পাটাতন ভেঙে হাঁ হয়ে আছে সেতু

৪৫ ফুটের নড়বড়ে কাঠের সেতু। মানুষ উঠলে দোলে। কয়েকটি অংশে কাঠের পাটাতন ভেঙে হাঁ হয়ে আছে। তারপরও ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে মানুষ। এই হাল সাতকানিয়ার পুরাতন হাঙর খালের ওপর নির্মিত সেতুটির।
এই ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে প্রতিদিন পাড়ি দেয় সাতকানিয়া উপজেলার দক্ষিণ ছদাহা, হাঙর রাজঘাটা ও লোহাগাড়া উপজেলার রাজঘাটা এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, পাঁচ বছর আগে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুরাতন হাঙর খালের হাঙর রাজঘাটা এলাকায় কাঠের সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে ওই সেতুর ওপর দিয়ে চলাচল করে রিকশা ও অটোরিকশা। স্থানীয় বাসিন্দারা সাতকানিয়া সদরসহ কেরানীহাট ও আশপাশের এলাকায় সহজে যাতায়াতের জন্য ব্যবহার করে এই সেতু। কিন্তু গত বছরের বন্যায় সেতুটির কিছু কিছু অংশে কাঠের পাটাতন ভেঙে পড়ে গেছে। এতে ওই সেতুর ওপর দিয়ে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। ভাঙা কাঠের সেতুর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে ওই সেতুর ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে।
১৮ মার্চ সরেজমিনে দেখা গেছে, পাটাতন ভেঙে যাওয়ায় িবভিন্ন অংশ হাঁ হয়ে আছে। তারপরও সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল, বাইসাইকেল ও রিকশা চলাচল করছে।
স্থানীয় লোকজন জানায়, সেতুর আশপাশের এলাকার ৯০ শতাংশ মানুষ কৃষি কাজে জড়িত। তারা ধান উৎপাদনের পাশাপাশি বিভিন্ন মৌসুমি সবজির চাষ করে। তাদের উৎপাদিত সবজি ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পার হয়ে পাশের শিশুতল পাইকারি বাজার ও কেরানীহাটে বিক্রির জন্য নিয়ে যেতে হয়।
দক্ষিণ ছদাহা গ্রামের মো. ফজলুল হক (৫২) বলেন, খালটির ওপর একটি পাকা সেতু না থাকায় গ্রামবাসীকে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সেতু পার হতে গিয়ে অনেকই দুর্ঘটনার শিকার হয়েছে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। তিনি ওই জায়গায় একটি পাকা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন।
হাঙর রাজঘাটা গ্রামের চাষি আবুল হোসেন (৪৬) বলেন, আশপাশের গ্রামগুলোর উৎপাদিত পণ্য ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়েই বাজারে নিতে হয়। অনেক সময় সবজিভর্তি ভ্যান উল্টে খালে পড়ে যায়।
জানতে চাইলে ছাদাহা ইউপির চেয়ারম্যান মো. মোসাদ হোসেন চৌধুরী বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে পাঁচ বছর আগে প্রায় এক লাখ ব্যয়ে কাঠের সেতুটি নির্মাণ করা হয়েছিল। গত বছর পরপর তিন দফা বন্যা ও কাঠ নষ্ট হয়ে যাওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতিমধ্যে স্থানীয় সাংসদ খালের ওপর ওই জায়গায় পাকা সেতু নির্মাণের জন্য সুপারিশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ বলেন, ‘হাঙর খালের ওপর একটি পাকা সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, অল্প কিছু দিনের মধ্যেই সেতু নির্মাণে জন্য বরাদ্দ পাওয়া যাবে।’