পাটের বাহারি ব্যাগ
পাটের ব্যাগের চলটা বেশ পুরোনো। তবে সময়ের সঙ্গে এর নকশায় এসেছে পরিবর্তন। নানা রং আর আকারের পাটের ব্যাগ বিভিন্ন বয়সের মানুষ অনায়াসেই ব্যবহার করতে পারে। এখন পাটের ব্যাগে নানা রঙের এমবোস, হ্যান্ডপ্রিন্টের নকশা করা হচ্ছে। পাটের তৈরি ব্যাগ আরেকটু জাঁকালো করতে কড়ি, পুঁথি, বোতাম, চামড়া এমনকি এর ওপর কাপড়ের নকশাও করা হয়। এ ব্যাগ দেখতে যেমন নান্দনিক, তেমনি ব্যবহারও আরামদায়ক।অটবির ডেপুটি ম্যানেজার (ক্যাটাগরি ম্যানেজমেন্ট) জাকিয়া রেজওয়ানা বলেন, এত দিন অটবি শুধু আসবাব, আসবাবের অনুষঙ্গ এবং ঘরের তৈজসের আয়োজন করে এসেছে ক্রেতাদের জন্য। এবার অটবি ক্রেতাদের আগ্রহের কথা বিবেচনা করে পাটের ব্যাগের আয়োজন করেছে। পাট ও পাটজাত দ্রব্য দিয়ে তৈরি হলেও ব্যাগের আকার ও রঙে ভিন্নতা আছে। কালো, কমলা, হলুদ, সবুজ, অফহোয়াইট রঙের ব্যাগের কোনোটিতে একাধিক পকেট, আবার কোনোটি পকেটবিহীন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি অফিসে পর্যন্ত ব্যবহার করা যাবে এই ব্যাগ। তিনি আরও বলেন, অটবির তৈরি পাটের ব্যাগগুলো এত হালকা যে চাইলে ভাঁজ করে ছোট হাতব্যাগে রাখতে পারবেন। আবার প্রয়োজন অনুযায়ী খুলে ব্যবহার করা যায়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেবুন্নেসা ইভা বলেন, পাটের ব্যাগ বাহারি রঙের হওয়ায় চাইলে পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা যায়। সারা দিনের ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনেক কিছু একসঙ্গে নিতে বড় ব্যাগ দরকার। এটি আকারে বড় এবং ওজনে হালকা হওয়ায় ব্যবহারে সুবিধা অনেক। অটবি থেকে পাটের বাহারি ব্যাগ কেনা যাবে ৩২৫ টাকা থেকে ৩৯০ টাকায়। আড়ংয়ের পাটের ব্যাগে আছে বৈচিত্র্য। আকারে ছোট পাটের ব্যাগের ওপর কড়ি, পুঁথি, বোতাম নিয়ে সুই সুতার ফোঁড় তোলা ব্যাগ যেমন আছে। আবার আকারে বড় ব্যাগে চামড়ার ব্যবহার করা হয়েছে অনায়াসে। কেনা যাবে ২২০ থেকে ১৫০০ টাকায়।ফ্যাশন হাউস যাত্রা থেকে পাটের ব্যাগ কিনতে পারবেন ৩৪০ থেকে ১৯৮৫ টাকায়।চাইলে কিছুটা কম দামে শেরেবাংলা নগরের পাট গবেষণা ইনস্টিটিউটের বিক্রয়কেন্দ্র থেকে কিনতে পারবেন পাটের ব্যাগ। এ ছাড়া নগরের নিউমার্কেট, কার্জন হলসংলগ্ন ফুটপাত থেকে কিনতে পারবেন নানা ধরনের পাটের ব্যাগ।