>কোনো দল গ্রাম থেকে হটিয়ে দিয়েছে পাখিশিকারিদের, আরেক দল নতুন প্রজন্মকে শোনাচ্ছে একাত্তরের ইতিহাস, বেঁচে যাওয়া খাবার দিয়ে অনেক শিশুর পুষ্টি জোগাচ্ছে কেউ কেউ, নগর পরিষ্কার রাখার দায়িত্ব নিয়েছেন প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীরা, আবার নিজেদের গরজে ছাদবাগান বানিয়ে দিচ্ছে অন্য একটি দল—তাঁরা সবাই তরুণপ্রাণ।
সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতার মতোই—এ বয়স তবু নতুন কিছু তো করে। স্বেচ্ছাশ্রমে সমাজের নানা কাজে এগিয়ে আসা পাঁচটি তরুণ-দলের কথা নিয়ে এবারের প্রচ্ছদ প্রতিবেদন।

মেলান্দহ বাজারের এক প্রান্তে বসে হাঁস-মুরগির বাজার। সে বাজারের এক কোনায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মাহবুব, নাজমুলরা। এমন আড্ডা তাঁদের নিত্যকার। তবে সেদিন আড্ডা আর বেশিক্ষণ চলে না। কেন? নাজমুল বলেন, ‘হঠাৎ দেখি খাঁচাভর্তি পাখি নিয়ে বসে আছেন একজন। অনেকেই আবার তা কিনতে দরদামও করছেন। বিষয়টি দেখে আমরা স্থির থাকতে পারিনি। পাখি শিকার তো দণ্ডনীয় অপরাধ।’ এই অপরাধের কথা জানাতেই তাঁরা এগিয়ে যান পাখি শিকারি উমর আলীর কাছে। পাখি ধ্বংস হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। আর পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ—উমর আলীকে তা বোঝাতে পারেন তাঁরা। পাখি শিকারিকে সেদিন চাল-ডাল কিনে দিলেন। আর খাঁচার বকগুলোকে খোলা আকাশে ছেড়ে দেওয়া হলো।
জামালপুরের মেলান্দহ বাজারের এই ঘটনার শেষ এখানেই নয়। পাখির মায়ায় পাঁচ তরুণ উদ্যোগী হন। কারণ, উমর আলীর মতো এমন পাখি শিকারি ও বিক্রেতার সংখ্যা উপজেলায় কম নয়। তাঁদের সচেতন না করলে পাখি শিকার বন্ধ করা যাবে না। এ জন্য দরকার উদ্যোগ। তাই তাঁরা গড়ে তোলেন ‘বিহঙ্গ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
২৫ অক্টোবর দুপুরে বিহঙ্গের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলি। ২০০৯ সালে যাত্রা শুরু বিহঙ্গের। মাহবুবুর রহমানের সঙ্গে আর চারজন প্রতিষ্ঠাতা হচ্ছেন আদিপৌত গ্রামের জাহাঙ্গীর আলম, মহব্বত আলী ফকির, বয়রাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম এবং নাগেরপাড়া গ্রামের নাজমুল হাসান। সে সংগঠনের সক্রিয় সদস্য এখন প্রায় ৩০ জন। সদস্যরা জানালেন, তাঁরা নিজেদের টাকাতেই সংগঠনটি চালান।

নাজমুল হাসানের কাছ থেকে জানা গেল, উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় গ্রামে গ্রামে পোস্টার ও প্রচারপত্র বিতরণও করে এই তরুণ দল। প্রায় প্রতিটি গ্রামে দু-তিনজন করে সদস্য রয়েছে। এলাকায় কোনো পাখি শিকারি দেখামাত্রই বিহঙ্গ দলকে ফোন করে জানায়। তারপর বিহঙ্গের সদস্যরা ওই এলাকায় গিয়ে শিকারিদের বন্য প্রাণী শিকারের আইন সম্পর্কে জানিয়ে শিকার করা থেকে বিরত রাখা হয়।
‘উপজেলার নটার কুড়া ও ডেফলায় বকের আবাসস্থল রয়েছে। সেখানে বেশ কিছু বাড়ির বড় গাছগুলোতে বক থাকছে, বাচ্চা ফোটাচ্ছে, বড় হচ্ছে। সেই বাড়িগুলোতে যাঁরা থাকেন তাঁরা এই বকগুলোর দেখাশোনা করছে। আমরা নিজেদের খরচে টিন, পলিথিন দেওয়ার ব্যবস্থা করেছি।’ বললেন বিহঙ্গের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এভাবেই মেলান্দহের অনেক গ্রামেই গড়ে উঠছে পাখির আবাসস্থল।