পাখির খোঁজে লাউয়াছড়ায়
গত ১৪ এপ্রিল রাতে শ্রীমঙ্গল শহরে যখন পৌঁছাই, তখন ঘড়ির কাঁটা ১০টা ছুঁয়েছে মাত্র। নাহার পেট্রলপাম্পের উল্টো দিকের রাস্তা ধরে সিএনআরএস-ইউপ্যাকের রেস্টহাউস খুঁজে পেতে আরও মিনিট দশেক। পরিচয় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের রথীন্দ্রদা আর শিবলী ভাইয়ের সঙ্গে। লাউয়াছড়া এক্সপিডিশনে আমরা তিনজন এসেছি ইংল্যান্ডে কনজারভেশন বায়োলজিতে পাঠরত সামিয়া সেলিমের গবেষণাকাজে সাহায্য করতে। গবেষণার বিষয়, ‘ইফেক্ট অব ট্যুরিজম অন ওয়াইল্ডলাইফ’। পরদিন সকালে ঘুম ভাঙে সামিয়া সেলিমের ফোন পেয়ে। ভোররাতেই ঢাকা থেকে চলে এসেছেন তিনি। দ্রুত ব্যাকপ্যাক নিয়ে সঙ্গে থাকা টয়োটা গাড়িটায় চেপে বসলাম চারজন। পথে যোগ দিলেন বন বিভাগের নিসর্গ প্রজেক্টের গাইড বেনেডিক্ট দা। আলোচনার কেন্দ্রে ছিল মূলত আগের রাতের বৃষ্টি। পথের দুই দিকেই বিস্তৃত চা-বাগান। বৃষ্টি হওয়ায় চারপাশের শ্যামলিমা অসাধারণ বৈচিত্র্য নিয়ে চোখের সামনে হাজির। বাগানের ভেতর কৃষ্ণচূড়ার লাল আর জারুলের বেগুনি দেখতে বেশ লাগছিল। সোনালু-রাধাচূড়ার হলুদ তাতে যোগ হলে মন্দ হতো না মোটেও। পৌঁছে গেলাম লাউয়াছড়ায়। গাড়ি থামানোর আগেই এক জোড়া বনমোরগ গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হয়ে আমাদের চাঙা করে দিল। ভেতরে ঢুকে আমাদের কাজের ধরন বুঝিয়ে দিলেন সামিয়া আপু। এক হাজার ২৫০ হেক্টরের লাউয়াছড়া মূলত দুই হাজার ৭৪০ হেক্টরের পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনের অংশবিশেষ। এতে পর্যটকদের সুবিধার্থে আধাঘণ্টা, এক ঘণ্টা আর তিন ঘণ্টা হিসাবে হাঁটা পথ (ট্রেইল) রয়েছে। এ পথগুলো ওই পথ থেকে দূরে নির্দিষ্ট দূরত্বে কিছু স্থান নির্বাচন করে টেপমার্ক করা হয় এবং জিপিএসের সাহায্যে সেগুলোর স্থানাঙ্ক নিয়ে নেওয়া হয়। আমাদের মূল কাজ হলো, প্রতিদিন বিভিন্ন দলে এই নির্দিষ্ট স্থানগুলোয় গিয়ে নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে ১০ মিনিট ধরে পাখি স্পট করা—তাদের সংখ্যা ও অবস্থা লিপিবদ্ধ করা। স্থানগুলো আবার দুটি ভাগে বিভক্ত—‘ডিস্টার্বড’ (যেগুলো সরাসরি ট্রেইলের ওপর পড়ে) এবং ‘আন-ডিস্টার্বড’ (যেগুলো ট্রেইল থেকে বিচ্ছিন্ন এবং যাওয়া কষ্টসাধ্য)। আমাদের মধ্যে রথীন্দ্রদা কাজ করেন প্রাইমেট নিয়ে। শিবলী ভাইয়া আর বেনেডিক্ট দার পাখি সম্পর্কে জানাশোনা সবচেয়ে বেশি। সামিয়া আপু পড়াশোনা করেছেন বাইরে। তাই আপু, রথীন্দ্রদা আর আমি শর্ট ও মিডিয়াম ট্রেইলগুলো, আর শিবলী ভাইয়া বেনেডিক্ট দাকে নিয়ে লং ট্রেইলগুলো (যেটাতে আন-ডিস্টার্বড স্থান বেশি) কাভার করার সিদ্ধান্ত হলো।