৈতিক একটি ধর্মীয় সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরির নামের সঙ্গে মিলিয়ে মুমতাজ কাদরির নাম রাখা হয়। ওই সংগঠনটি ১৩০ বছরের পুরোনো বেরেলভি মতাদর্শে বিশ্বাসী। এই মতাদর্শের অনুসারীরা প্রথাগত ও কট্টরপন্থী ইসলামি ধারার পক্ষপাতী। গভর্নর তাসিরকে হত্যার পর সর্বপ্রথম কাদরিকে অভিনন্দন জানানোদের মধ্যে ছিলেন বারেলভি গোষ্ঠীর নেতারা। তাসিরের জানাজায় অংশ না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন তাঁরা।রাওয়ালপিন্ডির পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের অনেক আগেই কাদরি জানিয়েছিলেন তিনি দাওয়াত-ই-ইসলামির সদস্য। সংগঠনটি ব্লাসফেমি আইন রদে তাসিরের পদক্ষেপের বিরোধিতা করে আসছিল। পাকিস্তানের কঠোর ব্লাসফেমি আইন অনুযায়ী ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের অবজ্ঞা প্রদর্শন করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দেশটিতে প্রায়ই এ আইনের অপব্যবহারের অভিযোগ ওঠে। পুলিশ জানিয়েছে, কাদরি প্রায়ই দাওয়াত-ই-ইসলামির বৈঠকে হাজিরা দিতেন এবং তিনি এর শিক্ষায় বেশ প্রভাবিত হয়েছিলেন। সংগঠনের কোনো পদে না থাকলেও তিনি প্রায়ই সবুজ রঙের একটি পাগড়ি পরতেন। সিএনএন জানিয়েছে, দাওয়াত-ই-ইসলামের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য ২০০৪ সালে কাদরিকে একবার গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। হত্যাকাণ্ডের পরপর একটি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে কাদরি বলেন, তাসির মহানবী (স.)-এর প্রতি অবজ্ঞা দেখিয়েছিলেন বলে তাঁকে হত্যা করেছেন তিনি।যাঁকে রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকেই হত্যা করার মাধ্যমে পাকিস্তানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটানো সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ডের নজির স্থাপন করেছেন কাদরি। এই ঘটনার পর কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ থেকে অবশ্য মনে হচ্ছে তাঁরা ঘরের নিরাপত্তা নিশ্চিত করায় উদ্যোগী হয়েছেন। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই এলিট ফোর্সের পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।কাদরি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে চরমপন্থীদের যোগাযোগ থাকার একমাত্র উদাহরণ নন। নিউইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িতে বিস্ফোরণ ঘটানোর চেষ্টার ঘটনায় গ্রেপ্তার পাকিস্তানি- আমেরিকান ফয়সাল শেহজাদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর এক মেজরের যোগাযোগ থাকার অভিযোগ পাওয়া গেছে। ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে পাক সামরিক বাহিনীর সদর দপ্তরে যে হামলা চালানো হয় তার নেতৃত্বে একজন সাবেক সেনা সদস্য ছিলেন বলে জানা গেছে। একই বছরের একটি আত্মঘাতী হামলার পর জানা যায় হামলাকারী ফ্রন্টিয়ার কোরের সদস্য।পাকিস্তানের নিরাপত্তা বাহিনীগুলোয় ধর্মভাব, গোঁড়ামি বা চরমপন্থা কতটা গভীরে শেকড় গেড়েছে— এ প্রশ্নের জবাবে সম্প্রতি আফগান সীমান্তে দায়িত্ব পালন করে আসা এক পাক সেনা কর্মকর্তা বলেন, নতুন নিয়োগ পাওয়া সেনা সদস্যদের মনোভাব অনেক বেশি ধর্মীয় অনুভূতিতে আচ্ছন্ন বলে তাঁর কাছে মনে হচ্ছে। ওই কর্মকর্তা বলেন, ‘ চারপাশে অনেক দাড়িওয়ালা সেনা সদস্য দেখেছি আমি। সক্রিয় দায়িত্বে না থাকার সময় তাঁদের অনেকেই টুপি পরে তসবিহ জপেন।’লাহোরের পুলিশ কর্মকর্তা রোমালি আক্রামের মতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর উপায় নেই। কারণ ‘পুলিশ বিভাগ পাকিস্তানের সমাজেরই একটি ক্ষুদ্র অংশ। এই সমাজের একটি বড় অংশ রক্ষণশীল ও কট্টর ইসলামী ভাবধারার প্রতি আগ্রহী হয়ে পড়েছে। পুলিশ বাহিনীও এর বাইরে নয়।’পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক কোনো পরীক্ষা না থাকাকে একটি বড় সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেন আক্রাম। লাহোরের আরেকজন পুলিশ কর্মকর্তা নাসির রিজভি অবশ্য মনে করেন কট্টরপন্থা নয়, পাকিস্তানের পুলিশ বাহিনীর মূল সমস্যা পেশাদারিত্বের অভাব। রিজভীর ভাষায়: ‘মূল সমস্যা হচ্ছে এই বাহিনীতে এখনো সে অর্থে পেশাদারিত্ব কায়েম হয়নি। আমরা এখনো কাজের ক্ষেত্রে পেশাদারিত্বের নীতিকে সবকিছুর ওপরে স্থান দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারিনি। পাকিস্তানের মতো দরিদ্র সামাজিক কাঠামোতে ধর্মীয় বিশ্বাস অনেক কর্মকাণ্ডকেই প্রভাবিত করে।’