পাটপণ্যের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টবে লাগানো সবুজ পাটগাছটা আমন্ত্রণ জানাচ্ছিল সোনালি সবুজের। আর দেয়ালে ঝুলে থাকা ছবিগুলো একে একে বলে যাচ্ছিল সবুজ থেকে তার সোনালি হয়ে ওঠার গল্পগাথা। তার পাশে থরে থরে সাজানো ছিল নকশায়, রূপে ও বর্ণে সুনিপুণ হাতে তৈরি পাটজাত বাহারি পণ্যগুলো।১০ থেকে ১২ মে ঢাকার ধানমন্ডির আর্ট গ্যালারিতে হয়ে গেল পাটপণ্য বহুমুখীকরণের সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের পাটপণ্য মেলা। ‘জুট লাইফস্টাইল এক্সপো ২০১৩’ শীর্ষক এ পাটপণ্য মেলা ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ট্রেডক্রাফট ও তরঙ্গ যৌথভাবে আয়োজন করে। ১০ মে ধানমন্ডির রবীন্দ্রসরোবর চত্বরে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের নির্বাহী পরিচালক মোখলেছুর রহমান, ট্রেড ক্রাফটের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি শাহেদ ফেরদৌস ও তরঙ্গের প্রধান নির্বাহী কর্মকর্তা কোহিনুর ইয়াসমিন। এই মেলার সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন ফ্যাশন ডিজাইনার চন্দ্র শেখর সাহা। এস কে সুর চৌধুরী জানান, পরিবেশবান্ধব পাটপণ্য ব্যবহারের প্রতি মানুষের দিনে দিনে আগ্রহ বাড়ছে। বিশ্ববাজারেও এর চাহিদা সৃষ্টি হয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগানোর এখনই সময়। জুট লাইফস্টাইল এক্সপো ২০১৩-তে বাংলাদেশের ৩০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় উপস্থাপন করা হয় প্রায় ৮৩০টি পণ্য।এ আয়োজনের প্রধান ডিজাইনার চন্দ্র শেখর সাহা বলেন, ‘পাট একটি বিকল্প তন্তু, এটি আমাদের দেশে সহজলভ্য হতে পারে, তবে সস্তা নয়। বিশ্বায়নের প্রভাবে আমাদের জীবনচর্চায় এসেছে পরিবর্তন। মানুষ আবারও ফিরে যেতে চাইছে প্রকৃতিতে। পরিবেশবান্ধব পাটকে নতুন দৃষ্টিভঙ্গি ও যুগোপযোগী করে জীবনচর্চার বিভিন্ন পণ্যের রূপ দেওয়া হয়েছে। পাটজাত এই বাহারি পণ্যগুলো তৈরির সময় খেয়াল রাখা হয়েছে বর্তমান প্রজন্মের পছন্দের দিকটিও।’তিন দিনের এ পাটপণ্য মেলায় ব্যাগ, ফুলদানি, গয়না, আমন্ত্রণপত্র, শতরঞ্জি, চাবির রিং, মানিব্যাগ, অফিস ফাইল—পাটের তৈরি বাহারি সব পণ্য প্রদর্শিত হয়। মেলা ছাড়াও মেলায় প্রদর্শিত এ পণ্যগুলো পাওয়া যাবে ইন ট্রেডের (মেড ইন বাংলাদেশ) গুলশান শাখায়।ঠিকানা: ইন ট্রেড লিমিটেড, লেভেল-৬, বাড়ি নং-৬২, রোড-৩, ব্লক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা। ফোন: ০১৭১১১৩৮৫০৪