পাখি স্পটিংয়ের জন্য সবচেয়ে সুবিধাজনক সময় হলো ভোর থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত। প্রথম দিন আমাদের শুরু করতে করতে প্রায় এক ঘণ্টা দেরি হয়ে গেল। হয়তো মেঘলা আকাশের জন্য আমাদের জিপিএস সিগন্যাল পেতে সমস্যা হচ্ছিল। শর্ট ট্রেইলের প্রথম লোকেশন এসটিডি-১ দিয়েই আমরা স্পটিং শুরু করলাম। প্রথম স্পটটিতে পাওয়া গেল সেপাই বুলবুলি, দুই ধরনের বসন্তবউরি, দাঁড়কাক, কালো ফিঙে, আর ছোট্ট একটি পেঁচা। একদল সাত ভায়লাকে দেখা গেল তাদের স্বভাবসুলভ ‘ক্যাচাল’ করে যেতে। প্রথম লোকেশনের ১০ মিনিটে অতি পরিচিত পাখিই দেখা গেল শুধু। স্পটিং শেষ হতে না-হতেই দেখা হলো লেখক আনিসুল হকের সঙ্গে। বন্ধুদের সঙ্গে তিনিও চলে এসেছিলেন সেদিন প্রকৃতির টানে। ঢাকা থেকে শ্রীমঙ্গল খুব সহজেই যাতায়াত করা যায় জাতীয় মহাসড়ক হয়ে মাত্র সাড়ে তিন ঘণ্টায়। তাই সপ্তাহান্তে প্রকৃতির সান্নিধ্যে লাউয়াছড়া ছুটে যাওয়া অসম্ভব নয় মোটেও! শর্ট ট্রেইলের পরের জায়গাটা ছিল বাঁশঝাড়ে পরিপূর্ণ। পরের স্পটটিতেও দেখা হলো বসন্তবউরিদের সঙ্গে, শব্দ শুনে চেনা গেল ছোট্ট পাখি মোচা টুনিকে। মিশ্র চিরহরিৎ বনের এরা। অচেনা ডাকগুলো রেকর্ড হতে থাকল সঙ্গে থাকা রেকর্ডারে। একে একে তিলা ঘুঘু, হলদে পাখি, সোনালি কাঠঠোকরার দেখা মিলল। লাউয়াছড়ার মাঝ দিয়ে চলে গেছে ঢাকা-সিলেটগামী রেলপথ। কোম্পানি আমলে চা-বাগানের সাহেবদের সাপ্লাই পৌঁছান ছিল এর কাজ। বর্তমানে পর্যটনবান্ধব হলেও এটি বন্য প্রাণীদের জন্য কতটা সুবিধা সৃষ্টি করছে, তা বলা মুশকিল। রেলপথ বেয়ে আরও দুটি লোকেশনে স্পটিং করা হলো। নতুন মিলল পাতা বুলবুলি আর নীল টুনি। মিডিয়াম ট্রেইলের মধ্যে দেখলাম নজরকাড়া কালো কাঠবেড়ালি। মাথার ওপর দিয়ে উড়ে গেল একটি সাপখাউরি বাজ। কানাকুক্কা আর বউ কথা কও পাল্লা দিয়ে ডেকে যাচ্ছিল চারপাশে। হঠাৎ হতাশা দূর করে দিয়ে রাস্তার পাশের লম্বা শালগাছে সামিয়া আপু স্পট করলেন একটি উল্লুক পরিবারকে—পুরুষ, স্ত্রী এবং কোলে ছোট্ট শিশু! গাড়ি থেকে নেমে স্ন্যাপ নিলাম। বিশ্বজুড়ে এরা বিপন্নপ্রায় প্রজাতি, বাংলাদেশে সবচেয়ে বড় গ্রুপ মেলে লাউয়াছড়াতেই। এরা সারা জীবন গাছেই কাটায়। নির্বিচারে বৃক্ষনিধন এদের আবাসস্থলকে সংকুচিত করে দিচ্ছে। উল্লুক নিয়ে কিছুক্ষণ আলোচনা শেষে তখনকার মতো আমরা ফিরে এলাম।পরদিন যোগ দিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট আনু ও জাহাঙ্গীর ভাই। আমরা তিনটি দলে বিভক্ত হতে পারলাম। এর পরদিন ভোর ছয়টায় শুরু হলো আমাদের অভিযান। আমার সঙ্গে সামিয়া আপু। লক্ষ্য এবার লং ট্রেইলের চারটি লোকেশন, সঙ্গে তিনটি আন-ডিস্টার্বড স্পট। পাখিরাও আমাদের হতাশ করল না। দুই চোখ ভরে উপভোগ করলাম ছোট্ট লাল ফুলঝুরি, মৌটুসী, লালবুক টিয়া, ট্রগোন, ছোট-ফিঙে-দুসাই, লাল সাতসহেলী, ধোপা জঙ্গলের মতো স্বর্গীয়-সুন্দর পাখি। বেশ কিছুক্ষণ থেকে ডাক শুনে আসছিলাম একটি পাখির। শুনেছি লেজঝোলা, হাঁড়িচাচা আর শ্যামার ডাক। সব শেষে দেখা পাই এক জোড়া ভীমরাজের।পাখির ছবি তুলতে না পারায় কিছুটা আফসোস থেকে গেছে—সবার জন্য তাই ফেসবুকে আমাদের ‘বার্ডস বাংলাদেশ’ গ্রুপে যোগ দেওয়ার নিমন্ত্রণ রইল!