গত শুক্রবার সন্ধ্যায় শিল্পকলায় মঞ্চস্থ হলো উত্তরাধিকার প্রযোজিত মৃত্যুপাখি নাটকটি। রূপক আশ্রয়ী এ নাটকটি ছিল উত্তরাধিকারের একটি নতুন প্রযোজনা। এ নাটকে যে ঘটনাগুলো দেখানো হয়েছে, তার কোনোটিই লেখকের কাল্পনিক চিন্তাচেতনা থেকে আসেনি। ১৯৭১-এ ঘাতকেরা দলীয় ও হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে পাকিস্তানকে সমর্থন করে। শুধু তাই নয় মুক্তিকামী বাঙালিকে নিশ্চিহ্ন করে দেওয়ার মানসে তারা সারা দেশে পাকিস্তানি সৈনিকদের সমর্থনে নেমে আসে। হত্যা ও ধর্ষণ তাদের একমাত্র কাজ ছিল। এরা আজও স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না। তার পরও নানা রাজনীতির মারপ্যাঁচে এরা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি জাতীয় দৈনিকে ‘সেই রাজাকার’ নামে প্রকাশিত হচ্ছিল ধারাবাহিক লেখা। সংবাদপত্রের পাতাগুলো তখন বদলে যায়। পাতা রূপ নেয় পাখিতে। একাত্তরের ঘাতকদের ঘটানো প্রতিটি কাহিনিই বাংলার পাখিদের ঠোঁটে উড়ে আসে। এ ভাবনারই বহিঃপ্রকাশ মৃত্যুপাখি।নাটক শেষে কথা হয় নাট্যব্যক্তিত্ব সন্জীব বড়ুয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এটি একটি সময়োপযোগী প্রযোজনা। এখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে, নাটকে লোকজ ফর্ম ব্যবহার করে একাত্তরের কিছু সত্য ঘটনা রূপকের আশ্রয়ে তুলে ধরা হয়েছে। মঞ্চসজ্জায়ও গ্রামের আবহ আনার চেষ্টা করা হয়েছে। এক কথায় প্রথম দিকের প্রদর্শনী হিসেবে যথেষ্ট ভালো হয়েছে। ছোট-খাটো যেসব ত্রুটি রয়েছে, আশা করা যায়, পরবর্তী সময়ে প্রদর্শনীগুলোতে তা আর থাকবে না।’ মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা বলেন, ‘ভালো লেগেছে, মুক্তিযুদ্ধের কিছু সত্য ঘটনাকে অত্যন্ত শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়েছে। এখনকার ছেলেমেয়েদের এ নাটকটি দেখা উচিত।’ তানভীর আহমদ সিডনীর রচনা মৃত্যুপাখি নাটকটির নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার। অভিনয়ে ছিলেন অসিত দাশ, মঈন উদ্দিন, জাহেদুল আলম, রাজিউল হাসান, মাজহারুল আলম, মাহমুদ রাসেল, গিয়াস উদ্দিন, মোহাম্মদ ইরফান উদ্দিন, কনক দত্ত, রৌশনারা আক্তার, জোবাইদা নাহার প্রমুখ। আলোক পরিকল্পনায় ছিলেন মোসলেম উদ্দিন সিকদার, মঞ্চ ও পোশাকে আলী আহমেদ। সুর ও আবহসংগীতে মঈন উদ্দিন।