পাটি ও মরিচের হাট
শীতলপাটি ও মরিচ কেনার জন্য দূর-দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন আনোয়ারার সরকারহাটে। উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের ঐতিহ্যবাহী হাটটি পাটি ও মরিচের হাট হিসেবে পরিচিতি পেয়েছে ক্রেতা-বিক্রেতাদের কাছে। দক্ষিণ চট্টগ্রামের ক্রেতাদের কাছে এটি শীতলপাটির হাট নামেও পরিচিত।পটিয়া, আনোয়ারা, বাঁশখালী (পিএবি) সড়কের পাশে প্রায় ৬০০ বর্গমিটার এলাকাজুড়ে এ হাট বসে। শুক্র ও সোমবার এখানে হাটবার। পাটি তৈরির উপকরণ বেত, পাটিপাতা ও মরিচ নিয়ে আসেন প্রায় হাজার খানেক বিক্রেতা। নকশা করা, সাধারণ, ছোট-বড় বিভিন্ন ধরনের ও মাপের পাটি বিক্রি হয় এখানে। পাওয়া যায় লাল অথচ কম ঝালযুক্ত শুকনো মরিচ। সরেজমিনে দেখা গেছে, মানভেদে পাটির দাম ওঠে ৩০০ থেকে হাজার টাকা পর্যন্ত। বিক্রেতারা জানান, প্রধানত মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের লোকজন এখানে পাটি কিনতে আসেন। এ ছাড়া শহর থেকে পাইকারেরাও পাটি কিনতে আসেন। বিছানায় ব্যবহার, দেয়ালে ঝোলানো কিংবা লবণ শুকানোর উপযোগী পাটি পাওয়া যায় এখানে। পাওয়া যায় নকশাদার, ঝালর দেওয়া বিয়ের পাটিও। সপ্তাহের এ দুদিনে কয়েক লাখ টাকার পাটি কেনাবেচা হয় বলে বিক্রেতারা জানান। শুক্র ও সোমবার হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় দেখা যায়। হাটে কোনো ধরনের হাসিল (টোল) আদায় করা হয় না বলে লাভের মুখ দেখছেন বিক্রেতারা। পাইকারি পাটির ক্রেতা অলি আহমদ, জালাল আহামদ, নুরুল আমীন, মুন্সি মিয়া, আবু সিদ্দিক ও ছৈয়দ নূর জানান, হাটে হাসিল না থাকায় তাঁরা ভালোভাবে ব্যবসা করতে পারছেন।স্থানীয় পাইকারি ক্রেতা সৈয়দ নূর জানান, উপজেলার তিন ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবার শীতলপাটি তৈরির সঙ্গে যুক্ত। উপজেলার বরুমছড়া গ্রামের নুরুন্নাহার পাটি তৈরি করে প্রতি হাটবারে বিক্রি করেন। তিনি জানান, ‘পাটি বেচে ভালোই আয়-রোজগার হচ্ছে। সংসারে আগের মতো অভাব-অনটন নেই।’কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান, দালালের উৎপাত না থাকায় ও যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় হাটটি অনেকেরই পছন্দের। ব্যবসায়ী রেজাউল কবির জানান, এখানকার মরিচ ও পাটি গুণমানে অতুলনীয়, দামেও সস্তা। ক্রেতাদের একটি অংশ হাটে আসেন মরিচ কিনতে। এখানকার মরিচ লাল ও কম ঝাল হওয়ায় চাহিদা বেশি। মরিচ বিক্রেতা ইদ্রিস আরমান বলেন, ‘এখানকার শুকনো মরিচ প্রতিকেজি ১৪০-১৬০ টাকা ও প্রতিমণ পাঁচ হাজার ৫০০ থেকে ছয় হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।’পাটি ও মরিচ ছাড়া দেশি মুরগির জন্যও এ হাটে ক্রেতারা আসেন। এ ছাড়া সব রকমের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও হাটে বিক্রি হয়।উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান বলেন, সরকারহাট দক্ষিণ চট্টগ্রামের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। হাটের উন্নয়নে প্রশাসন সব ধরনের সহযোগিতা দেবে বলে তিনি জানান।