পাখি বলল পাখি হব...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি পাখি হব। পাখির মতো উড়ে বেড়াব ডানা মেলে। পানিতে ভেসে বেড়াব। লতাপাতা দিয়ে বাসা বানিয়ে রাতে সেখানে ঘুমাব।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২ ফেব্রুয়ারি পাখি মেলায় পাখি দেখতে এসে শায়লা নাজনীনের সঙ্গে কথা হলে এভাবেই কথা বলছিল সে।শায়লা নাজনীনের বয়স পাঁচ বছর। পাখি দেখতে এসেছে বাবার সঙ্গে। মা-বাবা আদর করে ওকে পাখি বলেই ডাকেন। ইট-সিমেন্ট ঘেরা শহরে বাবার হাত ধরে যার পথ চলা, প্রকৃতির অপার সৌন্দর্যের সান্নিধ্যে এসে মুক্ত এই ক্যাম্পাসে পাখির মতোই নিজেকে স্বাধীন ভাবছিল যেন। পাখি মেলা হবে শুনেই বাবার সঙ্গে যাওয়ার জন্য কান্না জুড়ে দেয় সে। দ্রুত যেতে হবে—কারণ ভয়, যদি পাখিরা চলে যায়। একরকম বাধ্য হয়েই বাবা তাকে নিয়ে আসেন ক্যাম্পাসে। উদ্দেশ্য, পাখি আঁকা প্রতিযোগিতায় অংশ নেওয়া; সেই সঙ্গে নানা প্রজাতির পাখি দেখা। রং, তুলি আর ক্যানভাস আনতে ভুল করেনি সে।শুধু শায়লা কেন, প্রায় তিন শ শিশু-কিশোর অভিভাবকদের সঙ্গে নিয়ে চলে আসে মেলায়। অংশ নেয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। তাদের অপরিণত হাতে পেইন্টিং পেজে শোভা পায় দোয়েল, টিয়া, ময়না পাখিসহ প্রকৃতির নানা রূপ। দুটি গ্রুপে বিভক্ত এ প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে নার্সারি থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। ‘ক’ গ্রুপে সাভারের মর্নিং গ্লোরি স্কুলের খালিদ হোসেন, ফৌজিয়া ফারিহা ও তাজরিন নাহার জান্নাত যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে। ‘খ’ গ্রুপে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। ‘খ’ গ্রুপে একই স্কুলের ফাহিমা জান্নাত কলি, মো. রাকিবুল আলম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ফারজানা রুথি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে।প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে প্রশাসনিক ভবনের সামনে টেলিস্কোপ দিয়ে পাখি দেখতে দলবেঁধে ছুটে আসে কোমলমতি শিশুরা। পাখিদের সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকায় ছোট সরালিকে টিয়া, ফটিক জলকে ঘুঘু আর শামুক ভাঙাকে দোয়েল বলে চালিয়ে দিচ্ছিল তারা। উপস্থিত অনেকের কাছে বিষয়টি হাস্যকর মনে হলেও খুব বেশি অবান্তর মনে হচ্ছিল না। তাদের অজানা বিষয়গুলোকে সংশোধন করে দিতে অভিভাবকদের মধ্য থেকে অনেককেই স্বেচ্ছাসেবীর ভূমিকায় দেখা যায়। ঢাকা থেকে ছেলেমেয়েদের নিয়ে পাখি মেলায় ঘুরতে এসে আয়োজকদের ধন্যবাদ জানান মো. আবদুল্লাহ, মুকুল হোসেন, শারমিন সুলতানা, আতিকুর রহমানসহ অনেকে। প্রকৃতির সান্নিধ্যে পরিবার-পরিজন নিয়ে আসতে পেরে খুবই আনন্দিত মনে হচ্ছিল তাঁদের। এ মেলার মধ্য দিয়ে শিশুদের মধ্যে পাখিদের সম্পর্কে জানার ও শেখার আগ্রহ বাড়বে বলেও মন্তব্য করেন তাঁরা। পাখি দেখতে আসা প্রিয়তি, চারু, ফারজানা, সাফায়াত আরা মুন, সিফাত উল্লাহ, কান্তি—এদের সবার বয়স চার-পাঁচ বছরের মধ্যে। সবার মধ্যেই যেন উত্সবের আমেজ। মেলায় এসে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে অতি সহজেই। আর তাই মাত্র একটি টেলিস্কোপ দিয়ে পাখি দেখতে বেগ পেতে হয়নি কারোরই।সকালে অন্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেতে ওঠে নানা অনুষ্ঠানে। জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী চারটি দলে বিভক্ত হয়ে অংশ নেন পাখি দেখা প্রতিযোগিতায়। এ বছর বিশ্ববিদ্যালয়ে আসা ১৮৬ প্রজাতির পাখির মধ্যে ৫৫ প্রজাতির পাখি শনাক্ত করে প্রথম স্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামিম আহমেদের দল। একই বিশ্ববিদ্যালয়ের ফারহানা আকতারের দল ৫০টি প্রজাতির পাখি শনাক্ত করে দ্বিতীয় স্থান পায়।সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তন চত্বরে উপাচার্য শরীফ এনামুল কবির বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেন; প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি আবদুস সালাম, মো. মফিজুল কবির; ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান। দিনব্যাপী এ মেলার অন্যান্য আয়োজনের মধ্যে ছিল পাখিবিষয়ক উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও পাখিবিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলার দিন লেকের লাল শাপলার ফাঁকে ফাঁকে পাখির খুনসুটি, কিচিরমিচির আর শিশু-কিশোরদের আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে ক্যাম্পাস যেন মেতে উঠেছিল নবরূপে। প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত বর্ণাঢ্য এই পাখি মেলার মাধ্যমে শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে পাখি সম্পর্কে উত্সাহ বৃদ্ধির পাশাপাশি পাখি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকে।