পাটের নাওয়ে সাগরপাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ বছরের তরুণ করেতাঁর মাতৃভূমি ফ্রান্স। মজেছেন বাংলাদেশের নদী-নৌকা আর পাটের প্রেমে। সেই আগ্রহ আর অভিযানের নেশায় পাটের তৈরি এক নৌকা নিয়ে তিনি সাগরে পেতেছেন শয্যা! বাংলাদেশ থেকে শুরু করেছেন তাঁর সমুদ্রযাত্রা; গন্তব্য মাতৃভূমি ফ্রান্স। তাঁর সেই রোমাঞ্চকর সমুদ্রযাত্রার খবর নিয়ে এবারের মূল রচনা। লিখেছেন মাহফুজ রহমান১.ঝুম বর্ষায় ক্লাসের পেছনের বেঞ্চে বসে খাতার পাতা ছেঁড়াটা পানিভাততুল্য সহজ কর্ম বটে। আর শিক্ষকের শ্যেনদৃষ্টি এড়িয়ে খাতার পাতা ছিঁড়ে ছিঁড়ে নৌকার কারিগর বনে যাওয়াতেও যে বিশেষ কারিকুরির দরকার নেই, এটাও সবার জানা। এবং কাগজের তৈরি সেই নৌকাগুলো বর্ষার অকূল দরিয়ায় ভাসিয়ে দেওয়াতে ভয় তো দূরে থাক, আনন্দ বাদে আর কোনো অনুভূতির প্রশ্নই আসে না। স্বয়ং রবিঠাকুরও কেয়াপাতার একটা নৌকা সাজিয়ে গাঙে ভাসিয়ে দেওয়ার কথা বলে গেছেন সেই বহুকাল আগে। পাতার নৌকা গাঙে ভাসিয়ে দেওয়াটা জলবৎ তরলং ঠিক আছে, তবে অথই সাগরে একটা নৌকা ভাসানোর ব্যাপারটাকে কী বলা যায়? লৌহবৎ কঠিনং? হয়তো বা তা-ই। কিন্তু এই কঠিনেরেই একজন ভালোবাসিলেন! নাম তাঁর করেতাঁ ডেকাটেল চ্যাটেলপেরন। ডাকনাম কোকো-তে পরিচিত হতেই স্বচ্ছন্দ বোধ করেন এই ফরাসি তরুণ। বয়স মোটে ২৬। পেশায় প্রকৌশলী। গেল ফেব্রুয়ারির ১৩ তারিখে ‘তাড়াতাড়ি’ নামের বিচিত্র এক নৌকা নিয়ে সাগর পাড়ি দিতে নেমেছেন তিনি! অ্যাডভেঞ্চারের চনমনে একটা গন্ধ পাচ্ছেন কি? পেলে ভুল হবে না। তবে শুধু অ্যাডভেঞ্চারই নয়, বাংলাদেশপ্রেম এবং একদম আনকোরা প্রযুক্তির মিষ্টি একটা ঘ্রাণও ভেসে আসে তাঁর এই সাগরপাড়ির গল্প থেকে।২.লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের? জাহাজে স্থাপিত আস্ত একটা হাসপাতাল সেটা। দুর্গম এলাকায় বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়াই লাইফবয়ের কাজ। বেসরকারি প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের সঙ্গে ১৯৯৪ সালে সেটা প্রতিষ্ঠা করেছিলেন ইভ মার নামের আরেক ফরাসি। তাঁরই ডাকে গত বছরের এপ্রিলে বাংলাদেশে এসেছিলেন করেতাঁ। লেখা বাহুল্য, প্রথম দেখাতেই বাংলাদেশের প্রেমে পড়েছিলেন এই ফরাসি বলছিলেন, ‘বাংলাদেশের নদী আর নৌকা যে এত সুন্দর, না দেখলে জীবনের অপূর্ণতাই থেকে যায়। এত সুন্দর দেশে আসতে পেরে, কাজ করতে পেরেই আমি ধন্য।’ বাংলাদেশে এসেই সেবামূলক ভ্রাম্যমাণ হাসপাতাল লাইফবয়ে কাজ শুরু করেন করেতাঁ। একে তো মনের মতো জায়গা, তার ওপর পেশাটাও তাঁর প্রিয় কিছু বিষয়কে ঘিরেই। তাই বাংলাদেশকে ঘিরে তাঁর শুধুই মুগ্ধতা, ‘এখানকার প্রকৃতি, মানুষজন তো অসাধারণ বটেই; আমার কাজের ক্ষেত্রটাও তো আরেক স্বর্গরাজ্য আমার কাছে। এখানে কাজ করে সত্যিকারের অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছি আমি।’করেতাঁ তখন মাস দুয়েক কাজ করেছেন লাইফবয়ে। এরই মধ্যে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী নৌকা নিয়ে কাজ শুরু করেন এককালের ফরাসি নাবিক ইভ মার ও তাঁর প্রতিষ্ঠান। করেতাঁরও দারুণ আগ্রহ বাংলাদেশের নদী ও নৌকা নিয়ে। ব্যস, দুইয়ে দুইয়ে চার মিলে যায়। নৌকা নিয়ে ব্যাপক গবেষণায় মাথা ঘামাতে থাকেন তিনি। গবেষণা থেকে বেশ ভালো একটা পরিকল্পনা বেরিয়ে আসে ইভ মারের মাথা থেকে। ঝড়-ঝঞ্ঝা বাংলাদেশের উপকূলের মানুষের কাছে অতি পরিচিত শব্দ। বছর বছর এই ঝড়ের তাণ্ডবে ভেঙে যায় ঘর, মুখ থুবড়ে পড়ে গাছপালা আর নৌকাডুবিতে প্রাণ হারায় হাজারো মাঝি। তাদের কথাই ভেবেছিলেন ইভ। উপকূলে ঝড়-ঝঞ্ঝা থেকে গা বাঁচিয়ে সাগরের বুকে ভেসে বেড়াবে তেমন নৌকা বানানোর একটা চমৎকার ভাবনাই বেরিয়ে আসে তাঁর মাথা থেকে। লেগে পড়েন ইভ মার, সঙ্গে করেতাঁ তো বটেই।৩.নৌকা বানানোর কাজ তো শেষ, কিন্তু তাঁর রক্তে যে অভিযানের বুনো নেশা! তাই শুরু হয় নতুন পরিকল্পনার ছক কাটার কাজ, ‘গত বছরের গ্রীষ্মের শেষের দিকে এক ছুটির দিনে দুজন বন্ধু এসেছিল আমার কাছে। ব্রহ্মপুত্র নদের পাড় ধরে হাঁটছিলাম আমরা। তখন হঠাৎই মাথায় বিদ্যুতের ঝলকের মতো একটা চিন্তা খেলে যায়। পাটের নৌকায় চেপে সাগর পাড়ি দেব আমি।’ বন্ধুদের বললেন ইচ্ছার কথা। করেতাঁকে হাড়ে হাড়ে চেনেন তাঁর বন্ধুরা। সামান্য একটা নৌকা নিয়ে সাগর পাড়ি দেওয়ার মতো উদ্ভট চিন্তা-ভাবনা একমাত্র তাঁর মাথাতেই খেলতে পারে। উৎসাহ না দিয়ে উপায় কী? ইভ মারকেও একই কথা জানালেন করেতাঁ। চোখ ছোট ছোট করে একগাল হাসলেন ইভ। পিঠ চাপড়ে বললেন, ‘শাবাশ!’ বেঙ্গল ফাউন্ডেশনও করেতাঁর সঙ্গে থাকতে চাইল সব রকমের সহযোগিতা নিয়ে। শুরু হলো প্রস্তুতি। তবে এর আগে নৌকাটি নিয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। তারও ব্যবস্থা হয়ে গেল। ফ্রান্সের বিখ্যাত একটি নৌ-প্রকৌশলী প্রতিষ্ঠান ভিপিএলপি ছিল ফ্রেন্ডশিপের পুরোনো সহযোগী। সেখানকার কর্তাব্যক্তি মার্ক ভ্যান পেথেগেম সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। তাঁর সঙ্গে প্রকৌশলী গোয়েনোলে গাহিনেটও খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে বসলেন নৌকাটি। সবুজ বাতি জ্বলল তাঁদের পক্ষ থেকে। এরপর সাগরে ভাসতে গেলে প্রয়োজনীয় আরও কিছু অনুষঙ্গ যুক্ত হলো পাটের সেই নৌকার গায়ে। সতর্কতার জন্য জুড়ে দেওয়া হয় একটি অটোপাইলট (নির্দেশানুযায়ী একটি নির্দিষ্ট দিকে নৌকা চালিয়ে নিতে পারে এমন যন্ত্র), নেভিগেশনের ব্যবস্থাও মজবুত করা হয় আগে থেকেই। আর বিদ্যুৎ উৎপাদনের জন্য নৌকার বাইরের দিকে সেঁটে দেওয়া হয় তিনটি সৌর প্যানেল। ‘তবে এত কিছুর পরও একমাত্র হাল ও বাদামি পালটাই আমার ভরসা, আর ভয় কি, যেখানে আমার নৌকার ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই!’ সাগরে ভাসার আগে এভাবেই বলেছিলেন করেতাঁ।বাংলাদেশে করেতাঁর প্রিয় খাবারের তালিকায় কোকোলা নুডলেসর নাম সবার ওপরে। তার সঙ্গে আছে সাগরপাড়ের মাঝিদের দৈনন্দিন খাবার—সস্তা কেক! তাই সাগর পাড়ি দেওয়ার আগে তাঁর ব্যাগের সিংহভাগই জুড়ে ছিল কোকোলা নুডল্স! একটা ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন আর ল্যাপটপও নিয়েছেন সঙ্গে। সাগরে ভাসতে হবে দিনের পর দিন। তার আগে চাই নিজেকে বাজিয়ে দেখা, চাই মহড়া। তাই সর্বশেষ প্রস্তুতি হিসেবে বংশী নদীতে একটা নৌকায় একনাগাড়ে কয়েক মাস কাটিয়ে দিয়েছেন করেতাঁ।৪.১৩ ফেব্রুয়ারি বংশী নদী থেকে ‘তাড়াতাড়ি’ নৌকার পাল উড়িয়েছিলেন করেতাঁ। দিন তিনেক বাদে গিয়ে পৌঁছান কুয়াকাটায়। সেখান থেকে ১৬ ফেব্রুয়ারি নেমেছিলেন উত্তাল সাগরের বুকে। পুরো মার্চজুড়ে ভারত মহাসাগর পাড়ি দেওয়ার কথা থাকলেও ভিসা-সংক্রান্ত জটিলতা ও পালে যথেষ্ট বাতাস না থাকায় যাত্রাবিরতিতে পড়েন করেতাঁ। এর মধ্যে শ্রীলঙ্কার সমুদ্র- উপকূলবর্তী শহর গল-এ নৌকায় একটা বয়া বসিয়ে নিয়েছেন, সেরেছেন নৌকার প্রয়োজনীয় টুকটাক সংস্কারের কাজ। এরপর একসময় বাতাসের ছোঁয়া পেয়ে ফুলে-ফেঁপে ওঠে পাল। ফের শুরু হয় যাত্রা। এর মধ্যে কয়েকবার ই-মেইলে বন্ধুদের সঙ্গে যোগাযোগ হয়েছিল করেতাঁর। বন্ধুদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় লিখেছেন, ‘...আন্দামানের পথে একঝাঁক উড়ুক্কুমাছ উঠে এসেছিল আমার নৌকায়! কী যে অদ্ভুত একটা দৃশ্য! কয়েক দিন আর মাছই ধরতে হয়নি আমার। অদ্ভুত এক অভিজ্ঞতা!’ এপ্রিলের শুরুতে নেদারল্যান্ডের সেনাবাহিনী একটি হেলিকপ্টার ও স্পিডবোট নিয়ে অনুসরণ শুরু করে করেতাঁর নৌকার পেছনে। দেখাও হয় তাদের সঙ্গে, বিনা মূল্যে বেশ কিছু উপদেশবাণীও দিয়ে দেয় তারা! উপদেশবাণী হজম করে সামনে ছোটেন করেতাঁ। এপ্রিলের মাঝামাঝি গালফ অব এডেনের মুখে পড়ে তাঁর নৌকা। তবে দূরে বিশাল বিশাল সব রাডারঅলা জাহাজ আর কার্গো দেখে কিছুটা ভয়ই ধরে যায় তাঁর মনে। জলদস্যু না তো আবার! একে তো ভয়, তার সঙ্গে মাথার ওপর গনগনে সূর্য। তবে কাচের মতো নীল জলের মাঝে একঝাঁক ডলফিনের অদ্ভুত সুন্দর নাচ দেখে মুহূর্তেই সব ভয়ডর সাগরের বাতাসে মিলিয়ে যায়। পরমুহূর্তেই আবার আরেক বিভীষিকার মুখোমুখি করেতাঁ, আজদাহা এক হাঙর দেখে ভয়ে বুকের ভেতর ঢাকের বাড়ি পড়তে থাকে তাঁর। তবে জোর বাতাসে পেছনে পড়ে থাকে সব ভয়ডর। ফের সামনে ছুটে চলা। রাত পেরিয়ে দিন আসে, অ্যালব্যাট্রোসের দল ঘিরে ধরে করেতাঁর নৌকা, আনন্দে বুকে ঢেউ খেলে যায়। নিশ্চিন্তে কিছুদূর চললেও, ফের বিপদের আভাস। বড় বড় রাডারঅলা জাহাজ! মানে আবারও আশঙ্কা—জলদস্যু না তো! নৌকার গতি কমিয়ে আনেন করেতাঁ। চোখ কান খোলা রেখে চলতে থাকেন সামনে। এভাবে চলতে চলতে ভীষণ ক্লান্তি এসে ভর করে একসময়। এক সকালে হঠাৎ দূরে ডাঙার মতো কিছু চোখে পড়তেই ফের চাঙা হয়ে ওঠেন করেতাঁ। হিসাব করে দেখেন, ভারত মহাসাগর থেকে ৬ হাজার কিলোমিটার দূরে চলে এসেছে তাঁর পাটের নৌকা ‘তাড়াতাড়ি’! স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ই-মেইল করেন বন্ধুদের,‘এত দূর পথ পাড়ি দিয়ে কী যে ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমাদের সবাইকে ধন্যবাদ, সঙ্গেই থেকো।’ এরপর একসময় করেতাঁর নৌকা গিয়ে পড়ে ওমানে। জায়গাটা ঠিক লোহিত সাগর ও গালফ অব এডেনের সংযোগস্থল বাব এল মান্ডবে। সেখানে দেখা পান ‘সাবাব ওমান’ নামের এক জাহাজের। ওমানের সাগরজলে পৃথিবীকুখ্যাত জলদস্যুদের উৎপাতের কথা করেতাঁ আগে থেকেই জানতেন। তাই আগাম সতর্কতা হিসেবে ‘সাবাব ওমানের’ সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি, উদ্দেশ্য—যদি কোনো রকমের সাহায্য পাওয়া জাহাজের লোকদের কাছ থেকে। হতাশ করে না সেই জাহাজের লোকেরা, বেশ আন্তরিক লোকগুলো বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় করেতাঁর দিকে। ‘সাবাব ওমান’ নামের জাহাজটির পেছনে নিজের নৌকাটি বেঁধে নেন করেতাঁ। এভাবেই চলতে থাকেন সামনে। এক দুপুরে জাহাজের লোকদের নিমন্ত্রণে দুপুরের খাবার খেতে নৌকা ছেড়েছিলেন তিনি। অনেক দিন পর বেশ ভালো খানাপিনা হয়ে যায় সেই