পাগলামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৃষ্টিতে ভিজতে ভিজতে চা খেয়েছিস কখনো?’উফ্! কী অদ্ভুত একটা প্রশ্ন! আমি চায়ের কাপটা নামিয়ে সরু চোখে চপলের দিকে তাকালাম। ঘটনা কী? অবশ্য এমন আজব প্রশ্ন চপল ব্যাটাকে দিয়েই সম্ভব।‘শোন, আমি নরম্যাল পৃথিবীর খুব নরম্যাল একটা মানুষ। তোর মতো মহামানব, মানে অ্যাবনরম্যাল চিন্তা আমার মাথায় আসে না।’ চোখমুখে চরম বিরক্তি নিয়ে বললাম। চপল মুচকি হেসে আকাশের দিকে তাকাল। ওর ওই ঠোঁটের কোণের সূক্ষ্ম রহস্যময় হাসিটা আমার গায়ে জ্বালা ধরিয়ে দেয়। কী অদ্ভুত আর বিরক্তিকর একটা ছেলে। এই তো কিছুদিন আগে খবর পেলাম, তিনি নাকি হিমু হয়ে যাচ্ছেন! হলুদ পাঞ্জাবি পরে কেএফসিতে (কাশেম ফুড কর্নার) বসে চা খাচ্ছেন! অবশেষে ক্লাসের সবাই তাকে বলে-কয়ে সাধারণ মানুষের জগতে ফেরত আনলাম। সেদিনও সেই বিরক্তিকর হাসি। বলে কিনা, ‘শুধু তোর কথায় সব ছেড়ে দিলাম, নইলে সত্যি সত্যি...।’ আর ক্লাসের মধ্যে অফ পিরিয়ডে বৃষ্টি নামলে তো কথাই নেই। সামনে যে কয়টাকে পাবে, সবকটাকে ধরে নিয়ে বৃষ্টিতে ভেজাবে। কোনো মানে হয়! বৃষ্টিতে মানুষ কী করে ভেজে? ঠান্ডা লেগে যায় না বা অ্যালার্জি হয় না? চপলটা এত পাগল! এত পাগলামির পরও এত ভালো রেজাল্ট করে কী করে, কে জানে!কাল সারা দিন বৃষ্টি ছিল। ভোরবেলা থেকেই ঝুমবৃষ্টি। ক্লাসে যেতে হয়নি, তাই সারা দিন ইচ্ছামতো ঘুমিয়েছি আর গল্পের বই পড়েছি। সন্ধ্যার পর হঠাৎ মন খারাপ হতে শুরু করল। চপল সারা দিনে একটা ফোনও করল না! না হয় একটা এসএমএসই দিত! অবশ্য এত বৃষ্টিতে তার কী আর বন্ধুদের কথা মনে আছে? আচ্ছা, সারা দিন বৃষ্টিতে ভিজে অসুখ করেনি তো? ধুৎ, অসুখ করলে তো এতক্ষণে খবর পেয়ে যেতাম। ওর হলে আমার ক্লাসের কম ছেলে থাকে নাকি! যা খুশি তা-ই করুক। আমাকে মনে রাখে না, আমার কী দরকার মনে রাখার। চরম মেজাজ খারাপ নিয়ে ঘুমাতে গেলাম।আজ হঠাৎ খুব ভোরে ঘুম ভাঙল। আজও বৃষ্টি। পরপর দুদিন ক্লাসে না যেতে একদম ভালো লাগে না। একটু পর মুঠোফোনের মেসেজ টোন বেজে উঠল। মহারাজের এতক্ষণে মনে পড়েছে আমার কথা। ‘চৈতি, আমি তোর গেটে দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে বৃষ্টিতে ভিজবি? আয় না, প্লিজ।’আমি আর চপল পাশাপাশি হাঁটছি। ঝুমবৃষ্টি আমাদের কাকভেজা করে দিয়েছে। পাগলটা কোত্থেকে কদম ফুল নিয়ে এসেছে, সেগুলো এখন আমাকে বইতে হচ্ছে। আজকের বৃষ্টিটা তো একদমই খারাপ লাগছে না। চপল কি শেষ পর্যন্ত আমাকেও পাগল বানিয়ে ছাড়ল? ভেজা ঘাস, সবুজ পাতা, ঝরা কৃষ্ণচূড়া, বৃষ্টির শব্দ, নির্জন রাস্তা—সবকিছুই এত অদ্ভুত সুন্দর লাগছে! চপল হঠাৎ আমার একটা হাত ধরল। নির্জন প্রকৃতির মাঝে নিঃশব্দে হেঁটে যেতে যেতে আবিষ্কার করলাম, আমি বৃষ্টিকে অনেক ভালোবেসে ফেলেছি।কাঁকনঢাকা বিশ্ববিদ্যালয়।