পাচারের মাধ্যমে লঙ্ঘিত হচ্ছে শিশুর অধিকার
‘আমারে পাচার কইরা ভারতে নিয়া গেছিল। ওই খানে জোর কইরা লোকজনের লগে শোয়াইছে। ছয় মাস বিভিন্ন বাসায় আছিলাম। লোকের মুখে শুনছি, আমরা ২০ জন নাকি এই সুময়ে মুম্বাই আর দিল্লির বাসায় আছিলাম। পরে পুলিশে আইসা আমাদের বাঁচায়। হেরপর সাড়ে পাঁচ বছর ওগো রেসকিউ হোমে ছিলাম। ছয় মাস আগে দ্যাশে ফিরছি।’ কথাগুলো বলছিলেন রুবি (ছদ্মনাম)। রুবির বয়স এখন ১৮ বছর। তাঁর বয়স যখন ১২ বছর, তখন তাঁকে ভারতে পাচার করা হয়।যশোরের একটি গ্রামে মা-বাবার সঙ্গে থাকতেন রুবি। আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে খাওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে নিয়ে যান তাঁরই এক প্রতিবেশী।রুবি জানান, নুরী নামের ওই প্রতিবেশী তাঁকে একটি ধানখেতের ওপর দিয়ে সীমান্ত (বাংলাদেশ-ভারত) পার করে আরেকজন নারীর সঙ্গে যেতে বলেন। সেই নারী তখন অনেক টাকা দিয়েছিলেন নুরীর হাতে। কিছু দূরে গিয়েই রুবির হাত-মুখ বেঁধে ফেলেন ওই নারী। তাঁর সঙ্গে থাকা পুরুষেরা কোলে করে ট্রাকের ভেতরে ফেলে দেন রুবিকে। ট্রাক চলতে শুরু করে। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে যান রুবি। ঘুম ভেঙে দেখেন একটি ঘরে মাটিতে বিছানো পাটির ওপর শুয়ে রয়েছেন। বাড়িতে ফেরার জন্য কান্না শুরু হতেই বিশাল চেহারার এক নারী রুবিকে মারধর করেন। ওই নারী তিন দিন পর রুবিকে যৌনকর্মে বাধ্য করেন। এরপর বিভিন্ন হাতবদল হয়ে রুবি দিল্লি-মুম্বাইতে থাকেন ছয় মাস। পরে স্থানীয় পুলিশের সাহায্যে রুবিসহ ২০টি কন্যাশিশু ওই পেশা থেকে বেঁচে ফিরে আসে রেসকিউ হোমে। এরপর স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাহায্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) সঙ্গে যোগাযোগ করলে তারা রুবিকে ফিরিয়ে নিয়ে আসে নিজেদের হেফাজতে।রুবিকে নতুন নামে, নতুন পরিচয়ে একটি জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছে মহিলা আইনজীবী সমিতি। এখন তাঁকে বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে, যা দিয়ে ভবিষ্যতে হয়তো তিনি নতুন কোনো জীবিকার সন্ধান খুঁজে পাবেন। রুবি ফিরে আসতে পারলেও অনেকেই আছে, যারা আর ফিরে আসেনি।জাতিসংঘের শিশু অধিকার সনদের ৩৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, শিশু অপহরণ, বিক্রি ও বিদেশে পাচার বন্ধে এবং পাচার হওয়া শিশুদের দেশে ফেরত আনার ব্যাপারে রাষ্ট্র যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। অথচ তার পরও বাংলাদেশ থেকে প্রতিবছর বহু শিশু ভারতসহ বিভিন্ন দেশে পাচার হচ্ছে। পাচারের পর তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ—যেমন, উটের জকি হিসেবে ব্যবহার, মাদক বিক্রি, পতিতাবৃত্তিসহ নানা অসামাজিক ও অনৈতিক কাজে নিয়োগ করা হয়।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া তথ্যমতে, গত বছর বিদেশে পাচারের শিকার হয়েছে ৭৮৩ জন নারী ও শিশু। চলতি বছরের জানুয়ারিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নির্বাহী পরিচালক সালমা আলী। তার মধ্যে ৯০টি মেয়েশিশু ও ৭৯টি ছেলেশিশু ভারত থেকে উদ্ধার করা হয়েছে।জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত প্রকাশিত ১৬০টি প্রতিবেদন থেকে জানা গেছে, এই ছয় মাসে ২২২ জন শিশু অপহরণের ঘটনা ঘটেছে। শুধু বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় এক মাসে শিশু অপহরণের ঘটনা ঘটেছে ছয়টি। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এই শিশুদের ইতিমধ্যে পাচার করে দেওয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৩ হাজার ২২০টি শিশু বিদেশে পাচার হয়েছে। এদের মধ্যে মাত্র চার হাজার ৭০০টি শিশুকে উদ্ধার করা হয়েছে।বাংলাদেশের আইনে শিশু ও নারী পাচারের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও অনধিক ২০ বছর এবং ন্যূনতম ১০ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের কথা বলা হয়েছে। পাচারের দায়ে অনেকের শাস্তিও হয়েছে। কিন্তু তার পরও নারী ও শিশু পাচার হচ্ছে।জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, গত এক বছরে বিভিন্ন আইনজীবী ও মানবাধিকার সংগঠন নারী ও শিশুর অধিকার রক্ষার্থে কাজ করলেও সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রত্যাশিত সাহায্য পাওয়া যায়নি। তিনি বলেন, শিশু পাচার, শিশু নির্যাতন দমন ও তাদের অধিকার আদায়ে সরকার যথেষ্ট আন্তরিক হওয়া সত্ত্বেও পরিস্থিতির আশানুরূপ কোনো উন্নতি হয়নি। এ সমস্যা উত্তরণে সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, নারী ও শিশু আইন রক্ষায় এবং পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়া বিভিন্ন অনুসন্ধান বিভাগ পাচার রোধে কাজ করছে।