পাচনের নানা পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রের শেষদিন নিরামিষ খাওয়ার রেওয়াজ বাঙালির। একসময় কেবল হিন্দু পরিবারগুলোতে নিরামিষ বা পাচন রান্নার চল ছিল। এখন মুসলিম পরিবারগুলোতে বছরের শেষদিনে পাচন রান্না হয়। নগরের কাঁচাবাজার, ফুটপাত থেকে শুরু করে সুপারস্টোরেও বিক্রি হচ্ছে পাচনের জন্য প্রয়োজনীয় সবজি। ৩০-৪০টি পদের মিশ্র সবজি প্রতি কেজি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাচন রান্নায় কত বেশি পদ ব্যবহার করা যায় এ নিয়ে প্রতিযোগিতা থাকে। এ জন্য বিভিন্ন বাজার ঘুরে সবজি জোগাড় করার কাজ শুরু হয়েছে এখনই। নগরের রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ির বাজার, কর্ণফুলী মার্কেট, সিরাজদৌল্লা সড়কের বাজার ও বহদ্দারহাট কাঁচাবাজারে এসব সবজি বিক্রি হচ্ছে। এ ছাড়া নগরের অলিগলিতে ভ্যানে এসব পাচনের উপকরণ বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা।চৈত্রসংক্রান্তি উপলক্ষে সবজি কিনতে আসা বিশ্বনাথ সাহা বলেন, ‘তারা, কাট্টুস (আঞ্চলিক নাম), ডুমুর, গিমা, তিতা বেগুন—এ সবজিগুলো শহরাঞ্চলে সহজে পাওয়া যায় না। শুধু চৈত্রসংক্রান্তিতেই এগুলোর দেখা মেলে। দামও অনেক চড়া। কিন্তু কিনতে তো হবেই।’ পাচনের স্বাদ নির্ভর করে বেশ কিছু সবজির ওপর। এসব হলো তারা, কাট্টুস, ডুমুর, গিমা, তিতা বেগুন, কাঁঠাল, কলার খাড়া (কলাগাছের ভেতরের কাণ্ড) ইত্যাদি। সবজি বিক্রেতা মোহাম্মদ ইব্রাহিম জানান, বহু পদের সবজি মিলিয়ে কেজি দরে কিনে নেওয়া যায়, আবার আলাদা পদ হিসেবেও এসব সবজি কিনতে পাওয়া যায়। বহু পদের সবজি একসঙ্গে নিলে কেজিতে ৫০-৬০ টাকা। আবার তারা এক আঁটি পাঁচ থেকে ১০ টাকা, কাঁঠাল কেজি ৪০ টাকা, সজিনা ২০ টাকা, গিমা ১০০ গ্রাম ২০ টাকা, ডুমুর ২৫০ গ্রাম ১৫ টাকা, কাট্টুস প্রতিটি পাঁচ থেকে ১০ টাকা, কাঁচা আম কেজি ৬০ টাকা, কাঁচা কলা প্রতি জোড়া ১০ টাকা, আলু ১০ টাকা ও বেগুন ২৪ টাকা। পাচন রান্নায় প্রচলিত সবজিও ব্যবহার হয়। এগুলোর মধ্যে পেঁপে, মিষ্টি আলু, চালকুমড়া, মটরশুঁটি, কাঁচা শিমের বিচি, শসা, পটল, ঝিঙে, চিচিঙ্গা, লাউ, মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়স, বেগুন, বরবটি, গাজর, লাউ ও মিষ্টি কুমড়ার শাক, কচুরলতি, টমেটো, কাঁকরোল, তিতা করলা, মারিশ শাক, পুঁই শাক, কলমি শাক, ঢেঁকি শাক উল্লেখযোগ্য। এসব সবজির পাশাপাশি ব্যবহার করা হয় ডালের বড়া, মটরশুঁটি, শুকনো ফেলন ডাল, শিমের বিচি। রাজাপুকুর লেনের বাসিন্দা মিরা সেন বলেন, ‘চৈত্রসংক্রান্তিতে শুধু যে পাচন রান্না করব তা নয়। টমেটোর টক, তিতা করলা ভাজি, শসা দিয়ে ডালের রান্না, নাড়ুসহ আরও অনেক কিছু করব। আর ঘরদোর তো সাজাবোই। এর জন্য নিমপাতা ও ফুল কিনেছি।’