খবর: বাংলাদেশে তাদের ‘অনাদায়ি ফেলে যাওয়া সম্পদ’ ফেরতের দাবি করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। দেশটি এর আর্থিক মূল্য নির্ধারণ করেছে ৯২১ কোটি রুপি। (সূত্র: প্রথম আলো, ১৬ নভেম্বর ২০১৬)
তারিখ: .../.../...
বরাবর
যার জন্য প্রযোজ্য
বিষয়: অর্থ সাহায্যের আবেদন।
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি ৪৫ বছর আগে আপনাদের কাছে পরাজিত রাষ্ট্র পাকিস্তানের একজন প্রতিনিধি। ১৯৭১ সাল পর্যন্ত আপনাদের তথা বাংলাদেশের নাগরিকদের প্রতি অবর্ণনীয় অত্যাচার আমরা করেছি। এই অন্যায়ের জন্য যে ক্ষমা চাইব, সে সাহস আমরা এত বছরেও অর্জন করতে পারিনি। আজ আমাদের বড় দুর্দিন। চরম অর্থ সংকটে আমাদের পেয়ারা পাকিস্তান আজ ভয়াবহ রকমের বিপর্যস্ত। সংকট এতই তীব্র যে দিগ্বিদিক ছোটাছুটি করছি আমরা। একটা সময় আমাদের টাকা ছিল, লজ্জা ছিল না। দুঃখের বিষয়, এখন কোনোটাই নেই।
আমাদের শিল্পীরা বলিউডে খ্যাপ মেরে বৈদেশিক মুদ্রা অর্জন করত, সেটাও এখন হুমকির মুখে। একইভাবে মুখ থুবড়ে পড়েছে আমাদের জঙ্গিশিল্পটিও। টাকা নেই, ফলে জঙ্গি অর্থায়ন করতে পারছি না আমরা। অথচ ছাগল, থ্রি-পিসের মতো এটাও আমাদের অন্যতম রপ্তানিপণ্য।
আমরা জানি, বাংলাদেশ এখন সচ্ছল। ফলে এই চরম সংকটে আপনাদের কাছে হাত পেতেছি আমরা। এই বিপদে যদি কিছু আর্থিক সাহায্য করেন, তাহলে চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের কত টাকা কত পয়সা শ্রীলঙ্কা, ফিলিপাইনে পড়ে আছে, সামান্য কিছু দিলে কিছুই যাবে-আসবে না, কিন্তু আমরা বেঁচে থাকতে পারব। জানি, আপনারা মহান। এত অত্যাচার, ষড়যন্ত্র করেছি আপনাদের বিরুদ্ধে, আপনারা কখনো কিছু বলেননি। উল্টো আমাদের ক্রিকেটারদের খেলার সুযোগ দিয়েছেন, অবাধে এসেছে সেমাই, থ্রি-পিস, ফ্যান। আপনারা শুরু থেকেই ‘পাপকে ঘৃণা করো, পাপীকে নয়’—চেতনা নিয়ে সামনে এগিয়েছেন। তাই আপনারাই আমাদের ভরসা।
অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, ‘পাওনা টাকা’ শিরোনামে উক্ত অর্থ দান করে আমাদের পাশে এসে দাঁড়ান। অসহায় জাতির সহায় হয়ে বাধিত করুন।
বিনীত
বিশেষ প্রতিনিধি
ইসলামি প্রজাতন্ত্রী পাকিস্তান