পাচার হচ্ছে ঝিরি-ঝরনার পাথর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন ঝিরি-ঝরনা থেকে অবাধে পাথর তোলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাথর তোলার কারণে শুকনো মৌসুমে ঝরনার পানি শুকিয়ে যাচ্ছে। পাথর তোলা বন্ধ করতে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।রোয়াংছড়ির বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে একটি পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে পাহাড়ি ঝিরি-ঝরনা থেকে পাথর তুলছে। পাথর না থাকায় প্রাকৃতিক এই জলাশয়গুলোর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। কমে যাচ্ছে পানি ধারণক্ষমতা। ফলে ঝরনাগুলোতে শুষ্ক মৌসুমে পানি পাওয়া যাচ্ছে না। অথচ পাথর উত্তোলনের আগে এসব ঝরনায় সারা বছর পানির প্রবাহ থাকত।এলাকার ঘোড়াউখাল, কানাইজো ঝিরি, গিরাউসি ঝিরি ও ব্যাঙছড়ি ঝরনা থেকে পাথর উত্তোলন চলছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। ঘোড়াউ ভিতরপাড়ার ও রোয়াংছড়ি সদরের ২৫ জন বাসিন্দা সম্প্রতি ঝিরি-ঝরনা থেকে পাথর তোলা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে। আবেদনে তাঁরা বলেছেন, দীর্ঘদিন ধরে পাথর তোলার কারণে ঝিরি-ঝরনা শুকিয়ে যাওয়ায় মারাত্মক পরিবেশগত সংকট সৃষ্টি হচ্ছে। শুকনো মৌসুমে পাড়াগুলোতে পানির জন্য হাহাকার দেখা দিচ্ছে। এসব জলাশয়ের মাছ, কাঁকড়া, শামুক-ঝিনুকসহ জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। ফলে এলাকার দরিদ্র আদিবাসীরা খাদ্যসংকটেও পড়ছেন। খোঁজ নিয়ে জানা যায়, পাথর উত্তোলনকারীদের বৈধ অনুমতিপত্র (লাইসেন্স) না থাকায় সরকারও কোনো রাজস্ব পাচ্ছে না। অভিযোগ আছে, ঘোড়াউ মৌজার হেডম্যান নিজেও পাথর তোলার সঙ্গে জড়িত। ঘোরাউ মৌজার ভিতরপাড়ার সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য সাচিংঅং মারমা বলেন, ‘লিখিত অভিযোগ দেওয়ার পরও প্রশাসন থেকে পাথর পাচার বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো পাচারকারীরা এখন অভিযোগকারীদের ভয়ভীতি প্রদর্শন করছেন।’ ঘোড়াউ মৌজার হেডম্যান সুইচাউ মারমা তাঁর পাথর উত্তোলনের লাইসেন্স রয়েছে দাবি করে বলেন, ‘এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য সামান্য পরিমাণ পাথর তুলছি।’ বশির খান নামের একজন পাথর ব্যবসায়ী দাবি করেন, তাঁর লাইসেন্সের অনুকূলে রোয়াংছড়ি এলাকা থেকে তিনি গত মাস পর্যন্ত পাথর সংগ্রহ করেছেন। কিন্তু এখন আর তিনি রোয়াংছড়ি থেকে কোনো পাথর সংগ্রহ ও পরিবহন করছেন না। রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চাহ্লাখয় মারমা প্রাকৃতিক ঝিরি-ঝরনা থেকে পাথর পাচার হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘৪ জুন পাথর ব্যবসায়ীদের আলোচনার জন্য ডেকেছিলাম। এলাকাবাসীর অভিযোগ ও পরিবেশগত হুমকির কথা বিবেচনা করে তাঁদের ঝিরি-ঝরনা থেকে পাথর না তোলার জন্য বলেছি।’ রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘রোয়াংছড়িতে প্রাকৃতিক জলাশয় থেকে পাথর তোলার লাইসেন্স নেই কারও। যে লাইসেন্স ছিল তার মেয়াদও উত্তীর্ণ হয়েছে। বিষয়টি রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যানকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করেছি।’ প্রতিবেদন পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।