পাঠক রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের দিনগুলোতে সেই তরুণ
মো. কুদরতি ইসলাম
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। রাস্তার পাশে সারি সারি শিক্ষার্থী দাঁড়িয়ে মানববন্ধন করছে। অদূরেই এক চায়ের দোকানে বসে চা খাচ্ছেন সাত্তার ভাই। চায়ে চুমুক দিতে দিতে সাত্তার ভাই আন্দোলন পর্যবেক্ষণ করছেন। রাস্তার পাশে আন্দোলনকারী শিক্ষার্থীরা মূর্তির মতো দাঁড়িয়ে আছে আর মাঝেমধ্যে দুয়েকটা স্লোগান দিচ্ছে। পর্যবেক্ষণ করার মতো কিছুই নেই। তার মাঝে হঠাৎ খেয়াল করলেন, চিকনচাকন দেখতে এক তরুণ প্রতিটা শিক্ষার্থীর পাশে গিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়াচ্ছে আর কী যেন বলছে।

সাত্তার ভাই ভাবলেন, এই তরুণই হয়তো আন্দোলনের নেতা। শিক্ষার্থীদের মনোবল বাড়াতে প্রত্যেককে ব্যক্তিগতভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। তরুণের সঙ্গে দুটি কথা বলার খুব শখ হলো সাত্তার ভাইয়ের। এ রকম তরুণ তো সচরাচর দেখা যায় না।

সাত্তার ভাইয়ের মনোবাসনা বেশিক্ষণ অপূর্ণ রইল না। মিনিট দশেক পরে সেই তরুণ চায়ের দোকানে সাত্তার ভাইয়ের একদম পাশের বেঞ্চেই এসে বসল। সাত্তার ভাই জিজ্ঞেস করলেন, ‘ভাই, কেমন আছেন?’

তরুণ হতাশ গলায় উত্তর দিল, ‘আর ভালো থাকা ভাই, দেখেন না ছেলেরা আন্দোলনে নেমেছে।’

: তা তো দেখছি, ভালোই তো, কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার।

: এভাবে কি সংস্কার সম্ভব, যতক্ষণ সরকার কোনো পদক্ষেপ না নেয়।

: আন্দোলন জোরালো হলে তবেই না সরকার পদক্ষেপ নেবে। তো ভাই আরেকটা কথা, আপনাকে দেখলাম ছেলেদের কানে কানে গিয়ে কী যেন বলে আসছেন, কী বলছিলেন ভাই, আমার খুব জানার ইচ্ছা।

: তেমন কিছু না। আমি শুধু বলছিলাম, এভাবে আন্দোলন করে কিছু হবে? যারা পড়ালেখা করার তারা কিন্তু ঠিকই এমপিথ্রি আর ওরাকল গিলছে। এখানে অযথা সময় নষ্ট না করে যদি বাসায় গিয়ে বিসিএস প্রিপারেশন নাও তাহলে এইসব কোটা-ফোটা কিছুই লাগবে না।

তরুণের কথা শুনে সাত্তার ভাই মুগ্ধ হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ‘বাহ্! চমৎকার অনুপ্রেরণা দিলেন তো ভাই। আপনার পেশা কি ভাই মানুষকে অনুপ্রেরণা দেওয়া?’

তরুণ একটু ভেবে বলল, ‘না ভাই, পেশা হিসেবে কিছু গ্রহণ করি নাই এখনো, অনার্স শেষ করলাম কেবল।’

সাত্তার ভাই একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘তার মানে আপনিও বিসিএস প্রিপারেশন নিচ্ছেন?’

তরুণ ‘হ্যাঁ’-সূচক মাথা নাড়াল। সাত্তার ভাই একটু উচুঁ গলায় বললেন, ‘তাহলে আপনারও তো এ রকম চায়ের দোকানে বা আন্দোলনে গিয়ে সময় নষ্ট করা উচিত না। বাসায় গিয়ে এমপিথ্রি আর ওরাকল পড়ুন। বিসিএসের প্রিপারেশন নিন।’

তরুণ মুচকি একটি হাসি দিয়ে বলল, ‘তার আর দরকার কী, আমার তো কোটা আছে!’

