পাখির গ্রাম উগলছড়ি
কাপ্তাই হ্রদের মাঝে ছোট্ট দ্বীপের মতো জেগে থাকা উগলছড়ি গ্রামের বাসিন্দাদের ঘুম ভাঙে পাখির ডাকে। পড়ন্ত বিকেলে গ্রামের কাছাকাছি গেলে শোনা যায় হাজারো পাখির কিচিরমিচির। এখানকার দেড় শ পরিবার পাখিদের আত্মীয়র মতোই জানে। গাছগাছালিতে ভরা উগলছড়ি গ্রামের অবস্থান রাঙামাটির বাঘাইছড়িতে। ছোট্ট সবুজ এই গ্রামে মানুষের সঙ্গে যেন মিতালি পাতিয়েছে পাখিরা। পানকৌড়ি, সাদা বক, শালিক, ঘুঘু, কাক, দোয়েলসহ নানা জাতের পাখির সঙ্গে গাছে গাছে আস্তানা গেড়েছে বাদুড়ও।পাখি, বাদুড় ফসল আর ফল খায়। গ্রামের লোকজন এই ক্ষতি মেনে নিয়েই পাখিদের আশ্রয় দিয়েছেন। গ্রামের বাসিন্দা জোফরা বেগম (৬৫) বলেন, ‘বাদুড় ও পাখি ফসল ও ফল খেয়ে অনেক ক্ষতি করে। তার পরও এগুলো এখানে থাকায় আমাদের ভালো লাগে। আমরা এগুলোর কোনো ক্ষতি করি না বরং রক্ষার চেষ্টা করি।’ গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এই গ্রামে বাদুড় ও পাখি আবাস গড়ে তোলে প্রায় সাত-আট বছর আগে। গ্রামবাসী মো. নুরুল ইসলাম বলেন, গ্রামের গাছপালাগুলোতে প্রথমে অল্প কিছু বাদুড় আশ্রয় নিয়েছিল। এগুলো বংশ বৃদ্ধি করেছে। এখন বাদুড়ের সংখ্যা লাখের কাছাকাছি হবে। এ ছাড়া প্রায় অর্ধশত কড়ইগাছ, সেগুনগাছ ও জারুলগাছে বিভিন্ন জাতের পাখিও নির্বিঘ্নে বসবাস করছে। সম্প্রতি সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে আছে চারদিক। গ্রামের লোকজন পাখি শিকার করেন না বলে জানালেন। উল্টো পাখি শিকারে বাধা দেন তাঁরা।স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য মো. বদিউল আলম প্রথম আলোকে বলেন, এ গ্রামে দীর্ঘ আট বছর ধরে বসবাস করছে পাখি। গ্রামে কাউকে শিকার করতে দেওয়া হয় না। এগুলোকে রক্ষায় নানা উদ্যোগও নেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, একটি গ্রামকে নিরাপদ ভেবে পাখিরা সেখানে আশ্রয় নিয়েছে। তাই এগুলোকে রক্ষা করা সবার দায়িত্ব।বন বিভাগের শিজক রেঞ্জ কর্মকর্তা শঙ্কর কুমার কর প্রথম আলোকে বলেন, ‘বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগকে এ গ্রামের কথা জানানো হবে। পাখির এই অভয়াশ্রম যাতে টিকে থাকে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব।’