পাঠকের ঈদ
>পবিত্র ঈদুল আজহা আসন্ন। ঈদ মানেই মনের কোণে শৈশবের নানা ঘটনার ওড়াউড়ি, ঈদের স্মৃতির রঙিন দুনিয়ায় আনমনেই হারিয়ে যাওয়া। আবার কারওবা ঈদ আসে স্রেফ দুঃখ জাগাতে। পাঠকের কাছে ঈদের এমন সত্য গল্পই আহ্বান করা হয়েছিল। ছুটির দিনের ফেসবুক পেজে ঘোষণা পেয়ে পাঠকেরাও লিখে পাঠিয়েছেন হরেক রকম ঈদের স্মৃতি।
সফর স্থগিত
নাফিসা তাবাসসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছোটবেলায় মফস্বল শহরে বড় হয়েছি। এখানে না আছে বড় শহরের অত্যধিক ব্যস্ততা, না আছে গ্রামের অন্তহীন মেঠো পথের চিরাচরিত রূপ। এই মফস্বল শহরেই ঈদের সময় পেতাম ঢাকার আত্মীয়দের। তাঁরা আসতেন কদিনের জন্য। বাড়িতে উৎসব শুরু হতো তখন। ঈদের আগের রাতে মেহেদি দিতাম দল বেঁধে। রাতে শুকিয়ে যাওয়া মেহেদির টকটকে রং ধরা হাত দেখতে দেখতেই গোসল শেষ করতাম। নতুন পোশাক পরে বাড়ির বড়দের সালাম করাটা তো অবশ্যকর্তব্য।
পশু–পাখি নিয়ে আমার একধরনের ভীতি আছে। তবু কোরবানির পশুরা কদিনের অতিথি হলেও ওদের সঙ্গে সখ্য গড়ে উঠত। কদিনের অতিথি জেনেও আমি ওদের একেকজনের নামও দিতাম! যে কদিন ওরা থাকত আমাদের সঙ্গে, বাড়ির সদস্য হয়েই থাকত। খানিক পরপর খোঁজ নিতাম। রাতে বসে বসে ওদের কার্যকলাপ দেখতাম। প্রথম দু-তিন রাত খুব ভয় পেত ছাগলগুলো। তখন ওদের সঙ্গে গল্পও করতাম। ঈদের সকালে সরাসরি না দেখলেও ‘কদিনের প্রিয় অতিথি’র শেষ গোঙানির আওয়াজটুকু যেন পরবর্তী কদিনের জন্য কানে গেঁথে যেত।
তারপর আমরা তিন ভাই-বোন আর দাদু মিলে যেতাম ‘সফরে’। হাতে মাংসের থলে। হেঁটে হেঁটে শহরের প্রায় সব আত্মীয়স্বজনের বাসায় যেতাম আমরা। এতটা পথকে হাঁটাপথ বানিয়ে নিতাম বলে বাসার সবাই এটার নাম দিয়েছিলেন—‘সফর’। ভাই-বোনদের সঙ্গে আড্ডা, ঘুরতে যাওয়া—সব মিলিয়ে এই ছিল আমার ঈদের দিন।
এবার কোভিডের কারণে ঢাকার ভাই-বোনেরা আসতে পারবেন না। আমাদের চারজনের সকালের বিখ্যাত ‘সফর’ স্থগিত। দাদুর এই চার মাসের বন্দিদশার অবসান ঘটবে না এই ঈদের দিনেও। ভাই-বোনদের আড্ডা হবে না। ঈদগাহ এবার লোকজনের কোলাহলে মুখরিত হবে না। হয়তো পাওয়া হবে না সালামি, যাওয়া হবে না ঘুরতে।
দড়িটা পড়ে আছে
আরিফুর রহমান, বরিশাল
বাসা থেকে সে বছরের ঈদুল আজহায় ছাগল কোরবানির সিদ্ধান্ত নেওয়া হলো। পশুর আকার বিবেচনায় কেনার দায়িত্ব বর্তাল আমার কাঁধে! হাটে জোগালি হিসেবে গিয়েছি অনেক, কিন্তু নিজে কেনার অভিজ্ঞতা ছিল না। সঙ্গে নিলাম আমার চাচাতো ভাইদের।
অভিযান শুরু। গন্তব্য বরিশালের রূপাতলী হাট। ঘুরে ঘুরে বড়সড় একটা ছাগল পছন্দ করলাম। দরদাম করে ছাগলটা কিনে ফেলি। হাট থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় আট কিলোমিটার। পুরো পথটা হেঁটেই বাসায় ফিরলাম। বাড়ির বাইরে রাখার মতো তেমন জায়গা না থাকায় তার জায়গা হলো ছাদের সিঁড়িঘরে। বেঁকে বসা ছাগলকে দোতলার ছাদে ওঠাতে বেশ কষ্ট হলো আমাদের।
