পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে নতুন জোয়ার
সবচেয়ে ভালো সময়েও পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছিল। উদ্বেগের প্রধান কারণ ওই অস্ত্রসম্ভার ‘দায়িত্বজ্ঞানহীন ও একরোখা’ জঙ্গিবাদীদের হাতে পড়ার আশঙ্কা। এখন তো আরও বিপজ্জনক সময়। সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের দুই মিত্র ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে নজিরবিহীন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তথ্য পাওয়া গেল, পরমাণু কর্মসূচির গতি অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে পাকিস্তান।নিউজ উইক পত্রিকা একটি নতুন বাণিজ্যিক স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে দেখেছে পাকিস্তান বেশ ‘আগ্রাসী’ মনোভাব নিয়ে তার খুসাব পারমাণবিক স্থাপনার কাজ এগিয়ে নিচ্ছে। রাজধানী ইসলামাবাদ থেকে ১৪০ মাইল দক্ষিণের ওই স্থাপনাটিতে শিগগিরই চতুর্থ অপারেশনাল চুল্লি বসানো হবে, যা সম্ভাব্য পরমাণু অস্ত্রের জন্য প্লুটোনিয়াম উৎপাদন অনেক বাড়িয়ে দেবে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এর প্রমাণ পেয়েছেন।ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির পল ব্র্যানন বলেন, ‘পাকিস্তান যে গতিতে খুসাব পারমাণবিক স্থাপনার কাজ চালিয়ে যাচ্ছে, তা চোখে পড়ার মতো।...আর এটা নিয়ে যুক্তরাষ্ট্র বা পাকিস্তান সরকারের কেউই যে কোনো কথা বলছে না তা রহস্যজনক—বিশেষত বর্তমান সময়ের কথা বিবেচনা করলে।’যুক্তরাষ্ট্রের ভাষায় দুই ‘বেয়াড়া রাষ্ট্র’ ইরান ও উত্তর কোরিয়া এ পর্যন্ত পরমাণু অস্ত্র তৈরির পথে খুব বেশি দূর যেতে পারেনি। ইরান এখনো উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারেনি। দেশটি অবশ্য বলে আসছে তার কর্মসূচির উদ্দেশ্য একান্তই শান্তিপূর্ণ। অন্যদিকে উত্তর কোরিয়া প্লুটোনিয়াম উৎপাদন করলেও পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পর্যায়ে পৌঁছেনি। কিন্তু ইতিমধ্যেই ঘোষিত পরমাণু অস্ত্রের অধিকারী পাকিস্তান অনিয়ন্ত্রিতভাবে তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে।সাবেক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী এরিক ইকেলম্যান খোলাখুলিভাবে বলেন, ‘একটা পর্যায়ে পাকিস্তানের ফ্রান্সকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা খুবই চমকপ্রদ।’পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, ভারতের হুমকির জবাব হিসেবেই খুসাব স্থাপনার কাজ চলছে। তাদের যুক্তি, ভারতের সামরিক শক্তি অনেক বেশি বলে পারমাণবিক অস্ত্রই পাকিস্তানের একমাত্র ভরসা।এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর ও ‘নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ’ এর যুগ্ম সভাপতি স্যাম নান বলেন, ‘এটা স্রেফ পাকিস্তান ও ভারতের মধ্যকার ইস্যু মনে করলে তা বাস্তবতা-বর্জিত হবে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ৪০ বছর স্নায়ুযুদ্ধ চলেছে। অনেকবার বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা। এ থেকে দেশ দুটি শিক্ষা নিয়েছে। পাকিস্তান ও ভারতের মধ্যেও বেশ কিছু সময় এসেছিল, যা ছিল খুব বিপজ্জনক। কিন্তু সব ঘটনা থেকে তারা শিক্ষা নেয়নি। অথচ আজ দুনিয়াতে প্রতিরক্ষার ধারণাই পাল্টে গেছে। এখন পুরো বিশ্ব জানে, পরমাণু অস্ত্র কর্মসূচি ভয়ংকর রকম বিপজ্জনক।’