পাখির অভয়ারণ্যে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার পারকি সৈকতের এসব পাখি ধরা পড়ে আলোকচিত্রী মুহাম্মদ তৌফিক হাসানের ক্যামেরায়। এসব ছবি নিয়ে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় হাটখোলার গ্যালারিতে
আনোয়ারার পারকি সৈকতের এসব পাখি ধরা পড়ে আলোকচিত্রী মুহাম্মদ তৌফিক হাসানের ক্যামেরায়। এসব ছবি নিয়ে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় হাটখোলার গ্যালারিতে

নগরের সার্সন রোডের হাটখোলা গ্যালারিতে বসেছিল পাখির মেলা। এক-দুটি নয়, ২২ জাতের পাখি। আর পাখিগুলোকে এখানে হাজির করেছিলেন আলোকচিত্রী মুহাম্মদ তৌফিক হাসান। পেশাগত কারণে কিছুদিন তাঁকে থাকতে হয়েছিল আনোয়ারার পারকি এলাকায়। কাজের ফাঁকে ফাঁকে ফ্রেমবন্দী করেছেন নানা রঙের বিচিত্র পাখি।
গ্যালারি ফটোব্যাংক ও হাটখেলার যৌথ উদ্যোগে আয়োজিত তৌফিক হাসানের ‘পারকির পাখিরা’ শিরোনামের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শেষ হয় ২১ ফেব্রুয়ারি। প্রদর্শনীতে ২২টি আলোকচিত্রে বসন্তবাউরি, হলদেপাখি, কোকিল, হরিয়াল, ফুটকি, ভীমরাজ, দোয়েল, গাংচিলসহ ২২ জাতের পাখির ছবি স্থান পেয়েছে।
তৌফিকের প্রথম প্রদর্শনী এটি। কেন পাখির ছবি তুলেছেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি ক্যামেরায় প্রকৃতির নানা রং ধরতে চেয়েছি। আর পাখির মধ্যে আছে রঙের বৈচিত্র্য। তা ছাড়া পাখি সব সময় আমাকে টানে। সে কারণেই এমন বিষয় নিয়ে কাজ করেছি।’
আনোয়ারার পারকির সমুদ্রসৈকত আর আশপাশের এলাকা থেকে পাখির ছবিগুলো তুলেছেন বলে জানান তৌফিক। ফুজি এইচএস টেন ক্যামেরার টেলিলেন্সে ধরা পড়েছে গাছের ডালে বসা নানা রঙের পাখি। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয় কালো মাথা আর হলুদ পালকের হলদেপাখির দিকে। ডালে বসা লাল ঠোঁটের মাছরাঙা, হলদে পা হরিয়াল কিংবা ফিঙের জাতভাই ভীমরাজের সৌন্দর্যও দর্শককে নিয়ে গেছে পাখির অভয়ারণ্যে।
চট্টগ্রাম ফটো আর্ট ইনস্টিটিউটের পরিচালক আলোকচিত্রী শোয়েব ফারুকি ও আলোকচিত্রী মওদুদুল আলম ১৯ ফেব্রুয়ারি উদ্বোধন করেন এই প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন হাটখোলার সমন্বয়ক কবি ইউসুফ মুহম্মদ।