যাত্রায়। তিন দিনের দিন আসে বিদায়ের ক্ষণ। বিদায়বেলায় বন্ধুর উদ্দেশে বিদায়ী নৃত্যেরও আয়োজন করে ‘সাবাব ওমানের’ বন্ধুরা। ঐতিহ্যবাহী বাদ্য-বাজনা বাজিয়ে, নেচে-কুদে তারা ছোটখাটো একটা উৎসবেরই আয়োজন করে ফেলে রীতিমতো। এর মধ্যেই ‘ফটোসেশন’ও হয়ে যায় একচোট। নৌকায় ফেরার আগে সিডিতে করে সব ছবি দিয়ে দেয় ওরা। বন্ধু জাহাজ ‘সাবাব ওমানের’ কাছ থেকে আলাদা করে নেওয়া হয় ‘তাড়াতাড়ি’কে। বেশ ফুরফুরে হাওয়ায় নৌকার পাল ফুলে ওঠে। করেতাঁ ছুটতে থাকেন সামনে। গুগল আর্থের সর্বশেষ খবর বলছে, এই মাসের প্রথম দিকে করেতাঁর তাঁর নৌকা নিয়ে পৌঁছেছেন ইয়েমেনের আল হুদাইদাহ বন্দরে। ছুটছেন সুয়েজ খালের দিকে।মোটমাট ছয় মাসের সময়সূচি নিয়ে সাগরে নেমেছিলেন করেতাঁ। সেই হিসাবে এরপর মিসর হয়ে সুয়েজখাল পার হবেন তিনি। গিয়ে পড়বেন ভূমধ্যসাগরে। তারপর উত্তর-পশ্চিমমুখো হয়ে পাড়ি দেবেন সোজা মাতৃভূমির দিকে। সাগর পাড়ি দেওয়ার আগে করেতাঁ বলেছিলেন, ‘আমার এই সাগরপাড়ি উদ্দেশ্যগুলোর মধ্যে একটা হলো বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সংযোগ স্থাপন। যেদিন আমি ফ্রান্সে গিয়ে পৌঁছাব, সেদিনই আমার স্বপ্নটা পূরণ হবে। আর বাংলাদেশের পাট পৃথিবীর বিখ্যাত, এখানকার নৌকাশিল্প অনেক সমৃদ্ধ। আমি চাই পাট ও নৌকার যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ তাঁর পুরোনো ঐতিহ্য ধরে রাখবে। স্বাবলম্বী হবে অর্থনৈতিকভাবে।’ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুভা নাহিদ চৌধুরীও করেতাঁর সুরে কথা বললেন, ‘এই অভিযানের মধ্য দিয়ে পাটশিল্পের আরও সম্ভাবনাময় দ্বার উন্মোচিত হতে পারে। আর করেতাঁ যা করছেন, তাতে করে গিনেস বুকে তাঁর নামটা উঠে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।’ তবে রেকর্ড নিয়ে চিন্তা করার মতো ফুরসত নেই করেতাঁর। তাঁর স্বপ্ন, ফ্রান্স থেকে ফিরে এসে বাংলাদেশে একটা গবেষণাকেন্দ্র খুলবেন, যেখানে পাটের ব্যবহার বাড়ানো নিয়ে যাবতীয় গবেষণা হবে। তৈরি হবে পাটের নৌকা। হাসবেন পাটসংশ্লিষ্ট কৃষক, শ্রমিক আর সাগরপারের মাঝিরা। সাগরে নামার আগে বাংলাদেশের পতাকা অঙ্কিত একটা টি-শার্ট উপহার দিয়েছিলেন তাঁর এক বন্ধু। বেশ লাগছিল তাঁকে। টি-শার্টটি খুব পছন্দের করেতাঁর। সাগরের উত্তাল বুকে দিনের পর দিন, রাতের পর রাত বাংলাদেশের পাট দিয়ে তৈরি নৌকায় ভেসে চলেছেন তিনি। সেই নৌকায় উড়ছে বাংলাদেশের পতাকা। সহযোগিতা: মুনতাসির মামুন ইমরান