পাঞ্জাবিতে হালকা কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঞ্জাবি প্রথম, নকশী বুটিকস, মডেল: জুয়েল
পাঞ্জাবি প্রথম, নকশী বুটিকস, মডেল: জুয়েল

ঈদে সববয়সী পুরুষের পছন্দের পোশাক পাঞ্জাবি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাঞ্জাবির ধরনেও পরিবর্তন এসেছে। কয়েক বছর আগে ছিল খাটো ঝুলের পাঞ্জাবি। এবার চলছে মাঝারি ঝুল। কেবল দৈর্ঘে্য নয়, পরিবর্তন এসেছে পাঞ্জাবির কাজেও

এবার পাঞ্জাবির ফ্যাশনের ট্রেন্ডটা কী রকম, জানতে চাইলে ডিজাইনার শিমুল খালেদ বলেন, হালকা কাজের আরামদায়ক, অর্থাৎ সুতির পাঞ্জাবি চলছে। যাঁরা সারা দিনে একটিই পাঞ্জাবি পরবেন গরমের কথা বিবেচনা করে, তাঁদের সুতির পাঞ্জাবি কেনা উচিত। আর এখন চলছে মাঝারি ঝুলের ‘সিম্পল’ কাজের পাঞ্জাবি। রং বছাইয়ের ক্ষেত্রে তাঁর পরামর্শ, সাদা রঙের আবেদন চিরকালীন। পাশাপাশি এবার নীল, সবুজ ও মেরুন রঙের বিভিন্ন শেড পরা যেতে পারে ঋতুর সঙ্গে মিলিয়ে। সালোয়ারের পাশাপাশি জিনসের সঙ্গেও মানাবে পাঞ্জাবি। আর রাতে পার্টিতে পরার জন্য গাঢ় রঙের কাজ করা পাঞ্জাবি পরা যেতে পারে। তাঁর কথা, রাতের পোশাকটা জমকালোই হোক। তবে সে ক্ষেত্রে অত্যাধিক কারুকাজ না থাকলেই ভালো। কলার ও বুকের কাছে হালকা কাজই এখনকার ট্রেন্ড।

বাজারে কী চলছে? জানতে চাইলে বুটিক হাউস নক্ষত্রের স্বত্বাধিকারী মো. সেলিম বলেন, এবার সুতি, অ্যান্ডি ও সিল্কের হালকা কাজ করা পাঞ্জাবির চাহিদা বেশি। এর মধ্যে শেরওয়ানি কাটের পাঞ্জাবিও বেশ চলছে। মোটামুটি ভালো নজরকাড়া পাঞ্জাবি কিনতে চাইলে দেড় থেকে তিন হাজার টাকা বাজেট রাখতে হবে।

পাঞ্জাবি তৃতীয়, নকশী বুটিকস, মডেল: সোহরাব
পাঞ্জাবি তৃতীয়, নকশী বুটিকস, মডেল: সোহরাব

গত বৃহস্পতিবার নগরের বেশ কয়েকটি বিপণিকেন্দ্রে গিয়ে পাঞ্জাবির দোকানে ভিড় দেখা গেছে। যাঁরা ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাঞ্জাবি কিনতে চান, তাঁদের জন্য জুতসই জায়গা রিয়াজুদ্দিন বাজার ও জহুর হকার্স মার্কেট। এ ছাড়া যাঁরা দেশীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন খোঁজেন, তাঁরা যেতে পারেন আড়ং, দেশী দশ ও শৈল্পিকের মতো ফ্যাশন হাউসগুলোতে। দেশি কাপড়ের পাশাপাশি বিপণিকেন্দ্রে বিক্রি হচ্ছে ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা পাঞ্জাবিও।
আফমি প্লাজার লিবাসে পাওয়া যাচ্ছে মানিওভার, জারা, মনিষ ও কোশাল নামের ভারতীয় ব্র্যান্ডের পাঞ্জাবি।
জমকালো পার্টিতে পরার উপযোগী এসব পাঞ্জাবির বিক্রিও ভালো বলে জানালেন এখনকার বিক্রয়কর্মী মো. ইমরান। নূ্যনতম দাম পড়বে সাড়ে এক হাজার ১০০ টাকা।
দেশী দশের সাদাকালো, রঙ ও দেশালের মতো ফ্যাশন হাউসগুলোতেও পাঞ্জাবির বিক্রি জমজমাট। এর মধ্যে কেবল দেশালেই দেখা গেল খাটো ঝুলের পাঞ্জাবি। এখানে আট শ থেকে চার হাজার টাকার মধ্যে পছন্দসই পাঞ্জাবি মিলবে।
কেমন জমেছে কেনাকাটা? সাদাকালোর বিক্রয়কর্মী আরমান হোসেন জানান, রোজার তৃতীয় দিন থেকেই পাঞ্জাবির কেনাকাটা জমে উঠেছে। তবে ঈদ ঘনিয়ে এলে ক্রেতার ভিড় আরও বাড়বে।