পাঞ্জাবিতে প্রাণের টান
ঈদে বরাবরের মতো এবারও হিট পোশাক পাঞ্জাবি। পছন্দের পাঞ্জাবিটা কেনার জন্য এক বিপণিকেন্দ্র থেকে আরেক বিপণিকেন্দ্রে ছুটে বেড়াচ্ছেন ক্রেতারা। তবে একটু নতুনত্ব খুঁজছেন তরুণেরা। পিছিয়ে নেই তরুণীরাও। তাঁদের কাছে আবার খাটো (শর্ট) পাঞ্জাবির কদর একটু বেশিই।নতুনত্বের জন্য ক্রেতারা রং, কাটিং, সেলাই ও নকশার ওপর গুরুত্ব দিচ্ছেন। সুতি, সিল্ক, রাজশাহী সিল্ক, এন্ডি সিল্ক, পলিনিসি, চায়না, জুট কটন ও জর্জেট কাপড়ের রঙিন জমিনে অ্যামব্রয়ডারি, অ্যাম্বোস, হাতের কাজ, পুঁতি ও পাথর বসানো, জারদৌসি, কারচুপির কাজ করা পাঞ্জাবিগুলো টানছে সব বয়সী মানুষকে। দাম ৯০০ থেকে ছয় হাজার টাকা। পুঁতি, অ্যামব্রয়ডারি, পাথরে কাজ করা ভারতীয় কাশিস দুই-ছয় হাজার টাকা, ধুপিয়ানা চার থেকে সাড়ে ছয় হাজার টাকা, জয়শ্রী দুই হাজার ৮০০ থেকে চার হাজার টাকা, ময়েশ্বরী দুই হাজার ৩০০ থেকে সাড়ে ছয় হাজার টাকা, এন্ডি দেড়-তিন হাজার টাকা, কুশাল এক-তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে সুপারশপ ও বিপণিকেন্দ্রের অভিজাত দোকানগুলোতে। বাচ্চাদের পাঞ্জাবি কুশাল দুই হাজার ৮০০ থেকে ছয় হাজার টাকা, ক্লাসিক দুই হাজার ৪০০ থেকে সাড়ে চার হাজার টাকা, এন্ডি দুই হাজার ২০০ থেকে সাত হাজার টাকা, ইউকন ৯০০ থেকে দুই হাজার ৩০০ টাকা, পায়জামা বহুরঙা নকশায় আলো ছড়াচ্ছে বিপণিকেন্দ্রে। পায়জামা চুড়িদার আলীগড় এবং সালোয়ার ও ট্রাউজার পাওয়া যাচ্ছে ২৭৫-৩৫০ টাকায়। এসব কিনছেন সব বয়সী লোকজন। তবে তরুণদের কেউ কেউ পাঞ্জাবির বিকল্প হিসেবে সাড়ে সাত হাজার থেকে সাড়ে ২৫ হাজার টাকার শেরওয়ানি ও সাড়ে ছয় হাজার থেকে ১৫ হাজার টাকার লম্বা কোট বেছে নিচ্ছেন। বিপণিবিতানের ক্রাফট ক্যাসেলে কথা হয় ব্যবসায়ী নিজাম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘পাঁচটি দোকান ঘুরেও নিজের জন্য পছন্দের পাঞ্জাবি কিনতে পারিনি। প্রতিটি দোকানেই নতুন ও চমৎকার নকশার পোশাক এসেছে। কিন্তু মনে হচ্ছে, পাশের দোকানে আরও চমক আপেক্ষা করছে।’ ক্রাফট ক্যাসেলের স্বত্বাধিকারী ওমর ফারুক বললেন, ‘ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতি বছর আমরা নতুন নতুন নকশার পোশাক তৈরি করি। তাই পাঞ্জাবিতে ক্রেতাদের পছন্দের শীর্ষে পৌঁছাতে পেরেছি।’তবে গরমের বিষয়টি মাথায় রেখে তরুণ ও বয়স্কদের অনেকে ঝুঁকছেন ফতুয়া, শার্ট, টি-শার্ট ও গেঞ্জির প্রতি। সুতা, বেক্সি, ফাইন কটন, রাজশাহী সিল্কের ফতুয়া বিক্রি হচ্ছে ৮০০ থেকে চার হাজার টাকায়।চাকরিজীবীরা এক ঢিলে দুই পাখি শিকার করছেন। ঈদের জন্য তো বটেই অফিসে পরার কথা মাথায় রেখে কিনছেন সুতা ও সিল্কের শার্ট। সুতার চেক ও স্টেপের এক রঙা ফুলশার্ট ৩৮০ থেকে এক হাজার ৪০০ টাকা, কারচুপির অ্যামব্রয়ডারি করা শার্ট এক হাজার ৬০০ থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে।ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মোমিনুল হক বলেন, ‘গতবার পাঞ্জাবি পরে ঈদ করেছি। এবার সাধারণ ফুল শার্ট ও প্যান্ট পরে ঈদ করব।’ইসলামিয়া কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র নাইম হোসেন বলেন, ‘ঈদের নামাজে যাব পাঞ্জাবি পরে। এরপর টি-শার্ট ও গেঞ্জি পরব।’ ওয়েল মার্টে বাবার হাত ধরে আসা সেন্ট মেরিস স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র মো. সাজিদ বলল, ‘গত ঈদে পাঞ্জাবি পরেছি। এবার রঙিন গেঞ্জি ও জিনস প্যান্ট কিনব।’