কিছু পাখি মোটরগাড়ির চাপায় মরে, আর কিছু পাখি এমন দুর্ঘটনায় পড়ে না। এই দুই রকম পাখির মধ্যে পার্থক্য কী? ফ্রান্সের একদল বিজ্ঞানী গতকাল বুধবার বলেছেন, মৃত পাখিগুলোর মস্তিষ্ক অন্য পাখিগুলোর চেয়ে ছোট। ৩ হাজার ৫২১টি পাখির ময়নাতদন্ত করে এ তথ্য মিলেছে।
এ বিষয়ে রয়েল সোসাইটি অব ওপেন সায়েন্স সাময়িকী একটি গবেষণা নিবন্ধ ছেপেছে। এতে অন্যান্য প্রাণীর কথাও আছে। যেমন গরুর মস্তিষ্ক তাদের শরীরের আকৃতির অনুপাতে বড়। ফলে তারা নিজেদের দিকে ছুটে আসা যানবাহনের অবস্থান বুঝতে বেশ দক্ষতার পরিচয় দেয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একাধিক মহাসড়কে দুর্ঘটনায় পাখিদের মৃত্যু নিয়ে গবেষণা আগেও হয়েছে। এতে দেখা যায়, চতুষ্পদ জন্তুরা মাত্র কয়েক ইঞ্চি দূরে থেকেও মোটরগাড়ি ও ট্রাকের সংঘর্ষ এড়াতে পারে। ফ্রান্সের জাতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্রের জীববিজ্ঞানী আদ্রেঁ পাপ মোলা বলেন, চতুষ্পদ জন্তুগুলো পাখিদের চেয়ে বেশি বুদ্ধিমান কি না, বলা মুশকিল। কিন্তু তারা বোধশক্তি কাজে লাগায়। এটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়ক।
কবুতর সেই তুলনায় অদক্ষই বলা যায়। কারণ, এরা প্রায়ই গাড়ির সঙ্গে ধাক্কা খায়। বড় বড় শহরের রাস্তায় এ রকম দৃশ্য খুবই পরিচিত। কবুতরের মস্তিষ্কও ছোটখাটো। আর ব্যাপারটা কাকতালীয় নয় মোটেও। মোলা বলেন, সাধারণ ইউরোপীয় পাখিদের মধ্যে চড়ুই ও রবিন নিয়ে তাঁরা পরীক্ষা চালিয়েছেন। এদের মস্তিষ্ক ওজনে মাত্র ১ গ্রামের ১০০ ভাগের ১ ভাগ। যকৃৎ, হৃৎপিণ্ড ও ফুসফুসের অন্য অঙ্গপ্রত্যঙ্গও ছোট ছোট।
ওই গবেষক দল সব মিলিয়ে ২৫১টি ভিন্ন প্রজাতি নিয়ে অনুসন্ধান চালায়।
সাম্প্রতিক গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ায় মাছ ও পোকামাকড়সহ অনেক প্রাণীর মধ্যে ক্রমবিকাশমূলক পরিবর্তন ঘটছে। মানুষ এসব প্রাণীর আবাস নষ্ট করছে অথবা প্রাণীগুলোকে নিধন করছে। অবশ্য দ্রুতগতিতে চলন্ত গাড়ি শতবর্ষ আগেও ছিল। তবে ছোট মাথাওয়ালা পাখিরা এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশলটা বোধ হয় এত দ্রুত আয়ত্ত করতে পারেনি। মোলা বললেন, গাড়িঘোড়ার কারণে পাখি মৃত্যুর হার প্রাণীটির ক্রমবিকাশমূলক পরিবর্তন ঘটিয়ে দেওয়ার জন্য অপর্যাপ্ত।
অবশ্য সংখ্যাটা উড়িয়ে দেওয়ার মতো নয়। ২০১৪ সালের এক বার্ষিক প্রতিবেদন বলছে, কেবল যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় ২০ কোটি পাখি সড়ক দুর্ঘটনায় মরে। ইউরোপে এমন পাখি মৃত্যুর সংখ্যা কিছুটা কম হলেও সারা বিশ্বের হিসাবটা বেশ গুরুতর, ৩০ হাজার কোটি।
পাখিগুলোকে এ রকম দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য বিস্তর চেষ্টা-উদ্যোগ নিলেও এ পর্যন্ত সাফল্য খুবই সীমিত। একই প্রতিবেদনের আরেকটা তথ্য: যুক্তরাষ্ট্রে প্রতিবছর ২৪০ কোটি পাখি বিড়ালের আক্রমণে মরে।