পাখায় পাখায় ছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে এত পাখি! কোনোটির নাম জানা, কোনোটির অজানা। ভাত শালিক, গো বক, কালো বুলবুলিসহ নানা দেশের নানা জাতের পাখি। এসব ফ্রেমবন্দি পাখি নিয়েই ‘পাখায় পাখায় ছন্দ’ প্রদর্শনী। নিয়াজ রহমানের প্রথম একক প্রদর্শনীটি দৃক গ্যালারিতে ২৫ জুন শুরু হয়, চলবে ২ জুলাই পর্যন্ত। ছবি তোলার পাশাপাশি চিকিৎসক হিসেবেও তিনি কাজ করেন। বাংলাদেশের নিজস্ব কিছু পাখি, এ দেশে আসা অতিথি পাখি, আফ্রিকা, দক্ষিণ ও উত্তর আমেরিকার নানা জাতের পাখির ৭৬টি ছবি এখানে স্থান পেয়েছে। নিয়াজ রহমান বলেন, ‘পাখিগুলোকে সবার সামনে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছি। এখানে ১২টিরও বেশি প্রজাতির বিলুপ্তপ্রায় পাখির ছবি রয়েছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ মোস্তফা নুরউল ইসলাম, আলোকচিত্রী সাদাত হোসেন সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রওশন আরা রহমান। প্রদর্শনী চলে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।