কক্সবাজার এলাকায় পুলিশের নজরদারি বেড়ে যাওয়ায় মাদক পাচারকারীরা চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে ইয়াবা পাচারের রুট হিসেবে ব্যবহার করছে বলে ধারণা পুলিশের। গত এক মাসে পুলিশের একাধিক অভিযানে উপকূলীয় এই উপজেলায় কোটি টাকার বেশি ইয়াবা আটক হওয়ায় এ ধারণা জোরালো হয়েছে। এ সময় বিভিন্ন অভিযানে আলোচিত দুই মাদক পাচারকারীসহ অন্তত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর উপজেলার রায়পুরে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ জাহাঙ্গীর আলমকে এবং ২৮ অক্টোবর সন্ধ্যায় দুই হাজার ইয়াবাসহ জালাল উদ্দিন শাহকে পারকি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। দুজনই দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশের অভিযোগ।
আনোয়ারা পুলিশ বিভাগ জানায়, অক্টোবর মাসে ইয়াবা বহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২২ হাজার ৯৮৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়, যার মূল্য ১ কোটি ১ লাখ ৪ হাজার ৫০০ টাকা। এসব ঘটনায় মামলা হয়েছে ১০টি। এ ছাড়া একই মাসে ৩০ লিটার চোলাই মদসহ একজন, হেরোইনসহ আরও একজনকে আটক করে পুলিশ।
আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, কক্সবাজারের টেকনাফ এলাকায় প্রশাসনের নজরদারি বেড়ে যাওয়ায় ইয়াবা ব্যবসায়ীরা আনোয়ারা উপকূলকে পাচারের রুট হিসেবে বেছে নিয়েছে। গত এক বছরে এ উপকূল দিয়ে পাচারের সময় কয়েকটি বড় চালানও জব্দ করে প্রশাসন।
এর আগে উপজেলায় মাদক পাচার প্রতিরোধে পুলিশের সাফল্য নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক। চলতি বছরের ১৫ মার্চ তৎকালীন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বলেছিলেন, মাদক ও ইয়াবা পাচারে চট্টগ্রামের মধ্যে আনোয়ারা এক নম্বর অবস্থান করছে।
জেলা প্রশাসকের এমন বক্তব্যের পরও ইয়াবা পাচার বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি তখন। তবে গত অক্টোবর মাস থেকে পুলিশের অব্যাহত অভিযানে প্রচুর ইয়াবা জব্দ হয়। এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আনোয়ারায় ইয়াবা পাচার ও ব্যবসা বন্ধে আমরা ব্যাপক তৎপরতা চালাচ্ছি। অক্টোবর মাসে আমরা অভিযান চালিয়ে উল্লেখ করার মতো ইয়াবা জব্দ করেছি। জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছি। এ ব্যাপারে নজরদারি আরও বাড়ানো হবে।’
আনোয়ারা উপজেলার চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, উপজেলা পরিষদের সমন্বয় সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের ইয়াবা পাচার বন্ধে উদ্যোগ নিতে বলা হয়েছে।