পাকিস্তানের পরমাণু কর্মসূচির আরেকটি বিপদ হচ্ছে, তারা ফিসাইল ম্যাটেরিয়াল বা বোমার ‘জ্বালানিও’ মজুদ করছে। এ ছাড়া তাদের নিজেদের মাটিতে কাঁচামাল ইউরেনিয়াম মেলে। ইউরেনিয়াম সমৃদ্ধ করায় কয়েক দশকের প্রযুক্তিজ্ঞান পাকিস্তানের বড় সম্পদ। এ কারণে তাদের পক্ষে বড় ধরনের বোমার ভান্ডার গড়ে তোলা সহজ।হোয়াইট হাউস এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও পরমাণু ইস্যু নিয়ে কাজ করেন এমন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, গোয়েন্দাদের তথ্যমতে, পাকিস্তান এরই মধ্যে ১০০টিরও বেশি ওয়ার হেড বা যুদ্ধাস্ত্র তৈরির মতো যথেষ্ট ফিসাইল ম্যাটেরিয়াল উৎপাদন করেছে। তারা এ দিয়ে বছরে আট থেকে ২০টি অস্ত্র তৈরি করতে সক্ষম। ওই কর্মকর্তা বলেন, এতে কোনো সন্দেহ নেই যে এটাই বিশ্বে সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে চলা পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি।অস্থিতিশীল পাকিস্তানের পরমাণু অস্ত্র বা ফিসাইল ম্যাটেরিয়াল ‘ভুল হাতে’ চলে যেতে পারে বলে আশঙ্কা বিশ্বনেতাদের। নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কোন্নয়নে গোপন কূটনীতি চালিয়ে যাচ্ছেন মনসুর ইজাজ। তিনি বলেন, পাকিস্তানের ফিসাইল ম্যাটেরিয়াল কীভাবে ব্যবহার বা স্থানাস্তর করা হবে সে ব্যাপারে কোনো স্বচ্ছতা বা জবাবদিহি নেই। আর তাদের কাছে উল্লেখযোগ্য পরিমাণে এ জিনিসটি রয়েছে, যা সত্যিই উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। ওসামা বিন লাদেনকে পাকিস্তানে পাওয়া যাওয়া এবং লস্কর-ই-তাইয়েবার মতো জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি উদ্বেগ আরও বাড়িয়েই দেয়। যুুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক শ্যারন স্কুয়াসোনি বলেন, ৩০ বছর ধরে বিকাশমান পাকিস্তানের পরমাণু কর্মসূচি থেকে নজর ফিরিয়ে রেখেছিলাম আমরা। এখন আমাদের জন্য অপেক্ষা করছে এক নিশ্চিত বিপর্যয়।’ পাকিস্তানের পরমাণু কর্মসূচি দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা ধরে রাখার একটি অস্ত্রও বটে। পাকিস্তানি পরমাণু পদার্থবিদ পারভেজ হুদভয় বলেন, পাশ্চাত্য দেশগুলো জানে পাকিস্তান ভেঙে পড়লে এর জন্য বড় ধরনের মাশুল গুনতে হবে। তাই তারা সহায়তা বন্ধ করবে না। পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ অবশ্য বলেছেন, দেশটির পরমাণু অস্ত্রের ভান্ডার সুরক্ষিতই আছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহায়তার সম্ভাবনা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জোরের সঙ্গে বলেন, প্রশ্নই ওঠে না। এটা আমাদের সৃষ্টি। আমরাই নিরাপদ রাখব। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর মার্কিন কর্মকর্তারা কেউ কেউ পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভান্ডার বেহাত হওয়া থেকে ঠেকাতে তার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছেন। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের স্যাম নান বলেন, যুক্তরাষ্ট্র পড়েছে এক উভয় সংকটে। তারা একতরফা অভিযান চালিয়ে ওসামাকে হত্যার পর পাকিস্তান অপমানিত হয়েছে। এই সময়টা তাদের আরও চাপ দেওয়ার জন্য উপযুক্ত সময় নয়। কিন্তু একই সঙ্গে পাকিস্তানের পরমাণু কর্মসূচির গতি বেড়ে যাওয়াতে ওয়াশিংটন উদ্বিগ্ন। আগের সমস্যাগুলো তো আছেই। স্যাম নানের অভিমত, দুই পক্ষকেই এখন মাথা ঠান্ডা করে নতুন করে সহযোগিতার পথে নামার উপায় খুঁজতে হবে। মাহফুজার রহমান, নিউজউইক থেকে