পাখিশালার পাশে ইটভাটা!
রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলে শেখ রাসেল পাখিশালা ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার কাজ চলছে। কিন্তু এ কেন্দ্রের পাশে গড়ে ওঠা নয়টি ইটভাটা উচ্ছেদের এখনো কোনো উদ্যোগ নেয়নি বন বিভাগ। ফলে ইটভাটার কালো ধোঁয়ার হুমকির মুখে রয়েছে পাখিশালা ও বিনোদনকেন্দ্র। রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইদ্রিছ জানান, প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিকভাবে গাছপালা বেড়ে ওঠায় ক্ষতিকর প্রভাব বিস্তার করে কালো ধোঁয়া। এমনকি এ পরিবেশে পক্ষীকুলের অস্তিত্ব টিকিয়ে রাখা খুবই দুরূহ ব্যাপার। ফলে ইটভাটার কারণে পাখিশালা ও বিনোদনকেন্দ্রের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। বন বিভাগ সূত্র জানায়, পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলে পাখিশালা ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়। ২০১০ সালের ৭ আগস্ট প্রায় ৬০০ একর বনভূমিজুড়ে এ পাখিশালা ও বিনোদনকেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিট কর্মকর্তা মিজানুর রহমান জানান, রাঙ্গুনিয়ায় বাস্তবায়নাধীন পাখিশালা ও বিনোদনকেন্দ্রে পক্ষীকুলের স্নানাহারের জন্য আকর্ষণীয় লেক ও লেকের মধ্যে দ্বীপসহ অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এ ছাড়া পক্ষীকুলের খাদ্য উৎপাদনের জন্য বট, অশ্বত্থ, পাকুড়, আমলকী, ডুমুরগাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের বাগান সৃজন করা হচ্ছে। এক-তৃতীয়াংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তিন বছরে সম্পূর্ণ কাজ শেষ হবে। মিজানুর রহমান বলেন, রাঙ্গুনিয়ার বাস্তবায়নাধীন কেন্দ্রটি দেশের প্রথম পাখিশালা ও বিনোদনকেন্দ্র। এ কেন্দ্র প্রতিষ্ঠিত হলে সুরক্ষিত হবে প্রাকৃতিক পরিবেশ। পক্ষীকুল ফিরে পাবে নিরাপদ আবাসস্থল। কিন্তু কেন্দ্রের পাশে গড়ে তোলা ইটভাটাগুলোর কারণে ব্যাহত হতে পারে মূল উদ্দেশ্য। স্থানীয় লোকজন জানান, বাস্তবায়নাধীন পাখিশালা ও বিনোদনকেন্দ্রের বনাঞ্চলের আশপাশে নয়টি ইটভাটা রয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর হলেও ইটভাটাগুলো পরিবেশ বিভাগের ছাড়পত্রও পেয়েছে। চট্টগ্রাম বন গবেষণাকেন্দ্রের কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, বাস্তবায়নাধীন পাখিশালা ও বিনোদনকেন্দ্রের পাশে অবস্থিত ইটভাটাগুলো পাখির খাদ্যের বাগান গড়ে তোলায় প্রাকৃতিকভাবে প্রতিবন্ধকতা ও পক্ষীকুলের জীবনযাপনে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করবে। এতে পাখিশালা ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার মূল লক্ষ্যই ব্যাহত হতে পারে বলে তিনি আশঙ্কা করেন।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ইটভাটাগুলো বন্ধের জন্য অনুরোধ করলেও মালিকেরা তোয়াক্কা করছেন না। পাখিশালা ও বিনোদনকেন্দ্র বাস্তবায়নের প্রক্রিয়া বিঘ্নিত হলেও প্রভাবশালী মালিকেরা কাঠ পুড়িয়ে ইট তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে ইটভাটার কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে পাখিশালা ও বিনোদনকেন্দ্রসহ বনাঞ্চলের চারপাশে।এ ব্যাপারে এবিএম নামের একটি ইটভাটার মালিক নবির হোসেন বলেন, ‘ইটভাটাগুলো পাখিশালা ঘোষণার ১৮ থেকে ২০ বছর আগেই গড়ে তোলা হয়েছে। প্রতিটি ইটভাটায় কোটি টাকার ওপরে বিনিয়োগ রয়েছে। ইটভাটা বন্ধ করলে আমরা চরম ক্ষতির সম্মুখীন হব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে আমরা ইটভাটা করেছি। এ ছাড়া ইটভাটাগুলোর আয়ের একটি অংশ সমিতির মাধ্যমে প্রতিবছর পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়।’চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা বখতিয়ার নুর সিদ্দিকী বলেন, ‘পাখিশালা ও বিনোদনকেন্দ্রের পরিবেশ ও বনাঞ্চল রক্ষার জন্য ইটভাটাগুলো উচ্ছেদ করা জরুরি। এ জন্য কেন্দ্রের বনাঞ্চলের পাশের ইটভাটাগুলো উচ্ছেদের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবরে লিখিতভাবে জানানো হয়েছে। প্রয়োজনে আবারও বিশেষ পত্র পাঠানো হবে। পাখিশালার আশপাশসহ রাঙ্গুনিয়ার প্রত্যন্ত এলাকার সব অবৈধ ইটভাটা উচ্ছেদের জন্য শিগগিরই অভিযান চালানো হবে।’