পাখির জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানছড়ি-দুধুকছড়া সড়কের চেঙ্গী সেতু পার হয়ে রাস্তার ধারে একটু দাঁড়ালেই শোনা যায় পাখির কিচিরমিচির শব্দ। শব্দের উৎস ধরে সড়ক থেকে বাঁ পাশে এক-দেড় শ গজ এগোলেই দেখা যায় গাছগাছালি ছাওয়া একটি বাড়ি। বাড়ির আঙিনাজুড়ে নানা ফলের গাছে মেলা বসিয়েছে হরেক রকম পাখি।উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ার এই বাড়িটি যেন পাখির অভয়াশ্রম। বাড়ির মালিক ষাটোর্ধ্ব আনন্দ রাখাল চাকমা নিজের সন্তানের মতো ভালোবাসেন পাখিদের। পাখির কলকাকলি শুনে আর গাছ থেকে গাছে ওড়াউড়ি দেখে পরম আনন্দ পান তিনি। আনন্দ পান গ্রামের ছেলে-বুড়ো সব বয়সের মানুষজনও। সম্প্রতি পাখির এই অভয়াশ্রম দেখতে গিয়ে এমন তথ্য পাওয়া যায়।বাড়ির আঙিনায় প্রায় ৪০ শতক জায়গায় ফলের গাছ লাগিয়েছেন আনন্দ রাখাল চাকমা। সেখানে আস্তানা গেড়েছে ময়না, শালিক, পানকৌড়ি, বক, বাবুইসহ বিভিন্ন পাখি। এক-একটি গাছে বাসা বেঁধেছে একেক জাতের পাখি। পাখিপ্রেমী আনন্দ রাখাল চাকমা দিনের একটা সময় বাগানে কাটান। পাখিদের খাবার দেন, একমনে শোনেন তাদের কিচিরমিচির। দেখলে মনে হবে পাখির ভাষা বোঝেন তিনি।একসময় এই গ্রামের পাশেই ছিল নিবিড় বন। প্রচুর পাখির আনাগোনা ছিল সেই বনে। এখন জনসংখ্যা বেড়ে যাওয়ায় কমেছে গাছপালা। পাখিরাও আর আগের মতো আসে না। তবে আনন্দ তাঁর বাড়িতে ফলের গাছ লাগিয়ে ফিরিয়ে এনেছেন পাখিদের। গ্রামবাসীদের উদ্বুদ্ধ করেছেন পাখি শিকার না করতে।চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা বলেন, ‘আনন্দ রাখাল চাকমার মতো আর কোনো পাখিপ্রেমী মানুষ এ জেলায় আছে বলে আমার জানা নেই। পাখির প্রতি ভালোবাসার কারণে এলাকার মানুষজন তাঁকে শ্রদ্ধা করে।’ আনন্দ রাখাল চাকমা বলেন, ‘আমার বাড়ির চারদিকে আম, জাম, কাঁঠাল, সুপারি আর বাঁশের বাগান করেছি। গত এক দশক ধরে এই বাগানে বিভিন্ন জাতের শত শত পাখি বাসা করেছে। প্রতিদিন ভোরে পাখিরাই আমাকে ঘুম থেকে জাগায়। সকাল হতেই এরা দূরদূরান্তে চলে যায় এবং সন্ধ্যায় ফিরে আসে। পাখির জন্য প্রতিদিন একটা উঁচু চৌকিতে খাবার তুলে রাখি। পাখিরা এখন আমার পরিবারের সদস্য। পাখির কথা ভেবে বাগানের গাছ, বাঁশও কাটি না।’ কেবল আনন্দ রাখাল নন, এখন গ্রামের সবাই পাখি রক্ষায় সচেষ্ট হয়েছেন। এ প্রসঙ্গে গ্রামের যুবক এডিসন চাকমা ও কৃতীবসু চাকমা বলেন, ‘নিরাপদ আশ্রয়স্থল মনে করে প্রতিদিন সন্ধ্যার আগে পাখিরা আমাদের গ্রামে আসে। তারা যেন শিকারে পরিণত না হয় সে ব্যাপারে আমরা সব সময় সচেতন থাকি।’