ছাদ থেকে নিচে নামতেই দেখলাম আব্বা ফিরেছেন। আম্মা, বোনসহ বাড়ির অন্যরা অপেক্ষা করছিল তাঁর ফেরার। আব্বা কাপড় বদলে সবাইকে নিয়ে গেলেন ছাগল দেখতে। প্রথমবার কোরবানির পশু কেনার মতো দায়িত্বপূর্ণ কাজ করে আমি বেশ বড় বড় ভাব নিয়ে ছিলাম। মনে মনে ভাবছিলাম, ভালো দামে বেশ সুন্দর মোটাতাজা একটি ছাগল কিনেছি বলে আমি ও আমার চাচাতো ভাইয়েরা আব্বুর বাহ্বা পাব।
আব্বা সবাইকে নিয়ে ছাদে গেলেন। ওপরে উঠেই সবার চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। মেঝেতে দড়ি পড়ে আছে, কিন্তু ছাগল নেই। সবার মুখ-চাওয়াচাওয়ি শুরু হলো।
ছাদে এক চক্কর দিয়ে সবাই বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলাম। ততক্ষণে রাত বেড়ে গেছে। খুঁজতে খুঁজতে বুঝলাম, যা হওয়ার তাই হয়েছে।
ছাগলকে আর খুঁজে পাওয়া যায়নি। বাসার মূল ফটক খোলা ছিল। আনাড়ি হাতে গলায় দড়ি বেধেছিলাম বলে দড়ি খুলে বাইরে চলে গেছে, নয়তো চুরি হয়েছে। কিন্তু সত্যিই কী ঘটেছিল, সেটি কেউ জানি না।

বাবার হাত ধরে
বাড়ির ছোট হওয়ায় ঈদ নিয়ে সব সময় আমার বাড়তি আগ্রহ থাকত। ঈদুল আজহায় সেই আগ্রহটা গড়াত কোরবানির গরু কেনায়। গরু বাসায় আসবে, আমি তার যত্ন নেব ইত্যাদি। তাই মেয়ে হলেও আব্বু আমাকে হাটে নিয়ে যেত। বাবার হাত ধরে আমিও যেতাম হাটে। আমার পছন্দমতোই কেনা হতো কোরবানির গরু। তবে ২০০৬ সালের ঈদটি ছিল আমার জন্য একেবারেই ভিন্ন।
তখন তো বেশ ছোট। ওই বছর ঈদের দিন ঘনিয়ে এলেও গরু কেনার কোনো নাম ছিল না। শেষ সময়ে এসে গরু কেনার সিদ্ধান্ত নিল বাবা। আমি কিছুটা অভিমান করে হাটে গেলাম না। বাজারে গরুর সংকট ছিল বলে বড়রা আলোচনা করছিলেন। তাই বাবা আর বড় ভাইয়া সকালে বের হলেও তাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। আমি গাল ফুলিয়ে বসে ছিলাম। কিন্তু তাদের আসার কথা শুনে দৌড়ে বারান্দায় চলে গেলাম। কিন্তু না! কোনো গরু কিনতে পারেনি। বাইরে পর্যন্ত না গিয়েই আব্বুর দিকে তাকালাম। মনে হলো, তারও মন খারাপ।
রাত পার হলেই ঈদ। বুঝতে বাকি রইল না, এবার কোরবানি দেওয়া হবে না। চোখ ছলছল করে উঠল। আব্বুও আর আমাকে কিছু বলল না, শুধু এসে মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে ঘুমাতে চলে গেল। চোখের কোণে পানি নিয়ে কখন যেন আমিও দাদির কোলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙল আব্বুর ডাকে। চোখ খুলেই দেখলাম আব্বু এক গাল হাসি দিয়ে বলছে, ‘নিচে চল।’
আমি চোখ ডলতে ডলতে বললাম, ‘নিচে কেন?’
