পাটভাঙা পোশাক-আশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ত্রি করার সময় নিয়ম মেনে করলে ভালো। মডেল: আইরিন, ছবি: খালেদ সরকার
ইস্ত্রি করার সময় নিয়ম মেনে করলে ভালো। মডেল: আইরিন, ছবি: খালেদ সরকার

পরনের পোশাকটি পরিপাটি থাকুক, সেটা কে না চায়। কিন্তু অনেক সময় সঠিকভাবে কাপড় ইস্তিরি করা না হলে কোঁচকানো ভাব থেকেই যায় এবং পোশাকটিও মলিন বলে মনে হয়। পরিষ্কার-পরিপাটি পোশাক আত্মবিশ্বাস বাড়াতেও সহায়তা করে। পোশাক পরিপাটি রাখতে ইস্তিরির জুড়ি নেই।

কাপড় ইস্তিরি করা একটু কঠিন কাজই বটে। একটু অন্যমনস্ক হলেই কাপড়টা জ্বলে যাবে। কাজটি সহজ করে করার জন্য গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়নশিল্প বিভাগের অধ্যাপক সোনিয়া বেগম কিছু পরামর্শ দিয়েছেন:

*প্রতিটি কাপড়ের ধরন অনুযায়ী ইস্তিরি করতে হবে। তা না হলে সহজেই কাপড় নষ্ট হয়ে সেটা আর পরার উপযোগী থাকে না।

*সুতি কাপড় কম বেশি সবাই মাড় দিয়ে পরেন। মাড় দেওয়া কাপড় ভালোভাবে শুকিয়ে নিয়ে ভেজা তোয়ালে পেঁচিয়ে ১০ মিনিট রেখে ইস্তিরি করলে ভালো হয়।

*সিল্ক এবং পশমি কাপড় হালকা ভেজা থাকতে থাকতেই ইস্তিরি করতে হবে।

*ইস্তিরি করার সঙ্গে সঙ্গেই কোনো পোশাক ভাঁজ করে তুলে না রেখে কিছুক্ষণ হ্যাংগারে ঝুলিয়ে আর্দ্রতা শুকিয়ে ভাঁজ করা উচিত।

*যেকোনো পোশাক সঠিকভাবে ভাঁজ করা জরুরি। শার্ট-প্যান্টের ভাঁজ সঠিকভাবে না হলে সেটা পরার পর খুবই চোখে লাগে। তাই পোশাক ঠিকমতো ভাঁজ করে ভালোভাবে চাপ দিয়ে রাখতে হবে।

*উলের কাপড় ইস্তিরি করার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ, ইস্তিরি বেশি গরম থাকলে উল পুড়ে যায়।

ফ্যাশন হাউস সঙের স্বত্বাধিকারী সাফিয়া সাথি বলেন, বিভিন্ন পোশাকের কাপড়ের ভিন্নতার কারণে ইস্তিরি করতেও সচেতন হতে হবে।

সুতি কাপড়ে মাড় দেওয়া হয়, তাই স্প্রেয়ার দিয়ে পানি স্প্রে করে ইস্তিরি করলে ভালো হয়। ব্লক বা এমবোস করা কাপড় সব সময় উল্টিয়ে ইস্তিরি করতে হবে। এ ছাড়া লিনেন, সাটিন, সিল্কের কাপড়ও উল্টিয়ে ইস্তিরি করা ভালো। পোশাকে লেস, বোতাম, চেইন থাকলে তার ওপর ইস্তিরি করা যাবে না। কাজ করা পোশাকে কাজের সুতা সিনথেটিক হতে পারে। এ ক্ষেত্রে সাবধান থাকতে হবে। উলের কাপড় ইস্তিরি করতে এর ওপর হালকা ভেজা সুতি কাপড় বিছিয়ে তারপর ইস্তিরি করুন।

কাপড় ইস্তিরি করার সঠিক নিয়ম নিয়ে ঢাকার মোহাম্মদিয়া ড্রাই ক্লিনারসের চেয়ারম্যান আবদুস শামিম বলেন, ‘সুতি কাপড় বাড়িতে সহজেই পানি ছিটিয়ে ইস্তিরি করা সম্ভব। তবে তাপমাত্রা সঠিক না হলে কাপড়ের আয়ু কমে যেতে পারে।·জামদানি কাপড়ে ইস্তিরি না লাগানোই ভালো। কাপড়ের বুননে একটি সুতা সিল্ক এবং একটি সুতা সুতি থাকায় বেশি তাপমাত্রায় সিল্ক সুতা পুড়ে জামদানি নষ্ট হতে পারে। ছোটখাটো লন্ড্রিতেও দামি কাপড় ইস্তিরি করতে দেওয়া ঠিক না। সাধারণ ইস্তিরি এবং সঠিক প্রযুক্তি ও যন্ত্রের অভাব থাকায় কাপড়ের জমিন ও রঙের ক্ষতি হতে পারে।’

এ ছাড়া কাপড় ইস্তিরি করার সময় পোশাকের লেবেলে থাকা ইস্তিরির নির্দেশনা ও ইস্তিরির ম্যানুয়াল পড়ে নেওয়া উচিত। ইস্তিরির বাতি জ্বলা-নেভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিদ্যুৎ-সংযোগের ক্ষেত্রে সাবধানতা মেনে চললে ইস্তিরি করা খুব কঠিন কিছু নয়।