পাটকে ভালোবেসে দেশে-বিদেশে

বড় দুঃসময়ে হাতের কাছে পেয়েছিলেন পাট। সোনালি আঁশের আবার সুদিন ফিরে আসতে শুরু করেছে। তিনি পাটকে ভালোবেসে পাটজাত পণ্য নিয়ে যাচ্ছেন দেশ-বিদেশের বিভিন্ন মেলায়। তাঁর তৈরি পাটপণ্য চলে যাচ্ছে সুদূর যুক্তরাষ্ট্রে। তিনি মেয়েদের পাটজাত পণ্য তৈরি এবং এ কাজে দক্ষতা বাড়ানোর জন্য সারা দেশে প্রশিক্ষণ দিয়ে বেড়ান। বলা হচ্ছে উম্মে হাজ সিদ্দিকার কথা।
পরিবেশবান্ধব সোনালি আঁশকে জনপ্রিয় করতে সারাক্ষণ কাজ করে যাচ্ছেন ৬৪ বছর বয়স্ক উম্মে হাজ সিদ্দিকা। রাজশাহী নগরের অলকার মোড়ে ‘শিশু বিতান সেলাইঘর পাটবাজার’ নামে তাঁর একটি বিক্রয়কেন্দ্র রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও এফবিসিসিআইয়ের তত্ত্বাবধানে চীন, ভুটান, নেপাল, ভারত এবং দেশের বিভিন্ন স্থানে মেলায় ও অন্য আয়োজনে পাটের পণ্য নিয়ে হাজির হন। তাঁর প্রতিষ্ঠানে তৈরি পাটের ব্যাগ, পাটের গয়না, বিভিন্ন ধরনের শোপিস, পাটের ওড়না, দরজার পর্দা, ওয়ালম্যাট, শিকা, দোলনা, ক্যামেরার ব্যাগ, অফিস ব্যাগ, ফোল্ডার, ফাইল, বাজারের ব্যাগ, মানিব্যাগ, টেবিলম্যাট, পাপোশ, পাখা ইত্যাদি জনপ্রিয় হচ্ছে।
রাজশাহী নগরের অলকার মোড়ে গতকাল সোমবার তাঁর পাটবাজারে বসে পাটের মাধ্যমে দুঃসময়কে জয় করার গল্প শোনান উম্মে হাজ সিদ্দিকা ও তাঁর একমাত্র সন্তান আশরাফুল ওমর (৪৫)। এই পরিবারের সবাই এখন কারুশিল্পী।
হাজ সিদ্দিকা বলেন, স্বামী আনসারুল ইসলাম সরকারি চাকুরে ছিলেন। ছেলের বয়স যখন চার, তখন স্বামী মারা যান। সঙ্গে আয়ের উৎসও বন্ধ হয়ে যায়। কোনো উপায় না দেখে বাসার একাংশ ভাড়া দেন। সেই টাকা দিয়ে কোনোমতে দিনাতিপাত করেন। এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়ানোর কেউ ছিল না। ১৯৮০ সালের দিকে রাজশাহীতে সিঙ্গার থেকে সেলাইয়ের প্রশিক্ষণ নেন উম্মে হাজ সিদ্দিকা। কিস্তিতে ৩ হাজার ৫০০ টাকা দিয়ে একটি সেলাই মেশিন কিনলেন। প্রথম অবস্থায় প্রতিবেশীদের জামাকাপড় সেলাই করতে লাগলেন। এই কাজের পাশাপাশি ধীরে ধীরে তিনি এলাকার মেয়েদের প্রশিক্ষণ দেন। সঙ্গে বুটিকের কাজ শুরু করেন।
২০০২ সালের কথা। রাজশাহীর মনিবাজারে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে একটা মেলা হয়। এর আগেই তিনি ওয়েবের (উইমেন এন্ট্রাপ্রেনিউর অব বাংলাদেশ) সদস্য হয়েছিলেন। তারাই তাঁকে পাটমেলায় আমন্ত্রণ জানায়। সেখানে পাটপণ্যের ওপর একটি কর্মশালা হয়। তাঁর খুব ভালো লাগে।
এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পাটকে ভালোবেসে শুধুই এগিয়ে চলেছেন।