যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ভয় পাই, সে জিনিসটাই আমার সঙ্গে সব সময় হয়। এবারও হয়েছে। এসএসসি পরীক্ষাটা এমন হয়েছে, পাস করব না ফেল করব ঠিক বুঝতে পারছি না। পদার্থবিজ্ঞান পরীক্ষাটাই যত ঝামেলার মূল। পরীক্ষাটা আরেকটু ভালো হতে পারত না! অথবা আরেকটু খারাপ হলেই বা ক্ষতি কী ছিল! না-হয় পরের বার আবার পরীক্ষা দেওয়ার জন্য এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে পারতাম। তা না, আমাকে একটা দোটানার মধ্যে ফেলে দিয়েছে। এর জন্য এখন কোনো কাজে মন বসাতে পারছি না। শান্তিতে একটু ঘুমাতেও পারছি না। মাথার মধ্যে সারাক্ষণ সেটা ঘুরঘুর করে। পাস করব, না ফেল করব; ফেল করব, না পাস করব।এলাকার এক বড় ভাই বললেন, খানিকটা দূরে নাকি পাগলা মামা নামে একজন লোক থাকেন। তিনি নাকি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারেন। তাঁর কাছে গেলে আমার এসএসসি পরীক্ষার ফল জেনে নিতে পারব। কথাটা এই প্রথম শুনলাম। তাই ভাবলাম, পাগলা মামার কাছে যাওয়ার আগে তাঁর সম্পর্কে একটু খোঁজ-খবর নেওয়া দরকার। পরিচিত আরেক বড় ভাইকে জিজ্ঞেস করলাম পাগলা মামার কথা। তিনিও বললেন, ঘটনা সত্যি। কারণ, তিনি ও তাঁর এক বন্ধু নাকি এইচএসসি পরীক্ষা দিয়ে পাগলা মামার কাছে গিয়েছিলেন ফলাফল জানতে। পাগলা মামা তাঁকে বললেন, ‘তুমি দ্বিতীয় বিভাগে পাস করবে’, আর তাঁর বন্ধুকে বললেন, ‘তুমি ফেল করবে।’ পরে যখন ফল প্রকাশিত হয়েছে, তখন দেখা গেছে, ঠিকই তিনি দ্বিতীয় বিভাগে পাস করেছেন এবং তাঁর বন্ধু ফেল করেছেন।ভাবলাম, আমারও যাওয়া দরকার। কিন্তু একা একা যেতে সাহস পাচ্ছি না। তাই অনেক কষ্টে আমার মতো আরেকজনকে খুঁজে বের করেছি। তার নাম জুবায়ের। তারপর একদিন সকালে জুবায়ের আর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম পাগলা মামার খোঁজে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পাগলা মামার বাড়িতে পৌঁছলাম। কিন্তু হায়! পাগলা মামার বাড়িতে এত ভিড় কেন! উঠানের মধ্যে সবাই বৃত্তের মতো গোল হয়ে বসে আছে এবং তার ভেতর একটি লোক লাঠি হাতে নিয়ে হাঁটাহাঁটি করছে। আমাদের সাইকেলটি একটু আড়ালে রেখে ভিড় ঠেলে সামনে এসে উঁকি দিতেই সেই লোকটি বলল, ‘আসেন, আসেন।’ বলেই আমাদের হাত ধরে টেনে সবার সামনে নিয়ে গেলেন এবং বললেন, ‘আপনারা পরীক্ষার ফল জানতে এসেছেন, তাই না? কিন্তু আপনাদের তো আজকে সিরিয়াল দিতে পারব না। আপনাদের আগামীকাল আসতে হবে।’ তখন বুঝতে পারলাম, তিনিই পাগলা মামা। তারপর জুবায়ের আর আমি সাইকেল নিয়ে চলে এলাম।পরদিন সকালে আবার গেলাম। কিন্তু একি! আজ যে আরও ভিড়। মনে হয় না বিকেলের আগে সিরিয়াল পাব। সারা দিন বসে থাকার পর বিকেল তিনটার দিকে আমাদের ডাকা হলো। জুবায়েরের দিকে আঙুল তুলে পাগলা মামা বললেন, ‘তুমি পরীক্ষায় নকল করেছ।’ জুবায়ের মাথা নিচু করে বলল, ‘জি।’ তখন উঠানে বসা সবাই হাসি শুরু করল। তারপর পাগলা মামা বলল, ‘তোমরা দুজনই পাস করবা।’ জুবায়েরকে বলল, সে দ্বিতীয় বিভাগে আর আমি তৃতীয় বিভাগে। তারপর দুঃখ ভারাক্রান্ত মনে আমরা দুজন পাগলা মামার বাসা থেকে চলে এলাম।আমার দোটানা সমস্যাটা আরও বেড়েছে। এখন সেটি হলো তিনটানা। আমার একটি পরীক্ষা খারাপ হয়েছে। সেটিতে ফেল করলেও মোট নম্বর প্রথম বিভাগেরই থাকবে। কিন্তু আমি তৃতীয় বিভাগ পাব সেটা কোনোভাবেই আমার মাথায় ঢুকছে না। আবার পাগলা মামার কথাটা উড়িয়ে দিতেও পারছি না। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন এল। আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে। জোবায়ের আর আমি আগে থেকেই পরিকল্পনা করেছি। বাসা থেকে টাকা-পয়সা নিয়ে বের হব। যদি আমাদের ফল খারাপ হয়, তাহলে রেলস্টেশনে গিয়ে যে ট্রেন পাব সেই ট্রেনে চড়ে কোথাও চলে যাব। দুই-চার দিন পর টাকা-পয়সা শেষ হলে তারপর বাসায় ফিরব। আমরা বিকেলে স্কুলে গেলাম ফল জানতে। প্রধান শিক্ষক সবাইকে ডাকলেন। এক এক করে সবার ফল বলতে লাগলেন। আমি ও জুবায়ের দুজনই পাস। জুবায়ের দ্বিতীয় বিভাগ পেলেও আমি প্রথম বিভাগ। তখন বুঝতে পারলাম, পাগলা মামার কথা সব সময় ঠিক হয় না।মো. আমিনুর রহমান