আব্বু বলল, ‘সেটা তো গেলেই বুঝতে পারবি’।
চোখে কোনোমতে পানি দিয়ে নিচে গিয়ে দেখি, গরু! পরে শুনলাম ভোর পাঁচটায় গরু কিনতে বের হয়েছিল আব্বু। ঈদের দিন গরু নিয়ে তবেই বাড়ি ফিরেছে।
সেদিন আমি এতটা আনন্দিত হয়েছিলাম যে সে দিনটাই ঈদের স্মৃতি হয়ে রইল। আহা, আমার সোনালি দিনগুলো।
টিভি দেখা ছাগল
আফজাল খান, যাত্রাবাড়ী, ঢাকা
গরু-ছাগলের সহাবস্থান অনেক দেখেছি। গ্রামে গেলেই তো দেখতাম, একই গোয়ালে গরু ও ছাগল শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কিন্তু আমাদের বাসায় অতিথি হিসেবে যে গরু-ছাগলকে আনা হলো, তাদের শত্রুতার কারণ অজানা।
২০১৫ সালে ঈদুল আজহার তিন দিন আগে হাট থেকে তাদের বাসায় আনা হয়েছিল। অপরিচিত জায়গায় এসে দুজনে কোথায় গল্প জুড়ে দেবে, আগের দিনের সুখ-দুঃখের কথা বলবে, তা-না করে দুজন গুঁতাগুঁতি শুরু করে দিল। মনে মনে বলি, গরু তো গরুই! আরে, তুই কেন ছাগলের সঙ্গে ক্ষমতা দেখাতে যাবি! আর ছাগলও কম যায় না, নিজের শক্তিমত্তা সম্পর্কে কী আত্মবিশ্বাস, গরুকে যায় ঢুঁস মারতে! একসঙ্গে রাখলেই যেহেতু মারামারি করে, সব সময় চোখে চোখে রাখাও সম্ভব নয়, তাই গরুকে বাড়ির সামনের খালি জায়গায় বেঁধে রাখা হলো। ছাগলের জায়গা হলো বারান্দায়। এতক্ষণ তো গুঁতাগুঁতি করে সময় কাটিয়েছে। বারান্দায় বেঁধে রাখার পর থেকেই ‘ম্যাঁ ম্যাঁ ম্যাঁ’ করে জুড়ে বাড়ি মাথায় তুলে ফেলল। ওর নিজস্ব সংগীত শুনে তৃতীয় শ্রেণিপড়ুয়া আমার ছোট বোনের মনে মায়ার উদ্রেক ঘটল। কাঁঠালপাতা খাইয়ে ছাগলের কান্না থামানোর চেষ্টা করে গেল। আচ্ছা ছাগল তো! কিছুতেই ম্যাঁ ম্যাঁ থামাচ্ছিল না। এরপর ছোট বোনটা ভাবল, ছাগলের গলার দড়ি খুলে দিলে বুঝি হাঁকডাক থামিয়ে দেবে।
গলার দড়ি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটল আরেক কাণ্ড। বারান্দা থেকে ছাগল ঘরে ঢুকে পড়ল। আমরা সবাই ঘরে বসে টিভি দেখছিলাম। ছাগলও দাঁড়িয়ে গেল টিভির সামনে। টিভি দেখায় মগ্ন হয়ে থেমে গেল ছাগলের ডাকাডাকি। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আরেকটি বিস্ময় উপহার দিল সে। একলাফে উঠে পড়ল আমাদের বিছানায়। বিছানায় আয়েশি ভঙ্গিতে বসে একদৃষ্টিতে টিভি দেখতে থাকল।
মায়ের সহ্যের সীমা এ পর্যায়ে অতিক্রম করল। বিছানা নোংরা হচ্ছে বলে আমার মা ভীষণ রেগে গেলেন। কিন্তু ছাগলের এই কাণ্ডতে আমার ছোট বোনের আনন্দ দেখে কিছু বলতেও পারছিলেন না তিনি। বিষয়টি আমি বুঝতে পেরে ছাগলকে বারান্দায় নিয়ে বেঁধে রাখলাম।
যেই না বারান্দায় নিয়ে যাওয়া হলো, জুড়ে দিল আগের মতো ডাকাডাকি। পরের তিন দিন বাধ্য হয়েই তাকে ঘরের মধ্যে রাখা হলো। ছেড়ে রাখা হলো টিভি। দিনভর মেঝেতে দাঁড়িয়ে টিভি দেখত থাকল সে!