আমরা যেমন
শাওনি রুদ্র
আমরা বড়ই খুঁতখুঁতে
ধরুন, বাসার বিদ্যুৎ চলে গেল। এটা সমস্যা নয়, সমস্যা হলো পাশের বাসায় বিদ্যুৎ আছে কি না। জানালা দিয়ে হালকা করে মাথাটা বের করে কেউ না কেউ জানতে চাইবেই, ‘ও সেলিনার মা, আপনাদের কারেন্ট আছে নাকি?’
ওপাশ থেকে উত্তর, ‘না, নাই। এই কারেন্ট আর মরার সময় পায় না, আমার চম্পাবতী শুরু হবে!’
প্রতিবেশী তখন স্বস্তির নিশ্বাস ফেলেন।

আমরা বড়ই দয়ালু
ধরুন, ফেসবুকে ‘জীবন বাঁচাতে পারে আপনার ১০টি টাকা’-টাইপের ইভেন্টে গোয়িং দেবে, আবার বন্ধুর জন্য বাক্স হাতে সামনে দাঁড়ালেই, ‘উফ কোত্থেকে যে আসে না এরা!’

আমরা বেশ সচেতন
ধরুন, রাস্তায় একটা বাচ্চা মেয়ে ‘ফুল নেন না! নেন না!’ বলে ঘ্যানঘ্যান করছে। আমরা মেয়েটার একটা ছবি তুলে ‘ফুলের হাতে ফুল’-মার্কা ক্যাপশন দিয়েই মেয়েটাকে ধমক দেব, ‘এই, তুই গেলি!’

আমরা বেশ প্রতিবাদীও
মার্ক জাকারবার্গের পোস্টে আমরা কমেন্ট করি এ রকম, ‘বাংলাদেশে যে এত শিলাবৃষ্টি হইল, কই আপনি কিছু বললেন না!’

বাংলিশ–বিভ্রাট
জাহেদুল আলম
কাবুল সাহেব ফেসবুকে চেকইন দিয়ে লিখলেন, ‘পটিয়ায় এলাম।’
পটিয়ায় আবার কাবুল সাহেবের ফেসবুক বন্ধু ইকবাল সাহেবের বাড়ি। তাঁদের মধ্যে ভাবসাবও ভালো। কাবুল সাহেব ভাবলেন, পটিয়া যেহেতু এসেছেন, ইকবাল সাহেবের বাড়ি থেকে ঘুরে আসা যাক। এই ভেবে চলে গেলেন বন্ধুর বাসায়। গিয়ে বসতেই বাংলিশে ইকবাল সাহেবের মেসেজ, ‘Amar bari theke beriye jan. beriye na gele ar kotha hobe na kokhno!’
সেজ দেখেই কাবুল সাহেব বিব্রত। অগত্যা ইকবাল সাহেবের বাসা থেকে বেরিয়েই গেলেন। ফিরতি গাড়িতে উঠে পড়েছেন। ঠিক সে সময় ইকবাল সাহেব অফিসের মিটিং থেকে বেরিয়ে ফোন দিলেন, ‘ভাই, আমার বাসায় আছেন তো? আমি ছুটি নিয়ে আসছি, একসঙ্গে দুপুরের খাবার খাব।’
কাবুল সাহেবের আক্কেলগুড়ুম। আমতা আমতা করে বললেন, ‘জরুরি কাজ পড়ে গেছে, ভাই। পরের বার এলে বেড়িয়ে যাব।’
ফোন রেখে কাবুল সাহেব চিন্তা করতে লাগলেন, ইকবাল সাহেব তাহলে আমাকে ‘বেরিয়ে’ যেতে নয়, ‘বেড়িয়ে’ যেতে বলেছিলেন! হায় রে বাংলিশ-বিভ্রাট!