পাখিওয়ালা নোট
শৈশবের কিছু স্মৃতি কখনো ভোলা যায় না। স্মৃতিগুলো কখনো হারিয়ে যায় না, যেমন করে হারিয়ে যায় খুব কাছের মানুষগুলো। আমি তখন নন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। স্কুলের প্রতি আমার শত্রুতা চরমে! শুয়ে শুয়ে কত দিন ভেবেছি, স্কুলটা না থাকলেই বেশ হতো! তবুও স্কুলে যেতাম। কারণ, স্কুলে যাওয়ার বিনিময়ে মা আমাকে একটি পাখিওয়ালা নোট দিতেন। দুই টাকার এই পাখিওয়ালা নোটটির প্রতি আমার দুর্বলতা ছিল সীমাহীন। আর তাই নির্দ্বিধায় বলা যায়, স্কুলে আমি যেতাম না, যেত দুই টাকার একটি পাখিওয়ালা নোট। এই নোটটির প্রতি আমার কত ভালোবাসা ছিল, তার আরেকটা উদাহরণ দিই। প্রায়ই আমি ফিরোজ কাকাকে বলতাম, ‘কাকা, আমাকে একটা পাখিওয়ালা নোট দেবেন?’ কাকা বলতেন, ‘অবশ্যই দেব, তবে আমাকে তুই ১০০ বার কাকা ডাকবি!’ খুশিতে আটখানা হয়ে হাতের আঙুল গুনে আমি শুরু করতাম, ‘কাকা, কাকা, কাকা...।’ মাঝখানে ফিরোজ কাকা থামিয়ে দিয়ে বলতেন, কতবার হয়েছে রে? আমি গদগদ হয়ে বলতাম, ৬০ বার। ফিরোজ কাকা তাচ্ছিল্যের সঙ্গে বলতেন, ‘হয় নাই। হইছে মাত্র ৪৫ বার। আবার প্রথম থেকে শুরু কর।’ আমি আবার প্রথম থেকে শুরু করতাম, যদিও এই শুরু কখনো শেষ হতো না।পাখিওয়ালা সেই নোটের প্রয়োজন আমার এখন আর নেই। ফলে ভালোবাসায় ঘাটতি দেখা দিয়েছে। তবুও আজকাল যখন দুই টাকার নোট হাতে আসে, তখন মাঝেমধ্যে ভাবি, এই তো সেই আমার পাখিওয়ালা নোট, যার জন্য আমি স্কুলে যেতাম।আরাফাত মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা।