পাগলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঈদে অবশ্যই বাসায় আসবি, না এলে...।’ আর মাত্র কিছুদিন পরই পাগলিটার সঙ্গে দেখা হবে। কথা ছিল, আমাকে ৩১টা কান নিয়ে যেতে হবে; কারণ ইতিমধ্যেই সে ৩১ বার কান টেনে ছিঁড়ে ফেলার রায় দিয়ে দিয়েছে। কথা ছিল, দেখা হলেই কার্যকর হবে। ব্যথার ওষুধ নিয়ে যাওয়ার কথা ছিল; কারণ তার কাছে ২৭টা চড় জমা আছে। পরচুলা নিতে হতো ১৯টি। পাগলিটা জানে না, তার ছাগলটা সব হিসেব করে রেখেছে। এখন এসবের প্রয়োজন ফুরিয়েছে। অনেক দিন হয়ে গেল, আমার পাগলিটা আর কথায় কথায় কান টেনে ছেঁড়ে না। চড় জমা রাখে না, আমাকে আর পরচুলার হিসাব রাখতে হয় না। তবুও দেখা হবে, হয়তো এসব আর কিছুই হবে না। হয়তো ভদ্রতাসুলভ কেমন আছি-জাতীয় কিছু বাক্যালাপ অথবা এমন পটু অভিনয় করব, যেন কিছুই হয়নি আমাদের মাঝে। আমার মধুর শাস্তিগুলো আর পাওয়া হলো না। আমার পাগলিটা হঠাৎ করেই বদলে গেল। আচ্ছা, এভাবে বদলে যায় কেন মানুষ? একেবারে অচেনা। আমার রাতগুলো আর দ্রুত ফুরিয়ে যায় না, এখন অনেক বেশি দীর্ঘায়িত। রাতের দীর্ঘ বাস...আমাকে আর কেউ জাগিয়ে রাখবে না। এবার বাসে ওষুধ খেয়ে হলেও ঘুমাব। জেগে থাকলেই যে বারবার চোখ মোছার ঝামেলা। আমার নীল কষ্টগুলোকে যদি নীল মেঘের দেশে ফিরিয়ে দিতে পারতাম! আমার পাগলিটা জানে না, তার এই অকস্মাৎ পরিবর্তনে আমি কতটা জর্জরিত হচ্ছি প্রতিনিয়ত। আসলে পাগলিটাকে কখনো বুঝতেই দিইনি। এমন ভাব দেখাচ্ছি যেন তার চেয়ে আমিই বা কম কী, আমিও তার মতো নিজেকে আমূল পাল্টে নিয়েছি। যাকে ভালোবাসা যায়, তার জন্য সব কষ্ট মেনে নেওয়া যায়। কিন্তু তাকে তো কষ্ট দেওয়া যায় না। আমার পাগলিটা ভালোই আছে। ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখাটাতেও বিধাতা কী এক সুখ রেখেছেন! তবু এখনো নিঝুম রাতে যখন বুক মোচড়ানো চাপা কান্না বেরিয়ে আসে, চেপে রাখি, পাছে শত মাইল দূরের আমার পাগলিটার ঘুম ভেঙে যায়। ঈদে দেখা হবে পাগলিটার সঙ্গে। ভুল লিখলাম, দেখা হবে এক অচেনা মানুষের সঙ্গে। সে তো আর আমার ‘পাগলি’ নেই।আবির শুভআইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।