পাঠকের আস্থায় গড়ে ওঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রকাশের প্রায় শুরু থেকেই সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রথম আলো চালিয়ে আসছে বিভিন্ন সামাজিক কার্যক্রম। সেসব সুষ্ঠুভাবে করার জন্য ২০০৯ সালের এপ্রিলে গঠিত হয় প্রথম আলো ট্রাস্ট। এ ট্রাস্ট গঠিত হয় নয়জন বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে।
মেধাবী শিক্ষার্থীদের মূল্য প্রথম আলোর কাছে অসামান্য। ১৯৯৯ সালের ২৫ সেপ্টেম্বর সিরডাপ মিলনায়তনে প্রথম এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় প্রথম আলো। দেশের সেরা শিক্ষাবিদেরা তাতে তরুণদের আরও এগিয়ে যাওয়ার প্রেরণায় উদ্বুদ্ধ করেন। পরের বছর এ সংবর্ধনার আয়তন আরও বাড়ে। তরুণ মেধাবীদের মধ্যে যাঁদের অর্থসংগতি কম, তাঁদের পড়াশোনা অব্যাহত রাখার জন্য বৃত্তির ব্যবস্থাও করা হয়। এসব উদ্যোগে প্রথম আলোর সঙ্গে ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সামিট গ্রুপ, আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ট্রান্সকম গ্রুপ, ম্যাডোনা গ্রুপসহ সমাজের বহু সচ্ছল ব্যক্তি। ২০০৮ সালে ২১ জন ও পরের বছর ২৯ জন এইচএসসি পর্বের দরিদ্র মেধাবী শিক্ষার্থী এ বৃত্তি পান।
২০১০ সাল থেকে চালু হয় ব্র্যাক ব্যাংক-প্রথম আলো অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি। বৃত্তিটি এ পর্যন্ত পেয়েছেন মোট ৪৫৪ জন অদম্য মেধাবী। তাঁদের মধ্যে ২৪৬ জন পড়াশোনাও শেষ করেছেন। বর্তমানে বৃত্তি পাচ্ছেন ২০৮ জন। ২০১২ সাল থেকে এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনে পড়াশোনার জন্য দরিদ্রতম পরিবারের ১০ জন মেয়েসন্তানকে বৃত্তি দেওয়া হচ্ছে। এই মেয়েরা তাঁদের পরিবারের প্রথম কোনো সদস্য, যাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন। এ উদ্যোগে সহায়তা দিচ্ছে ট্রান্সকম গ্রুপ।
প্রকাশের প্রায় পর থেকেই প্রথম আলো চালিয়ে আসছে অ্যাসিড-সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম।
সিডর, আইলা, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে প্রথম আলো দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ায়। কুড়িগ্রামের একটি চরের অধিবাসীরা প্রথম আলোর ত্রাণসহায়তায় কৃতজ্ঞতা জানিয়ে চরটির নাম দেয় প্রথম আলো চর। সেখানে ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘প্রথম আলো চর বিদ্যালয়’। রাজশাহীতে কোল আদিবাসীদের জন্য চলছে বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। সিডরে বিধ্বস্ত সাতক্ষীরার শ্যামনগর উপকূলে গড়ে তোলা হয়েছে একটি দুর্যোগ আশ্রয়কেন্দ্র।
প্রথম আলো ট্রাস্ট সরকারের রেজিস্ট্রিভুক্ত সংগঠন। এতে যাঁরা আর্থিক সহায়তা দেন, তাঁদের নাম, চাঁদার পরিমাণ ও ব্যয়ের বিবরণী নিয়মিত ছাপানো হয় পত্রিকায়। ট্রাস্টের আয়-ব্যয়ের হিসাব সিএ ফার্মের মাধ্যমে অডিট করা হয় নিয়মিত। এভাবে প্রথম আলো ট্রাস্ট পাঠক ও সমাজের সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছে।
আব্দুল কাইয়ুম
সহযোগী সম্পাদক, প্রথম আলো ও ট্রাস্টের সদস্য