পাঠক রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলমের খোঁচা

মুজাহিদুল ইসলাম

আমার এক পরিচিত বড় ভাই আছেন। দেখা হলেই তিনি তাঁর এক আত্মীয়ের কথা বলেন; যিনি কিনা অতিরিক্ত সচিব হিসেবে কোনো এক সচিবালয়ে কর্মরত। ভাইয়ের ভাষ্যমতে, ওই আত্মীয় ‘কলমের এক খোঁচায়’ সব উল্টে-পাল্টে ফেলেন। ভাইয়ের সামনে পড়লেই সেই ‘কলমের এক খোঁচার’ উপাখ্যান শুরু হয়ে যায়।

সম্প্রতি বড় ভাইয়ের ওই আত্মীয় অতিরিক্ত সচিব থেকে যুগ্ম সচিব হয়েছেন। ফলে ভাই দ্বিগুণ উৎসাহে তাঁর নিজের এবং আত্মীয়ের সাফল্য ও ক্ষমতা সব জায়গায় প্রচার করছেন। দুর্ভাগ্যক্রমে আমি একদিন ভাইয়ের সামনে পড়ে গেলাম। নিয়মানুযায়ী তিনি শুরু করলেন, ‘আরে জানো, আমার ওই ভাই তো এখন...!’

কিছুক্ষণ শোনার পর আমি আর বিরক্তি ধরে রাখতে না পেরে বললাম, ‘ভাই, আপনার ওই আত্মীয়কে দিয়ে আমার একটা উপকার করতে পারবেন?’

: আরে মিয়া, বলো বলো, উইদাউট এনি সংকোচ!

: তাঁর নেক্সট ‘কলমের খোঁচা’টা আমার রুমমেট শিমুলকে মারতে বলবেন। সারাক্ষণ আমার বেডে এসে বিরক্ত করে।

বড় ভাই এমনভাবে আমার দিকে তাকালেন, মনে হলো কলম নয়, চোখের খোঁচা দিয়েই আমার দাঁত ফেলে দেবেন!

প্রশ্নফাঁস

শাহ্ পরান

আমাদের স্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন খুব বদমেজাজি, আর এক কথার মানুষ। একগুঁয়েমিতে তাঁর জুড়ি মেলা ভার ছিল। ছাত্রদের ভালো লাগা, খারাপ লাগা, আগ্রহ-অনাগ্রহ, আপত্তি-অনাপত্তির তোয়াক্কা করতেন না কখনো। বার্ষিক পরীক্ষার আগে আমরা কদিন প্রাইভেট পড়তে গেছি তাঁর কাছে। স্যার একদিন সাজেশন দিচ্ছেন। একটা গুরুত্বহীন প্রশ্ন, যেটা পরীক্ষায় আসার মতো নয়, তিনি সেটাও মার্ক করে দিলেন। আমি কিছুটা ইতস্তত করে বললাম, ‘বাদ দেন স্যার, এটা আসবে না পরীক্ষায়।’

স্যার হুংকার দিয়ে বলে ফেললেন, ‘তুই জানিস, এটা আসবে না পরীক্ষায়? প্রশ্ন আমি করি না তুই করিস? শিক্ষক আমি না তুই? এইমাত্র দিয়ে এলাম এটা পরীক্ষার প্রশ্নে...!’

মাঘ আর বাঘ

কাজী সুলতানুল আরেফিন

১.

: ক্রিকেট দেখে কী বুঝলেন?

: মাঘের শীত বাঘের চেয়েও সিংহের গায়ে বেশি লাগে!

২.

: ক্রিকেটার ভাইয়েরা মাঘ মাসে এভাবে জ্বলে উঠল কেন?

: শীত তাড়াতে।