
পাখা চললে খসে পড়ে পলেস্তারা। ছাদ চুইয়ে পড়ে বৃষ্টির পানি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চারটি প্রশাসনিক ভবনের এমন জীর্ণ দশা। এই ভবনগুলোতে ছয়টি সরকারি দপ্তর ও একটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। দীর্ঘদিন সংস্কার না হওয়া ভবনগুলোকে এ বছরের শুরুতে উপজেলা মাসিক সমন্বয় পরিষদের সভায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
দীঘিনালা উপজেলা সদরে অবস্থিত সাবেক বিএডিসি ভবন নামে পরিচিত দ্বিতল ভবনে উপজেলা পরিসংখ্যান অধিদপ্তর, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় রয়েছে। ঝুঁকিপূর্ণ চারটি ভবনের অন্যতম এটি। এই ভবনের উল্টো দিকে অবস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার একতলাবিশিষ্ট দুটি ভবনও জীর্ণ হয়ে পড়েছে। এই তিন ভবনের অল্প দূরে আরেকটি পুরোনো ভবনে রয়েছে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর এবং সোনালী ব্যাংকের কার্যালয়।
উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, গত জানুয়ারিতে উপজেলা মাসিক সমন্বয় সভায় ভবনগুলো পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত হয়। তবে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা না আসায় এখনো ভবনগুলোতে প্রশাসনিক কার্যক্রম চলছে।
গত ২৯ জুন সরেজমিনে দেখা যায়, অর্ধশত বছরের পুরোনো চারটি ভবনের পলেস্তারা খসে গেছে। নানা জায়গায় দেখা দিয়েছে ফাটল। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, বৃষ্টি হলেই ভবনগুলোর ছাদ চুইয়ে পানি পড়ে। পাখা চললে খসে পড়ে পলেস্তারা। এ ছাড়া জীর্ণ হয়ে পড়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের বাসভবনগুলোও।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯১৬ সালে তৎকালীন ব্রিটিশ-ভারত সরকার দীঘিনালাকে থানা হিসেবে স্বীকৃতি দেয়। এরপর ১৯৬৪ সালের দিকে দীঘিনালা থানা প্রশাসনের দাপ্তরিক কাজ সম্পাদনের সুবিধার্থে সার্কেল কর্মকর্তার কার্যালয়সহ কয়েকটি পাকা ভবন নির্মাণ করা হয় । এখন পর্যন্ত ষাটের দশকে নির্মিত এসব ভবনেই চলছে উপজেলা প্রশাসনের কার্যক্রম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বর্ষায় কার্যালয়ের ছাদ চুইয়ে কক্ষে পানি পড়ে। পাখা চালালে পলেস্তারা খসে পড়ে। জানি না আর কত দিন এ জরাজীর্ণ ভবনে কাজ করতে হবে।’
পরিসংখ্যান অধিদপ্তরের কর্মকর্তা শান্তিপ্রিয় চাকমা বলেন, ‘বৃষ্টি হলে কার্যালয়ে বসে থাকা যায় না। ঝোড়ো হাওয়া বইলে পার্শ্ববর্তী দোকানে গিয়ে আশ্রয় নিতে হয়। বৃষ্টির পানিতে কার্যালয়ের কাগজপত্রও ভিজে যায়।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘আমার বাসভবনটিও জরাজীর্ণ। আমি নিজেই ভয়ে ভয়ে থাকি। মাসিক সমন্বয় সভায় জরাজীর্ণ প্রশাসনিক ভবনগুলো পরিত্যক্ত ঘোষিত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিগগির জানানো হবে।’