পাখি যাবে উড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ গভীর বনের পাখি রাঙা হালতি। মাটিতেই চরে। মানুষ বা শত্রু দেখলে আত্মগোপন করে। মাটির ওপর দিয়ে দৌড়াতে পারে দ্রুতবেগে। বাসা বাঁধে মাটির ওপরের ছোট ঝোপের ভেতর। ডিম পাড়ার মৌসুমে মেয়েপাখিটি শেষ বিকেল ও রাতে একটানা ডাকে পাড়া কাঁপিয়ে। না পারতে ওড়ে না এরা। মানুষকে এড়িয়ে চলতেই ভালোবাসে।সম্প্রতি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে একটি রাঙা হালতি অসুস্থ অবস্থায় ধরা পড়ে। পাখিটির দুটি চোখই বন্ধ ছিল, অন্ধের মতো ঘুরছিল বেদিশা হয়ে। এটিকে ধরে বাড়ি নিয়ে আসেন ফকিরহাট ওয়াইল্ড লাইফ ক্লাবের কর্মী রেহানা মল্লিক। অভিজ্ঞ রেহানা বুঝে ফেলেন অন্ধত্বের কারণে পাখিটি দু-তিন দিন ধরে খেতে পারেনি। তাই দুর্বল হয়ে গেছে। শরীর শুকিয়ে প্রায় আধখানা হয়ে গেছে। তিনি পাখিটিকে তিন-চার দিন ধরে ঘাস, ফড়িং, কেঁচো ইত্যাদি খাওয়ান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম আউয়াল হকের পরামর্শে দুই রকম ওষুধ খাওয়ান ও প্রয়োগ করেন বন্ধ হওয়া চোখ দুটিতে। সাত দিনেই সুস্থ হয়ে ওঠে পাখিটি। ওজন বাড়ে শরীরের। আর তো বন্দী থাকতে চায় না! তাই একদিন সকালে এটিকে বসিয়ে দেওয়া হয় ছোট একটি গাছের ডালে। একটু বাদে ডানা মেলে উড়াল দিয়ে পড়ে যায় মাটিতে, তারপর দে দৌড় গভীর বাগানের ভেতর।এটা একটা মহৎ কাজ। কাজটি করেছেন রেহানা মল্লিক। এই পাখিটি অতি সুন্দর। অতিশয় দক্ষ দৌড়বিদ ও ধূর্ত। এই পাখিটির বাসা, ডিম ও ছানা প্রতিবছরই হয় সাতশৈয়া গ্রামে। এখন পর্যন্ত ফকিরহাট ছাড়া দেশের অন্য কোথাও এদের বাসা, ডিম ও ছানার সন্ধান মেলেনি। এদের ছানা হয় কুচকুচে কালো। ঠোঁটের অগ্রভাগ হয় হাতির দাঁতের মতো সাদা। রাঙা হালতির ইংরেজি নাম Slaty-legged crake, আকার ২৫ সেন্টিমিটার।