পাচারের নানা কৌশল
মাদক পাচারকারীরা আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দেওয়ার জন্য পাচারের কৌশল পরিবর্তন করছে।গত বছরের ৫ ফেব্রুয়ারি দুপুরে তরকারির ভেতরে লুকিয়ে টেকনাফে পাচার করা হচ্ছিল হেরোইনের একটি চালান। গোপন তথ্যের ভিত্তিতে তত্কালীন বিডিআরের মেজর হেলাল মুহাম্মদ খান ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে চকরিয়া থানায়) জসিম উদ্দিন টেকনাফের দমদমিয়া এলাকায় যাত্রীবাহী চেয়ারকোচ রফরফে (চট্টগ্রাম-জ-০৪-০১৭৫) তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকার দামের ৯৮০ গ্রাম হেরোইনসহ তিন পাচারকারীকে আটক করেন। পুলিশ ও বিডিআর সূত্র নিশ্চিত করেছে—একসময় পাচারকারীরা টেকনাফ স্থলবন্দর দিয়ে পণ্যবোঝাই ট্রাক, লবণের ট্রাক এবং ব্যক্তিগত গাড়িতে করে ইয়াবার চালান ঢাকা-চট্টগ্রাম পাচার করলেও এখন পেঁপে, ডাব, তরমুজ, সিগারেট, ম্যাচের প্যাকেট, জীবিত মুরগি, অথবা ড্রেসিং করা মুরগির পেটে ভরে, মোটরসাইকেলে লুকিয়ে ইয়াবা পাচার করছে। আবার নারীর শরীর ও যানবাহনের বিভিন্ন স্থানে লুকিয়ে, কুরিয়ার সার্ভিসসহ নানা কৌশলে টেকনাফে হেরোইনের চালান আসছে। গত এক বছরে ইয়াবা বড়িসহ যে ৭৬ পাচারকারীকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে নারী পাচারকারীর সংখ্যা প্রায় ২২ জন।