গাছগুলো দেখতে মোটেও ভয়ংকর নয়। না আছে কাঁটা, না বিষাক্ত ফল। তবু একটা অন্ধকার রহস্য আছে। শিকড়ের দিকে খুঁজলে দেখা যায় ছোট ছোট আঠালো বীজ।
‘পাখিখেকো গাছ’ নামে পরিচিত পিসোনিয়া উদ্ভিদ এ রকম আঠালো বীজ উৎপাদন করে। এগুলোর লোভে পোকামাকড় ছুটে আসে। তারপর খাওয়ার চেষ্টা করতে গিয়ে আটকা পড়ে। সেই পোকা দেখে পাখিরা এগিয়ে আসে এবং আয়েশ করে বসে খায়। তারপর অসাবধানি অবস্থায় যথারীতি গাছের আঠায় তাদের পা আটকে যায়। হয় না খেয়ে মরে, নয়তো কোনো কাঁকড়া বা অন্য কোনো শিকারির আক্রমণে পাখিগুলো প্রাণ হারায়।
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে নিউজিল্যান্ড পর্যন্ত এলাকায় এই গাছের দেখা মেলে। কখনো কখনো পাখিরা গাছটির ডালে বসেই মরে যায়। তখন তাদের মরদেহ ঝুলে থাকে অনেক দিন। গাছের এ রকম হন্তারক রূপ নিয়ে বিবিসি আমেরিকা একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের বাস্তুসংস্থানবিদ অ্যালান বার্গার দুই দশক আগে প্রথম পিসোনিয়াগাছের দেখা পান। পাখি ও পোকাগুলোকে এভাবে মেরে গাছটির কী লাভ হয়, তাই ভেবে তিনি অবাক হয়েছিলেন।
পিসোনিয়াগাছের এমন আচরণ নিয়ে মানুষের জল্পনাকল্পনাও আছে। বার্গার ১৯৯৯ সালের মে মাসে ভারত মহাসাগরের সিশেল দ্বীপপুঞ্জে গিয়ে পিসোনিয়া বীজ নিয়ে দীর্ঘ গবেষণা চালান। ১০ মাস খেটেখুটে জার্নাল অব ট্রপিক্যাল ইকোলজি সাময়িকীতে একটি প্রবন্ধও লিখেছেন। তিনি গাছটির এমন বৈশিষ্ট্যের কোনো যুক্তিসংগত ব্যাখ্যা খুঁজে পাননি। তবে বলেছেন, সামুদ্রিক পাখিরা কী কারণে যেন পিসোনিয়া বীজ খেতে পছন্দ করে। নইলে প্রায় সব পিসোনিয়াগাছেই কেন পাখিদের মরদেহ ঝুলতে দেখা যায়? হয়তো এটা প্রাণীর ক্রমবিকাশেরই একটা অংশ।