পাকিস্তান ও মার্কিন কর্তৃপক্ষ গত তিন বছরের মধ্যে তৃতীয়বারের মতো নৈর্ব্যক্তিকভাবে জঙ্গি নেতা ইলিয়াস কাশ্মীরির নিহত হওয়ার কথা দাবি করছে। কিন্তু এই নেটওয়ার্ক, এর লক্ষ্য ও তাঁর ৩১৩ বিগ্রেডের সক্ষমতা সম্পর্কে তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে। যদিও সত্যিকার অর্থে তিনি ছিলেন পাকিস্তানের কর্তাব্যক্তিদেরই সৃষ্ট এক ভয়ংকর দানব।কাশ্মীরি ১৯৮০ সালের দিকে আমেরিকার স্বার্থে আফগানিস্তানে এবং ৯০-এর দিকে পাকিস্তানের স্বার্থে কাশ্মীরে কাজ করেছেন। কিন্তু আজ আমেরিকা ও পাকিস্তান উভয় দেশের নিরাপত্তা বাহিনী তাঁর মৃত্যুর খবরের পর তা উদ্যাপন করতে চায়।যাঁরা একসময় ইলিয়াস কাশ্মীরির ঘনিষ্ঠ ছিলেন, পাকিস্তানি নিরাপত্তা সংস্থাগুলো বিভিন্ন এলাকা থেকে এমন বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যদিও ইলিয়াস কাশ্মীরির মতো অনেক ব্যক্তিকেই পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করেছে এবং এর মাধ্যমে তারা পাকিস্তানের সংবিধানের ২৫৬ ধারা লঙ্ঘন করেছে—এ বিষয়টি তারা স্বীকার করতে প্রস্তুত নয়।৯/১১-এর পর পাকিস্তানি কর্তাব্যক্তিরা ইলিয়াস কাশ্মীরিকে অপব্যবহার করেছেন। এই অপব্যবহার তাঁকে শুধু পাকিস্তান নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্যও হুমকিতে পরিণত করেছিল।ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ বাধানোর জন্য কাশ্মীরি শত শত তরুণকে গত কয়েক বছর প্রশিক্ষণ দিয়েছেন। অনেক নিম্নপর্যায়ের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমর্থন নিয়ে তিনি সবচেয়ে মারাত্মক জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা করছেন।ইলিয়াস কাশ্মীরি ধর্মীয় স্কুলের সৃষ্ট নন। তিনি সেই ব্যক্তি, যিনি আধুনিক শিক্ষায় বিশ্বাস করেন এবং যিনি তাঁর শত্রুদের বিরুদ্ধে আধুনিক সমরকৌশল ব্যবহার করেন।৯০-এর মাঝামাঝি ভারতের একটি কারাগার থেকে যখন ইলিয়াস কাশ্মীরি পালিয়ে পাকিস্তানে ফিরেছিলেন, তখন আমি তাঁর সঙ্গে প্রথম দেখা করি। তিনি কাশ্মীরের জঙ্গিদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন, জনপ্রিয় ছিলেন সেনাবাহিনীর মধ্যেও।২০০০ সালের ২৭ ফেব্রুয়ারি লাইন অব কন্ট্রোলের নওশেরা সেক্টরে ভারতের একটি তল্লাশি কেন্দ্রে হামলা এবং সাত সেনাসদস্যকে হত্যা করে কাশ্মীরি পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের কাছের মানুষে পরিণত হন।পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নাকিয়াল এলাকার একটি গ্রামে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে অনেক সাধারণ নাগরিক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ওই হামলা সংঘটিত করা হয়।২০০৩ সালে জম্মুর তানদা এলাকায় ইলিয়াস কাশ্মীরি আবারও ভারতীয় জ্যেষ্ঠ কিছু সেনা কর্মকর্তাকে হত্যা করে। কিন্তু এই হামলার কয়েক মাসের মধ্যে জেনারেল পারভেজ মোশাররফকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকার জন্য পাকিস্তান সেনাবাহিনী তাঁকে গ্রেপ্তার করে। তদন্তের সময় তিনি নিজেকে নির্দোষ ঘোষণা করেন এবং ২০০৪ সালের ফেব্রুয়ারিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ২০০৫ সালে তিনি আবারও গ্রেপ্তার হন। কিন্তু কাশ্মীরি জঙ্গিদের চাপে তাঁকে ছেড়ে দেওয়া হয়।