পাখির চোখে শহর দেখা
চট্টগ্রাম শহরটা পাখির চোখে দেখতে হলে যেতে হবে বাটালি পাহাড়ে। ২৮০ ফুট উঁচু এই পাহাড়ের চূড়ায় উঠলে দেখা যাবে দক্ষিণের দিগন্তজুড়ে ফিতার মতো বঙ্গোপসাগর। এখানে দাঁড়ালে সাগরের জলে ভাসতে থাকা জাহাজগুলোকে মনে হবে বাদামের খোসার মতো। উঁচু-নিচু পাহাড়ি পথ দিয়ে ছুটে চলা গাড়িগুলো যেন পিঁপড়ার সারি। একটু পাশ ফিরলেই কর্ণফুলী। সেখান থেকে বয়ে আসা সোঁদা হাওয়ায় এলোমেলো হবে চুল। চট্টগ্রাম প্রাচ্যের রানি—যাদের সংশয় আছে এ কথায়, বাটালি পাহাড়ে এলে সে সংশয় কেটে যাবে।প্রতিটা শহরেরই একটা আইকন থাকে, যার ছবি দেখলে মুহূর্তেই গোটা শহর চোখের সামনে ভেসে ওঠে। পাহাড়, নদী ও সমুদ্র-ঘেরা এই শহরে স্বীকৃত কোনো আইকন নেই। বাটালি পাহাড় সেই শূন্যতা অনেকটাই যেন পূরণ করেছে।টেলিভিশন চ্যানেলগুলোতে এই শহরকে চটজলদি চিনিয়ে দেওয়ার জন্য যে কয়েকটি দৃশ্য ব্যবহার করা হয়, বাটালি পাহাড়ও সেখানে উপস্থিত থাকে। টাইগারপাস মোড় থেকে একটু এগোলে দুই পাশে খাড়া পাহাড়, মাঝখানে পায়ে চলা পথ। কিছুদূর হাঁটলেই পৌঁছানো যাবে পাহাড়ের পাদদেশে। সেখানে ধাপে ধাপে উঠে গেছে সিঁড়ি পাহাড়ের চূড়া পর্যন্ত। চূড়ায় পৌঁছালে কিছুক্ষণ সময় লাগবে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হতে। ধাতস্থ হয়ে চারদিকে তাকালে মনে হবে, আকাশটা নেমে এসেছে অনেকখানি। একটু কিনারে গিয়ে দাঁড়ালে দেখা যাবে শহরটাকে। বিশাল শহরটা ছোট হয়ে যেন এই পাহাড়ে নিচে হুমড়ি খেয়ে পড়েছে।বাটালি পাহাড়ের চূড়ায় দর্শনার্থীদের জন্য শহর দেখার একটা ব্যবস্থাও করা হয়েছে। ঝোপঝাড় কেটে চারপাশে তৈরি করে দেওয়া হয়েছে রেলিং। তবে এখন সে জায়গাটা একরকম হতশ্রী হয়ে পড়েছে। বসার জায়গা ও রেলিং ঢেকে গেছে আগাছায়। সিটি করপোরেশনের উদ্যোগে এখানে মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ তৈরি করা হয়েছে। তবে সেটির পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ নেই। ঢাকার পোস্তগোলা থেকে পরিবার নিয়ে চট্টগ্রামে বেড়াতে এসেছিলেন ব্যবসায়ী নুরুল আলম। ‘বাটালি হিলের সেই বিকেল’ গানটি শুনে বাটালি পাহাড়ের প্রতি তাঁর ভালো লাগা তৈরি হয় বলে জানালেন। চট্টগ্রামে এসে তাই প্রথমেই এই পাহাড়ে উঠেছেন। এখানে এসে কেমন লাগছে জানতে চাইলে বলেন, ‘অপূর্ব, ভাই, আমাদের ঢাকার যদি এমন একটা বাটালি পাহাড় থাকত!’ বাটালি পাহাড়ের কিনারায় রেলিং ধরে দাঁড়িয়ে চোখ সুদূরে ভাসিয়ে দিলে মন ভালো হয়ে যাবে। দেখা হয়ে যাবে আগ্রাবাদের জীবন বীমা, আখতারুজ্জামান ভবন ও সদরঘাটের পিকেসেন ভবনের মতো নতুন-পুরোনো বহু দালান। চোখে পড়বে সবুজ পাহাড়ের সারি। তবে সোজা নিচে তাকালে মন খারাপ হতে বাধ্য। পাহাড়ের ঢালে ও পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করছে বহু দরিদ্র পরিবার। গত কয়েক বছরে এখানে পাহাড় ধসে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে।বখাটে ও মাদকাসক্তদের কারণে অনেক সময় বিপত্তিতে পড়তে হয় এখানে বেড়াতে আসা মানুষজনকে। নিরাপত্তা ও তত্ত্বাবধানের জন্য ১০ জন আনসার সদস্য থাকলেও বখাটেদের উৎপাত থামছে না।