পাঠক-ই
‘আজি হতে শতবর্ষ পরেকে তুমি পড়িছ বসি আমার কবিতাখানিকৌতূহলভরে,আজি হতে শতবর্ষ পরে!’শত বর্ষেরও বেশি সময় পর রবীন্দ্রনাথ পড়া হয়। পড়া হবে আরও অনেক বছর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন (১৩০২ বঙ্গাব্দ) ‘১৪০০ সাল’ কবিতায় এ পংক্তিগুলো লিখেছিলেন, তখন কাগজে লেখা বা ছাপা ছাড়া কোনো কিছু পড়ার কথা ভাবা যেত না। ২০ বা ২৫ বছর আগেও কি আমরা তা ভেবেছি? কিন্তু এখন ইন্টারনেটে পড়তে পারি ১৪০০ সাল কবিতা। পড়া বা জানার জায়গাটা এখন আর শুধু কাগজে বা বেতার-টেলিভিশনে সীমাবদ্ধ নেই। ওয়েবে বা ইলেকট্রনিক যন্ত্রে পাওয়া যাচ্ছে পত্রিকা বা বই। ইংরেজি বা অন্যান্য ভাষায় পড়াশোনার নানা কিছু ডিজিটাল মাধ্যমে চলে গেছে অনেক আগেই। বাংলাও এখন শামিল হয়েছে প্রযুক্তির এই যাত্রায়। বিশেষ করে গত কয়েক বছরে কম্পিউটার বা ডিজিটাল মাধ্যমে বাংলা ব্যবহারের প্রযুক্তি যেমন এগিয়েছে, তেমনি দেশে ইন্টারনেটের প্রসারও হয়েছে বেশ। দুয়ে দুয়ে চার মিলে গেছে, ফলে ডিজিটাল মাধ্যমে পড়ার মতো বিষয়বস্তুও (কনটেন্ট) বেড়েছে।এ অবস্থায় পাঠক এখন দুই প্রকার—এক. কাগজের পাঠক, দুই. ‘ই’ মানে ইলেকট্রনিক পাঠক। তবে সবাই কিন্তু পাঠকই। ই-পাঠকদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি। অনলাইনে বা ইন্টারনেট থেকে কোনো কিছু নামিয়ে (ডাউনলোড) অফলাইনে কম্পিউটারে পড়ার জিনিসও তাদের জন্য অনেক। পত্রিকা তো আছেই। বাংলায় লেখা ও পড়ার বড় একটা জায়গা ব্লগ। বাংলা ব্লগসাইটও আছে বেশ কিছু। ইলেকট্রনিক বইও বের হচ্ছে কিছু কিছু করে। সেসবও এখন টানছে পড়ুয়াকে।প্রথম আলোর রম্য ক্রোড়পত্র ‘রস+আলো’-র প্রচ্ছদের জন্য বছর খানেক আগে আনিসুল হক লিখেদিয়েছিলেন একটি ছড়া—‘কথা নয় মুখে মুখেসে ঝামেলা গেছে চুকেকথা হবে এসএমএসেকথা হবে ফেসবুকে\’ এসএমএসে যে কথা সেটা হলো, একজনের লেখা আরেকজনের পড়ার বিষয়। ফেসবুকেও তাই। বন্ধুদের স্ট্যাটাস অনেকের কাছেই ‘অবশ্য পাঠ্য’। এসএমএসে বাংলায় বার্তা পাঠানো তেমন সহজ নয়, কিন্তু ফেসবুকে বাংলা লেখা আর পড়া তো খুবই সহজ।তাই ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমে পড়ার জিনিস এখন অনেক এবং সেসব আছে নানা মাত্রায়। একদিকে বই বা কাগজে ছাপা পত্রিকার পাঠকের সংখ্যা বাড়ছে, আরেক দিকে বাড়ছে ই-পাঠকের সংখ্যা। তবে সংখ্যার দিক থেকে ই-পাঠকের সংখ্যা বাড়ার হারটা অনেক বেশি।তথ্য সংগ্রহের জন্য ই-পাঠক বাড়ছে। বললেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। রেডিও, টেলিভিশন তো আছেই, তথ্য পাওয়ার জন্য পাঠযোগ্য মাধ্যমের প্রতি মানুষের একটা টান আছে। তাই একটা সময় অনলাইনে পত্রিকা পড়ার মাধ্যমেই গড়ে উঠেছে ই-পাঠক শ্রেণী, যার বেশির ভাগই তরুণ প্রজন্ম। মোস্তাফা জব্বার বলেন, ‘ই-পাঠক বাড়ছে, তা প্রথম আলোর অনলাইন সংস্করণের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। আমাদের ধারণা ছিল, প্রবাসীরাই বেশি পড়েন অনলাইনে থাকা পত্রিকা। কিন্তু প্রথম আলোর অনলাইন সংস্করণের পাঠকের মধ্যে বেশির ভাগই বাংলাদেশে অবস্থান করেন। আমার প্রতিষ্ঠান আনন্দ-চলন্তিকা থেকে গত বছরের বইমেলায় সিডিতে রবীন্দ্র, বঙ্কিম, শরৎ, সুকান্ত ও জীবনানন্দ রচনাবলি বের করেছিলাম সিডিতে। পাঁচটি সিডিতে এক সেট ডিজিটাল প্রকাশনা। খুব একটা বিক্রি হবে না—এমনটাই ভেবেছিলাম। পরে দেখা গেল, দুই হাজার সেট সিডি বিক্রি হয়েছে। আসলে পাঠাভ্যাসের আমূল পরিবর্তন হয়েছে। আমার তো মনে হয়, আগামী পাঁচ বছরে কাগজের বইয়ের পাঠক আর ই-পাঠকের সংখ্যা সমান হয়ে যাবে।’