পাকিস্তানের জেলে নির্যাতন ও অবমাননায় বাধ্য হয়ে কাশ্মীরি হিজবুল মুজাহিদিনের এক জ্যেষ্ঠ নেতাকে বলেছিলেন, ‘পাকিস্তানি ও ভারতীয় কারাগারের মধ্যে কোনো পার্থক্য নেই; তারা আমাদের বিশ্বাস করে না, কারণ আমরা কাশ্মীরি।’২০০৭ সালে ইসলামাবাদে লাল মসজিদ অভিযানের পর তিনি উত্তর ওয়াজিরিস্তানে চলে যান। কিন্তু আশ্চর্যজনক হলো পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তাঁর অতীত সম্পৃক্ততার জন্য কিছু জঙ্গি গোষ্ঠী সব সময় তাঁকে সন্দেহ করত।পশতুদের চেয়ে পাঞ্জাবি তালেবানদের কাছে তিনি অধিক বিশ্বস্ত ছিলেন। কিন্তু সময়ের পথপরিক্রমায় তিনি হাকিমুল্লাহ মেহসুদের অনুসারীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেন। অন্যদিকে উপজাতি এলাকায় যেসব জঙ্গিগোষ্ঠী পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে অঘোষিত শান্তিচুক্তি করেছিল এবং যারা আফগানিস্তানে কেবল মার্কিন সেনাসদস্যদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের সঙ্গে কখনোই তাঁর ভালো সম্পর্ক ছিল না।দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা এলাকার একটি আপেল বাগানে চালকবিহীন মার্কিন বিমান হামলায় ইলিয়াস কাশ্মীরি নিহত হয়েছেন বলে গত শুক্রবার খবর বেরিয়েছে। এ এলাকাটি মৌলভি নাজির নিয়ন্ত্রণ করেন, যাঁকে একজন ‘পাকিস্তানবান্ধব ভালো আলেম’ হিসেবে বিবেচনা করা হয়। যেখানে তালেবানের অন্য নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিরাপদ বোধ করেননি এবং তাঁর যোদ্ধারা অতীতে কখনো কখনো মৌলভি নাজিরের অনুসারীদের আক্রমণের শিকার হয়েছেন, ইলিয়াস কাশ্মীরি কেন এমন একটা এলাকা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তা এখনো পরিষ্কার নয়।হাকিমুল্লাহ উত্তর ওয়াজিরিস্তানের কোথাও লুকিয়ে আছেন। কিছু সূত্র দাবি করেছে, সম্ভবত পাকিস্তানি কর্তৃপক্ষ তাঁর অবস্থান খুঁজে পেতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। কিন্তু অবন্ধুসুলভ একটি এলাকায় তাঁর অবস্থান এখনো একটি রহস্য।পাকিস্তানি কর্তাব্যক্তিদের সঙ্গে যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে, এমন সব ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইলিয়াস কাশ্মীরি বেশ সচেতন ছিলেন। চার বছর ধরে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ইংরেজি মাধ্যমের স্কুল থেকে ছেলেদের দলে ভেড়ানোর ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। দিল্লি ও মুম্বাইয়ের মতো বড় কিছু শহরে হামলা সংঘটন করার মাধ্যমে ইলিয়াস কাশ্মীরি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ বাধানোর পরিকল্পনা করছিলেন। তিনি কাশ্মীরের স্বাধীনতার ব্যাপারে অধিক আগ্রহী ছিলেন এবং ভারত-পাকিস্তান যুদ্ধ থেকে কিছু সুবিধা নিতে চেয়েছিলেন। তিনি এই পরিকল্পনা নিয়ে তালেবানদের সঙ্গে সম্পৃক্ত অপর কিছু জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু এই পরিকল্পনায় সমঝোতা হয়নি। কারণ অপরাপর গোষ্ঠীগুলো পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে অধিক আগ্রহী ছিল।বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরি গত কয়েক বছরে ভারতে তাঁর কয়েক ডজন যোদ্ধাকে অনুপ্রবেশ করাতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে কিছুসংখ্যক যোদ্ধা ভারতের গুজরাট থেকে দুবাই অথবা সরাসরি দিল্লি হয়ে আসে। এই ছেলেরা শ্রমিক ও টেকনিশিয়ানের বেশে আফগানিস্তানে আসে। কিন্তু ৩১৩ বিগ্রেডের সঙ্গে প্রশিক্ষণ নিতে তারা পূর্ব আফগানিস্তান পার হয়ে উত্তর ওয়াজিরিস্তানে প্রবেশ করে।