পাঞ্জাবি চাই চাই-ই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের ছেলের জন্য পাঞ্জাবি কিনতে নগরের বেশ কিছু বিপণিকেন্দ্র চষে বেড়িয়েছেন আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা ওমর ফারুক। কোথাও পছন্দ হয়নি। ছেলেও নাছোড়বান্দা। পাঞ্জাবি কিনতেই হবে। অবশেষে পাঞ্জাবি মিলল ইউনুস্কো সিটি সেন্টারের নবরূপায়। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি—যাক অবশেষে পাওয়া গেল। হাতের কাজ করা খাদি কাপড়ের পাঞ্জাবির দাম পড়ল ৭৯০ টাকা। তিনি জানালেন, ছেলের বয়স যখন এক, তখন থেকেই প্রতি ঈদে পাঞ্জাবি কিনছি। আর নিজের জন্য হালকা কাজের সুতির শর্ট পাঞ্জাবিই পছন্দ বলে জানালেন তিনি। এদিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাঈম মোহাম্মদের ঈদে বাহারি পাঞ্জাবি চাই-ই। তিনি বললেন, ‘ঈদের দিন পোশাক বলতে তো ওই পাঞ্জাবিই। তাই জাঁকালো কাজের বডিফিট শর্ট পাঞ্জাবি কিনব। সঙ্গে জিনস আর কোলাপুরি। ব্যস হয়ে গেল ঈদের দিনের পোশাক।’ পাঞ্জাবি ছাড়া ছেলেদের ঈদ ভাবাই যায় না। সব বয়সীর পছন্দের পোশাক এটি। ঈদের দিন নামাজ থেকে শুরু করে দুপুর পর্যন্ত পোশাক বলতে সবার পরনে পাঞ্জাবিই থাকে। তবে যুগের সঙ্গে পাল্টে গেছে ডিজাইন। আগের সেই লম্বা পাঞ্জাবি এখন খুব একটা চোখে পড়ে না। জোয়ার চলছে খাটো পাঞ্জাবির। এর মধ্যে রয়েছে বডিফিট ও একটু ঢিলাঢালা লুজ বডিফিট। আর তার সঙ্গে যোগ হয়েছে গাঢ় রং ও নানা কারুকার্যময় কাজ। বুটিক হাউস শৈল্পিকের কর্ণধার ফ্যাশন ডিজাইনার এস এম ইলিয়াস বলেন, ‘ঈদ ফ্যাশনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পাঞ্জাবি। পাঞ্জাবিতে তরুণদের ট্রেন্ড বডিফিট শর্ট পাঞ্জাবি। তাঁদের কথা মাথায় রেখে এবারও ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। পাশ্চাত্য আর প্রাচ্যের সম্মিলন ঘটানো হয়েছে ডিজাইনে। প্যাটার্নধর্মী কিছু কাজ করেছি। কাটিংয়েও বৈচিত্র্য এনেছি। এ ছাড়া স্ক্রিন প্রিন্টের শর্ট পাঞ্জাবিও তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।’ নগরের প্রায় সব শোরুমে সুতি, অ্যান্ডি সুতি, অ্যান্ডি সিল্ক, দোপিয়ান, খাদি, রাজশাহী সিল্ক, হ্যান্ডলুম, কাতান, বলাকা সিল্ক ও জয়শ্রী সিল্কের পাঞ্জাবি শোভা পাচ্ছে। এসব পাঞ্জাবিতে কারচুপি, জারদৌসি, অ্যামব্রয়ডারি, অ্যাপ্লিক ও হাতের কাজ রয়েছে। দরদামআড়ংয়ে ৭০০ থেকে সাত হাজার টাকা, শৈল্পিকে ৯০০ থেকে পাঁচ হাজার টাকা, ডলস হাউসে এক হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকা, রওশনসে ৬০০ থেকে দুই হাজার ৫০০ টাকা, চারু চট্টগ্রামে ৭০০ থেকে এক হাজার টাকা, নবরূপায় ৭৬০ থেকে চার হাজার ৫০০ টাকা, মিয়াবিবিতে ৯৭৫ থেকে পাঁচ হাজার টাকা, পিননে ৫৫০ থেকে পাঁচ হাজার ৫০০ টাকা, সালসাবিলে ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকা, সৃষ্টিতে ৭৫০ থেকে দুই হাজার ২৫০ টাকা, নোঙরে ৬৫০ থেকে এক হাজার ১৫০ টাকা, অঞ্জনসে ৯৫০ থেকে দুই হাজার ৫০০ টাকা, ক্র্যাফট ক্যাসেলে এক হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা ও গ্লোসি বুটিকসে এক হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ টাকা।