পাঠক রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসে মাত্র পাঁচবার

সত্যজিৎ বিশ্বাস
খবর: এ মাসে পাঁচবার ডুবল চট্টগ্রাম (সূত্র: প্রথম আলো, ২৫ জুলাই ২০১৭)

১.
বিক্ষুব্ধ জনতা: এটা কোনো কথা হলো? উন্নয়নের জোয়ারে এ মাসে পাঁচবার চট্টগ্রাম ডুবল!
নেতা: ভাইসব, এসব অপপ্রচার। এক মাসে কী করে পাঁচবার ডোবে, যদি ওই পাঁচবার আবার ভেসে না ওঠে? ডোবার খবর ছাপা হয়; কই, ভাসার খবর কি ছাপা হয়?

২.
ভুক্তভোগী নাগরিক: বাবা, আমরা চিটাগাংবাসী, এক মাসে পাঁচ-পাঁচবার ডুবে গেলাম। এর হেতু কী?
জ্যোতিষ: মূল সমস্যা তো বইলাই দিলা, তোমরা চিটা‘গাং’বাসী। ‘গাং’ থাকলে পানি আসবে না?

৩.
১ম বন্ধু: এটা কোনো কথা হলো, বৃষ্টি হলেই বর্ষাকালে চট্টগ্রামবাসীর কী অবস্থা হয়, বল?
২য় বন্ধু: বর্ষাকালে কত গ্রামই তো ডোবে। চট্ট‘গ্রাম’ও ডুবছে। একটা গ্রাম ডুবছে, এটা নিয়ে বাড়াবাড়ির তো কিছু দেখি না।

মানুষ করে মশকরা
আকরাম সাবিত
মেঘের জলে শহর ডোবে
নৌকা চলে আজ পথে,
চলার পথে আমজনতা
সাঁতার কাটে মাঝপথে!

ড্রেনে থাকা আবর্জনা
ঘুরছে দেখো চারদিকে,
পরিস্থিতি ভীষণ খারাপ
কে তাকাবে কার দিকে?

অর্ধ শরীর ডুবছে জলে
চলতে গেলে সাইকেলে,
কেমনে হবে এর সমাধান
মাথায় শুধু তাই খেলে।

এই যে পানি, জনদুর্ভোগ
যায় কেমনে বশ করা?
দুজন মেয়র ভেবে মরেন
মানুষ করে মশকরা।

যাত্রাশিল্পী রবীন্দ্রনাথ
শিমুল শাহিন
ছোট ভাইকে একদিন পড়া দেখিয়ে দিচ্ছিলাম। পড়ানো শেষে বাংলা বইটা হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ‘এবার বল তো, রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন?’
ছোট ভাই উত্তরে বলল, ‘রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি, ঔপন্যাসিক এবং যাত্রাশিল্পী ছিলেন।’
হাসতে হাসতে তাকে জিজ্ঞেস করলাম, ‘রবীন্দ্রনাথ ঠাকুর “যাত্রাশিল্পী” ছিলেন, এটা তোকে কে বলল?’
সে উত্তরে বলল, ‘কেন, বইয়েই তো লেখা আছে, “রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৭৮ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে যাত্রা করেন”।’