
রবিন নামের গানের পাখিটি ইংল্যান্ডে বেশ জনপ্রিয়। কিন্তু আলো আর শব্দদূষণের কারণে তারা ঠিকমতো গাইতে পারছে না। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন।
রাতের বেলায় শহরের একটি পার্কে বৈদ্যুতিক বাতির আলো আর রাস্তার শব্দে রবিন পাখিদের অসুবিধা হচ্ছে। ওই কৃত্রিম আলোর কী কী ক্ষতিকর প্রভাব পাখিটির ওপর পড়ছে—ওই গবেষকেরা তা মেপে দেখার চেষ্টা করেছেন। আর তার ফলাফল লিভারপুলের ব্রিটিশ ইকোলজিক্যাল সোসাইটির সভায় তুলে ধরেছেন। প্রধান গবেষক ফ্রান্সিস মুলানি বলেন, প্রায় সব শহরের পার্কেই রবিনদের পাওয়া যায়। কাজেই পাখিটি নগর বাস্তুসংস্থান গবেষণার জন্য আদর্শ প্রাণী। পুরুষ রবিনেরা দিনের শুরুতেই নিজেদের কাজকর্ম শুরু করে দেয়। আর সেটা অন্যান্য প্রজাতির তুলনায় আগে। কাজেই এই পাখি আলোদূষণের প্রতি সংবেদনশীল হওয়ার সম্ভাবনাই বেশি।
পুরুষ রবিন পাখিগুলো আগ্রাসী এবং তাদের কণ্ঠ বেশ কিছু দূর পর্যন্ত পৌঁছায়। এভাবে গান করেই তারা সম্ভাব্য সঙ্গিনী খুঁজে নেয়। কীভাবে আলো ও শব্দের দূষণ পাখিগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে—তার ভিত্তিতে ওই গবেষকেরা পাখিগুলোর আধিপত্যের একটি শ্রেণিবিভাগ করেছেন। এতে দেখা যায়, আলোকিত পথের কাছে বসবাসকারী রবিনগুলোর অবস্থান তুলনামূলক নিচে থাকে।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের প্রাণিস্বাস্থ্য গবেষক ডেভিড ডমিনোনি বলেন, এই গবেষণায় শহুরে আলো ও আওয়াজের দূষণজনিত প্রভাব সম্পর্কে নতুন দিশা মিলেছে।
গবেষকেরা এখন এ বিষয়ে আরও কাজ করছেন। আর যাচাই করে দেখছেন ঠিক কীভাবে রাতের আলো পাখিদের সুস্থতার ওপর প্রভাব বিস্তার করে। তাঁরা আশা করছেন, এই গবেষণার ফলাফল নগর-পরিকল্পনায় কাজে লাগানো যাবে। মানে, পার্কগুলো যাতে মানুষের পাশাপাশি অন্য প্রাণীদের জন্য উপযুক্ত স্থানে বানানো যায়, ইত্যাদি বিষয়ে।