পাঞ্জাবির আলাদা কদর পটিয়া জামেয়া সড়কের দোকানগুলোতে
ঈদ উপলক্ষে পটিয়া উপজেলা শহরের বিভিন্ন বিপণিকেন্দ্রের দোকানগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজ, শার্ট-প্যান্টসহ নানান রকম কাপড়ের পাশাপাশি আকর্ষণীয় ডিজাইনের পাঞ্জাবির সমাবেশও ঘটেছে চোখে পড়ার মতো। পাঞ্জাবি সেলাই ও বেচাকেনায় দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে পটিয়া আল জামেয়া মাদ্রাসা সড়কের দর্জির দোকানগুলোর। দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা আল জামেয়া আল ইসলামিয়াকে ঘিরে গড়ে উঠেছে এসব দর্জির দোকান। পাশাপাশি রয়েছে আতর-টুপির দোকানও। দোকানিরা জানান, তাঁদের দোকানগুলোতে পাঞ্জাবি সেলাই করতে শুধু পটিয়া সদর নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষ ছুটে আসেন। দেশের বাইরে মিশর, আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও এখান থেকে পাঞ্জাবি সেলাই করে নিয়ে যান অনেকে। এ ছাড়া মাদ্রাসার প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ও শিক্ষকেরা নিজের ও পরিবারের সদস্যদের জন্য এখান থেকে পাঞ্জাবি সেলাই করে নিয়ে যান। ইসলামিয়া টেইলার্সের মালিক মোহাম্মদ আক্কাস বলেন, ‘২০ বছর ধরে এ দোকানে পাঞ্জাবি সেলাইয়ের কাজ করছি। অন্য কোনো পোশাকের কাজ না করায় পাঞ্জাবি সেলাইয়ে আমাদের দক্ষতা আছে।’ আল-মাদানি টেইলার্সের কাটিং মাস্টার সিরাজুল ইসলাম বলেন, ‘এ দর্জিপাড়ায় পাঞ্জাবি, পায়জামা, কাবলি পোশাক ও জুব্বা সেলাইয়ের আলাদা ঐতিহ্য রয়েছে। এ ছাড়া নারীদের দিয়ে নেট, গুটি ও হাতে ফুল তোলার কাজ করা হয়। সেলাইয়ের দাম নকশাভেদে ১৫০-২৫০ টাকা।’ পটিয়া সরকারি কলেজের ছাত্র ইকবালুর রহমান স্থানীয় একটি দোকান থেকে ৫০০ টাকার কাপড় কিনে পাঞ্জাবি সেলাই করতে দিয়েছেন আল-মদিনা টেইলার্সে। তিনি বলেন, ‘এ এলাকার দর্জির দোকানে পাঞ্জাবি সেলাইয়ের মানটাই আলাদা। তাই চার বছর ধরে ঈদের পাঞ্জাবিটা এখান থেকে সেলাই করি।’জামেয়া স্টোরে দেখা গেছে, বিপুল পরিমাণ দেশি-বিদেশি টুপি ও আতরের সমাহার। আল-মজিদ ও রিপন টুপি ৫০-১৫০ টাকা, ভারতের জরি এবং নাইলন সুতার বিভিন্ন রঙের টুপি ২০০-২৫০ টাকা, সাদা অ্যামব্রয়ডারি করা টুপি ১০০-১২০ টাকা, ওমানিকো অ্যামব্রয়ডারি করা উন্নতমানের টুপি ৩৫০ টাকা টাকায় বিক্রি হচ্ছে।