ইলিয়াস কাশ্মীরি কেবল রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ থেকেই বিপুলসংখ্যক তরুণ ছেলেকে দলে নেননি, জম্মু ও কাশ্মীর থেকেও নিয়েছেন। এই তরুণদের অধিকাংশেরই অতীতে জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রয়েছে—এমন সব ‘বয়োজ্যেষ্ঠকে’ তিনি ত্যাগ করেছিলেন।তরুণ ও পাকিস্তানি নতুন ছেলেদের সঙ্গে ভারতের ক্ষুব্ধ মুসলমান ছেলেদের সংমিশ্রণ তাঁকে দক্ষিণ এশিয়ার শান্তির জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত করেছিল। একসময় কোটালি পর্বতের কাছে তাঁর বড় প্রশিক্ষণশিবিরে আমি তাঁর সাক্ষাৎকার নিয়েছিলাম, সেখানে তিনি আমাকে বিমানবিধ্বংসী অস্ত্র দেখিয়েছিলেন।আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, গেরিলা যুদ্ধে বিমানবিধ্বংসী অস্ত্র কেন? তিনি বলেছিলেন, সম্ভবত একদিন তিনি ভারতীয় বিমানবাহিনীর হামলার মুখোমুখি হবেন এবং তিনি বিমানবিধ্বংসী অস্ত্র দিয়ে হামলার জবাব দেবেন।আরেক উপলক্ষে যখন তাঁকে আমি বলেছিলাম, একটি ব্যক্তিগত সেনাবাহিনী গঠনের বিষয়টি পাকিস্তানের সংবিধানের ২৫৬ ধারার লঙ্ঘন, যেখানে বলা হয়েছে, ‘সেনা সংগঠনের মতো কোনো ব্যক্তিগত সংগঠন পরিচালিত হবে না এবং এ ধরনের সংগঠন অবৈধ হবে।’ এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি কাশ্মীরে বসে কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই করছি, এটা পাকিস্তান নয়, এটা কোটালি।’যখন তাঁকে মাওলানা মাসুদ আজহারের জয়েশ-ই মোহাম্মদে যোগ দিতে বলা হয়েছিল, তখন তিনি পাকিস্তানের কর্তাব্যক্তিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। ইসলামাবাদে পাকিস্তান সরকারের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেওয়ার পর আমি তাঁর সঙ্গে একাধিকবার দেখা করেছি। ইসলামাবাদে তাঁর দুটির বেশি কার্যালয় ছিল এবং রাজধানীর অনেক পরিচিত ধর্মীয় নেতা তাঁর নিয়মিত সাক্ষাৎপ্রার্থী ছিলেন। কিন্তু একদিন তিনি সটকে পড়লেন। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। কিন্তু আজ পাকিস্তানি কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যাঁরা ঘনিষ্ঠ ছিলেন, তাঁদের সবাইকে গ্রেপ্তার করার চেষ্টা করছে।ইলিয়াস কাশ্মীরির এই পরিণাম অনেক ‘ভালো তালেবান’ ও স্বয়ং পাকিস্তানের কর্তাব্যক্তিদের জন্য একটি শিক্ষা। প্রথম শিক্ষা হলো পাকিস্তানি কর্তাব্যক্তিরা হাজার হাজার তরুণকে জিহাদ ও কাশ্মীরের স্বাধীনতার নামে ব্যবহার করেছেন। কিন্তু তাঁরা যেকোনো সময় বিদেশি চাপে তাঁদের নীতি পরিবর্তন করতে পারেন। তাঁদের ওপর নির্ভর করা যায় না।দ্বিতীয়ত, ব্যক্তিগত সেনাবাহিনী সৃষ্টি যে সংবিধানের লঙ্ঘন, তা পাকিস্তানি কর্তাব্যক্তিদের অবশ্যই অনুধাবন করতে হবে। তাঁদের অবশ্যই ব্যক্তিগত সেনাবাহিনী সৃষ্টি করা উচিত নয় এবং অতীতে যদি এ ধরনের ব্যক্তিগত সেনাবাহিনী সৃষ্টি করা হয়-ও, তাদের অপব্যবহার করা উচিত নয়। তাঁরা ইলিয়াস কাশ্মীরির মতো ভয়ংকর দানব হয়ে উঠতে পারেন। হামিদ মির: নির্বাহী সম্পাদক, জিয়ো টেলিভিশন, পাকিস্তান।ইংরেজি থেকে ভাষান্তর সাইফুল সামিন