পাচারকারী চক্র
একাধিক সূত্র জানায়, ২০০২ সালে পুলিশের হাতে ধরা পড়ে ইয়াবা ও হেরোইন পাচারকারী চক্রের অন্যতম হোতা জাকির মোল্লা। চট্টগ্রাম থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকা যাওয়ার সময় নারায়ণগঞ্জ রাস্তার মাথায় ফতুল্লা থানার পুলিশ তাকে ধরে ফেলে। এক বছর জেলে থাকার পর বেরিয়ে তিনি আবার ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। একাধিক সূত্র জানায়, মিয়ানমার থেকে টেকনাফে ইয়াবার চালান সরবরাহ করে চট্টগ্রাম ও টেকনাফে বসবাসকারী মিয়ানমারের নাগরিক আবদুল শুক্কুর প্রকাশ বর্মাইয়া শুক্কুর, মো. আনোয়ার ওরফে পিচ্চি আনোয়ার, মো. ইসমাইল ওরফে বর্মাইয়া ইসমাইল ও হাজি কামাল। গত তত্ত্ব্বাবধায়ক সরকারের আমলে টেকনাফ বিডিআর ইয়াবা পাচারের অভিযোগে পিচ্চি আনোয়ারকে আটক করলে অন্যরা চট্টগ্রাম শহরে আত্মগোপন করে। সেই থেকে মিয়ানমারের পাচারকারীরা চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে সপরিবারে বাস করছে বলে জানা যায়। টেকনাফের কয়েকটি চোরাচালান চক্রের সহযোগিতায় চক্রটি মিয়ানমারে হেরোইন ও ইয়াবার চালান লেনদেন করছে। টেকনাফ স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্যও অন্তরালে থেকে এরা নিয়ন্ত্রণ করে বলে জানা গেছে। টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল হাসান জানান, ‘অভিযুক্ত মিয়ানমারের নাগরিকেরা বন্দরের বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলেও মাদক পাচারে জড়িত কি না জানা নেই। মাদক পাচারের সঙ্গে জড়িত কয়েকজনের নাম প্রায় শোনা যায়। নিরাপত্তাকর্মীরা মাঝেমধ্যে এদের আটকের চেষ্টাও করেন।’ পুলিশ সূত্র জানায়, ২০০১ সালের দিকে সর্ব প্রথম টেকনাফে ইয়াবার চালান নিয়ে আসে মিয়ানমারের ত্রিরত্ন খ্যাত তিন চোরাচালানি বর্মাইয়া শুক্কুর, পিচ্চি আনোয়ার ও বর্মাইয়া ইসমাইল। গত জোট সরকারের প্রায় পাঁচ বছর এরা ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রণ করে শত কোটি টাকার মালিক বনে গেছেন। টেকনাফের বিএনপি, যুবদল, ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে ত্রিরত্নকে সহযোগিতা করে কোটিপতি বনেন। বর্তমানে ছাত্রলীগ যুবলীগের কয়েকজনের বিরুদ্ধে ত্রিরত্নের মাল পাচারে সহযোগিতার অভিযোগ উঠেছে।