পাটখড়ির ঘরে চিকিৎসার সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইর থেকে দেখলে মনে হবে এটি একটি কুঁড়েঘর। জরাজীর্ণ টিনের ছাউনি, পাটখড়ির বেড়া। নড়বড়ে অবকাঠামোর ওপর সোজা হয়ে দাঁড়িয়েছে ঘরটি। এটি দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ব্রিটিশআমলে ১৯২৪ সালে পাটখড়ির ওপর সিমেন্ট দিয়ে এটি নির্মিত হয়। মাত্র দুইজন চিকিত্সক দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। অথচ চিকিত্সকের পদ আছে ১২টি। ১০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত দীর্ঘ ৩০ বছরেও বাস্তবায়িত হয়নি। শয্যাসংকট, অপ্রতুল ওষুধ সরবরাহ ও চিকিত্সকের অভাবে হাসপাতালটি নিজেই অসুস্থ। ২৭ জানুয়ারি ম্যালেরিয়া জোন খ্যাত দীঘিনালার একমাত্র চিকিত্সাকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় এই দুরবস্থার চিত্র তুলে ধরেন রোগী ও চিকিত্সকেরা।নির্দিষ্ট সময়ে চিকিৎসকেরা এসেছেন। তবে রোগীরা জানান, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম রোগী দেখেননি। অপর চিকিত্সক মিটন চাকমা ও তিনজন চিকিত্সা সহকারী রোগীদের সেবা দেন। মিটন চাকমা জানান, সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত ২৩ জন রোগীকে চিকিত্সা দিয়েছেন তিনি। ওয়ার্ডেও নিয়মিত টহল দিতে হয়েছে। চিকিত্সা সহকারী মো. কাইউম জানান, তিনজন চিকিত্সা সহকারী মিলে সকাল নয়টা থেকে ২৯ জনকে চিকিত্সা দিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের নিবন্ধন বইয়ে সকাল ১১টা পর্যন্ত ৫২ জন রোগীর চিকিত্সা নেওয়ার তথ্য পাওয়া গেছে। সকাল নয়টায় মাধবী লতা চাকমা (৭০) বলেন, ‘ডাক্তার ভালো করে দেখেছেন কিন্তু যে ওষুধ লিখেছেন তা বাজার থেকে কিনতে হবে।’ সালমা বেগম (৩৮) জানান, ‘রোগী অনেক, তাই চিকিৎসকের কাছে যেতে লাইন ধরতে হয়েছে।’ অমূল্য রঞ্জন চাকমা (৬০) এসেছেন বাবুছড়া ইউনিয়ন থেকে। তিনি বলেন, ‘একজন ডাক্তার আর কত রোগীকে সেবা দেবে? দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। আর সহ্য হয় না। আর উনি তো (চিকিৎসক) সারাদিন রোগী দেখছেন, তাঁর দিকটাও আমাদের ভেবে দেখা উচিত।’ ২০০৪ সালে পার্বত্য জেলা পরিষদ থেকে একটি এক্স-রে যন্ত্র দেওয়া হলেও পাঁচ বছর ধরে সেটি বসানো হয়নি। জানা যায়, ১৯২৪ সালের পর হাসপাতালের আর সংস্কার হয়নি। চিকিৎসকদের আবাসন সুবিধা নেই। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ঘরে চিকিৎসকেরা রাতযাপন করছেন। বর্ষায় পানিতে সয়লাব হয়ে যায় ঘরের মেঝে। ফলে বসে রাত কাটাতে হয় বলে জানান চিকিৎসক মিটন চাকমা। শয্যাসংকটের কারণে ভর্তি হওয়া রোগীদের মেঝেতে চিকিৎসাসেবা নিতে হয়। দীঘিনালা ছাড়াও পাশের রাঙামাটি জেলার বাঘাইহাট, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার মানুষ এখানে চিকিৎসা নেন। জেনারেটর নেই। মাসে ১১ লিটার কেরোসিন বরাদ্দ দেওয়া হয়। তা মাসের অর্ধেকও চলে না। চিকিৎসকদের পকেটের টাকা দিয়ে কোরোসিন কিনে হাসপাতাল চালানো হয়। বোয়ালখালী (সদর) ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, উপজেলার পাঁচ ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা স্বাস্থ্য কমপ্লেক্সটি। ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, হাসপাতালকে ৩১ শয্যায় উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা সম্ভব হলে আর সমস্যা থাকবে না।