তরুণদের মধ্যে ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে পড়ার হার অনেক বেশি—এমনটা মনে করেন সামহোয়্যার ইনের হেড অব অ্যালায়েন্সেস সৈয়দা গুলশান ফেরদৌস। বাংলা ভাষায় ব্লগ লেখার ওয়েবসাইট সামহোয়্যার ইন ব্লগের পরিসংখ্যান থেকে তিনি জানান, প্রতিবছর প্রায় দ্বিগুণ সংখ্যায় বাড়ছে ব্লগার ও ব্লগ পাঠকের সংখ্যা। তিনি বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ ব্লগ পড়ছে। পড়া ও লেখার ক্ষেত্রে অনলাইনে বাংলার প্রচলন বাড়ছে। তাই ই-পাঠকের সংখ্যাও বাড়ছে। এখন বাংলা ব্লগ তো বটেই, ফেসবুকে বাংলা লেখা যায়। বাংলায় ই-মেইলও পাঠানো যায়। তবে ই-বুক এখন খুব বেশি প্রকাশিত হয়নি। ব্লগগুলো থেকে কিছু ই-বুক বের হয়েছে। তিনি মনে করেন, ই-পাঠকদের মধ্যে ২০ থেকে ৩৫ বছর বয়সীদের দলটা ভারী।দরকারি জিনিস দ্রুত পাওয়া যায়, এ জন্য ই-পাঠকের সংখ্যা বাড়ছে বলে মনে করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের ছাত্র নাসির খান। তাঁর মতে, ‘বই বহন করা কঠিন। কিন্তু আমাদের পড়াশোনার জন্য বিভিন্ন বইয়ের পিডিএফ সংস্করণ ইন্টারনেট থেকে নামিয়ে ল্যাপটপে রাখা যায়। আর ডিজিটাল মাধ্যমে বেশির ভাগ পড়ার বই, তথ্য বা পত্রিকা বিনা মূল্যে পাওয়া যায়।’ তাই বলে কাগজে মুদ্রিত বইয়ের আবেদন কি হারিয়ে যাচ্ছে? নাসির খান বললেন, ‘যখন আমি খুব রিল্যাক্সড থাকি, তখন আরাম করে হাতে নিয়ে বইটাই পড়ি। গল্প-উপন্যাসের ক্ষেত্রে কাগজের বইয়ের বিকল্প এখনো নেই।’বেশ কয়েক বছর আগেই অনলাইনে মুহম্মদ জাফর ইকবাল ও আনিসুল হকের দুটি উপন্যাসের পিডিএফ সংস্করণ বিনা মূল্যে পড়ার জন্য রেখেছিল সময় প্রকাশন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বললেন, ‘তখন থেকেই ইচ্ছে ছিল, ই-পাঠকদের সামনে ভালো বই তুলে ধরার। অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে বইয়ের পরিচিতি বাড়ে, প্রচারণা হয়, কিন্তু এখনো অনলাইনে সরাসরি বই বিক্রির সুবিধাটা প্রকাশকেরা নিতে পারেন না। এটা একার বিষয় না। ২৫-৩০ জন প্রকাশক একসঙ্গে উদ্যোগ নিলে তবেই অনলাইনে আমাদের বইয়ের বাজার তৈরি করা যাবে। কেননা ই-পাঠকের সংখ্যা দিন দিন বাড়ছে। অনলাইনে একটা বই রাখলে এক দিনেই হয়তো ৫০ হাজার পাঠক দেখেন। এর ১ শতাংশ বই কিনলেও তো অনেক। আগামী পাঁচ বছরের মধ্যে প্রকাশক ও লেখকেরা এই পাঠক শ্রেণীর কাছে না যেতে পারলে বাজার হারাবেন।’কাগজের পাঠক আর ই-পাঠক বিষয়টিকে সামগ্রিকভাবে দেখলেন লেখক ও প্রকাশক মইনুল আহসান সাবের। তিনি বললেন, ‘পাঠক বেড়েছে। এভাবেই ব্যাপারটাকে দেখতে চাচ্ছি। যাঁরা বই কিনতেন না, তাঁরাও এখন ডিজিটাল মাধ্যমে বইটি পড়তে পারছেন। এঁদের মধ্যে কয়েকজন বইটা আবার কিনছেন। ডিজিটাল বই হ্যান্ডি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই পড়া যায়।’ ব্লগকে তিনি মনে করেন মুক্ত চিন্তাচর্চা করার একটা জায়গা। পাঠকেরা এখানে নানা ধরনের লেখা পড়তে পারছেন। তিনি মনে করেন, ব্লগ থাকায় প্রচুর অপ্রয়োজনীয় লেখা প্রকাশ পাচ্ছে। কিন্তু এর মধ্য থেকেই ভালো কিছু বের হয়ে আসছে। চূড়ান্ত বিচারে যা পাঠক-লেখক দুই পক্ষের জন্যই লাভজনক।যেহেতু ই-বই এখনো আমাদের এখানে সেভাবে প্রচলিত বা জনপ্রিয় নয়, তাই মুদ্রিত বই এখনো ক্ষতিগ্রস্ত হয়নি। বইমেলায় প্রতিবছরই বই প্রকাশের হার বাড়ছে। মইনুল আহসান সাবের বললেন, ‘আমার বই যে ই-বুক হবে না, তা তো নয়। মুদ্রিত হোক বা ই-বুকই হোক, আমার লাভ, আরও কিছু পাঠক বাড়ল। কারণ, পাঠক তো পাঠকই।’