পাখির গলি রমরমা
এখন যেটি নূপুর মার্কেট, একসময় সেটি ছিল নূপুর সিনেমা হল, রুপালি পর্দার নায়িকাদের নিটোল পায়ে নূপুর বাজত। এখন সেখানে শুধু বাণিজ্যের বেসাতি। তবে পাশের সেই ঘোষাল মার্কেট অনেকটা যেমন ছিল তেমনই আছে, পাশ দিয়ে হেঁটে গেলে পাখির কলকাকলি শোনা যায়। রিয়াজউদ্দিন বাজারের পরিচিত সেই পাখির বাজারে একসময় বিকিকিনি ঝিমিয়ে পড়লেও এখন আবার রমরমা। পাখির বাজারে ঢুকতেই খাঁচার ভেতর হরেক রকম পাখি মধুর সুরে গান গেয়ে যেন স্বাগত জানাল। সাদা, কালো, লাল, নীল, সবুজ, হলুদ, টিয়ের পাখা ঝাপটানো দেখে ক্রেতারা কেনার জন্য ভিড় জমাচ্ছেন। পাখির বাজারে এখন দোকান আছে প্রায় ১২টি। লাভ বার্ড, বাজরীগর, ককাটেল, সিলভারডাব, জাবা, ফ্রিন্স—খাঁচায় পোষা যায় এমন পাখিগুলোর আদিনিবাস অস্ট্রেলিয়ায়। এরপর ভারত হয়ে বাংলাদেশে আসে। কারণ আকারে ছোট হওয়ায় সহজেই এরা বড় পাখির আক্রমণের শিকার হয়। ফলে খাঁচার বাইরে এরা সহজে বাঁচতে পারে না। তাই এদের জন্ম খাঁচায়, মৃত্যুও। আরও রয়েছে ঘুঘু, কবুতর, তিতির, টিয়া, কোয়েল, প্যাঁচা, খরগোশ থেকে শুরু করে বানর পর্যন্ত। বাজারে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ হলেও বনের টিয়া, প্যাঁচা, বানর বিক্রি হচ্ছে অবাধে। এ ব্যাপারে বিক্রেতা মোহাম্মদ জাভেদ বলেন, ‘ছোট ছেলেরা এগুলো ধরে এনে কম দামে আমাদের কাছে বিক্রি করে। কবিরাজি ওষুধে ব্যবহারের জন্য এগুলো কেনেন কেউ কেউ। এসব প্রাণী দোকানে আমরা রাখতে চাই না।’এ ব্যাপারে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বন্যপ্রাণী শাখার গবেষণা কর্মকর্তা আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আদেশ ১৯৭৩-এর ৩ নম্বর তফসিলের ৫ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে— ওপরের যেকোনো ধরনের বন্যপ্রাণী শিকার, মারা, ধরা, আটক অথবা খাঁচায় বন্দী করে রাখলে ঘটনাসাপেক্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছরের সশ্রম কারাদণ্ডসহ সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোর, খুলনা, নওগাঁ, বগুড়া, পাবনা, দিনাজপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে খাঁচায় পোষা পাখি আসে বাজারে। আবার চট্টগ্রামেও কিছু বিক্রেতা স্বল্পপরিসরে খামারে পাখির বাচ্চা ফুটিয়ে বিক্রি করেন। আলী স্টোরের পাখি বিক্রেতা ইমরান আলী জানান, ‘প্রতিদিন ১০-২০ জোড়া পাখি বিক্রি হয়। ভাগ্য ভালো হলে এর চেয়ে বেশিও হয়।’ জানা গেছে, প্রতি জোড়া লাভ বার্ডের দাম এক হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ টাকা, বাজরীগর ৪০০ থেকে ৮০০, ককাটেল দুই থেকে ছয় হাজার, সিলভারডাব ৮০০ থেকে দুই হাজার ৫০০, জাবা এক হাজার ৫০০ থেকে তিন হাজার, অস্ট্রেলিয়ান ঘুঘু ৬০০ থেকে এক হাজার ২০০ টাকা। তিতির এক হাজার ৫০০ টাকা। বাচ্চা খরগোশের প্রতি জোড়ার দাম ৫০০ টাকা এবং পরিণত বয়সের খরগোশের দাম এক হাজার ২০০ টাকা।পাখি গলির পিজন পয়েন্টে দেখা গেল দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতর। রয়েছে সিরাজী, লক্ষা, জ্যাফপিন, পোটার, জার্মান ইজিপ্টশিয়ান সুইফট, ম্যাগপাই, নান, গিরিবাজের বেশ চাহিদা আছে বলে জানান বিক্রেতারা। পিজন পয়েন্টের স্বত্বাধিকারী মো. হালিম জানান, কবুতর ছয় মাস হলেই দুটি করে ডিম দেয়। ১৮ দিনে বাচ্চা ফুটে এবং দেড় মাস অন্তর ডিম দেয়। বয়স এক মাস হলেই বাজারে বিক্রি করা যায়। আকার ও জাতভেদে এসব কবুতরের দাম প্রতি জোড়া ৫০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। এখানে পাখির খাঁচা ও খাবার পাওয়া যায়। আকারভেদে খাঁচা বিক্রি হয় ২০০ থেকে ৩০০ টাকা। খাবার হিসেবে বিক্রি হয় কাঁকন ধান, চীনা ধান, গুজি তিল, গম, ভুট্টা ভাঙা প্রভৃতি। এসব খাবারের দাম পড়বে প্রতি প্যাকেট ৫০ থেকে ১০০ টাকা। লালখান বাজারের বাসিন্দা জিসান শখের বশে পাখি পোষেন। তিনি জানালেন, তাঁর কাছে লাভ বার্ড ও বাজরীগর পাখি আছে চার জোড়া। পাখির জন্য খাবার কিনে নিয়ে যান এখান থেকে। অসুখ হলে বিক্রেতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেই সারিয়ে তোলেন।